প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ২১:১৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ২২:১১ পিএম
চোটের সঙ্গে লম্বা সময় ধরে লড়ছিলেন থিবো কোর্তোয়া। যে কারণে মৌসুমের
বেশিরভাগ সময় রিয়াল মাদ্রিদের সাইড বেঞ্চেই কাটিয়েছেন। সম্প্রতি চোট কাটিয়ে স্প্যানিশ
জায়ান্ট ক্লাবটির হয়ে তিনি খেলাও শুরু করেছেন। তবু জাতীয় দলে জায়গা হয়নি এই তারকা গোলরক্ষকের।
আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাকে ছাড়াই খেলবে পরাশক্তি বেলজিয়াম।
১৫ জুন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য মঙ্গলবার (২৮ মে) ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ ডমেনিকো তেদেসকো। যেখানে সবচেয়ে বড় চমক
গত বছরের মে মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা আক্সেল উইটসেলের নাম। ২০২২ বিশ্বকাপে
সবশেষ জাতীয় দলে খেলা এই ডিফেন্ডার দেশের জার্সিতে খেলেছেন ১৩০ ম্যাচ।
আসন্ন ইউরোতে ‘ই’ গ্রুপে
বেলজিয়ামের প্রতিপক্ষ ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে
ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে তারা। এরপর ২২ জুন রোমানিয়া এবং ২৬ জুন গ্রুপপর্বের
শেষ ম্যাচে কেভিন ডি ব্রুইনা-লুকাকুদের প্রতিপক্ষ ইউক্রেন।
বেলজিয়ামের ২৫ সদস্যের ইউরো স্কোয়াড :গোলকিপার- কোয়েন কাসতিলস, থমাস কামিনস্কি, ম্যাৎজ সেলস;ডিফেন্ডার- টিমোথি কাসতাগনে, ম্যাক্সিম ডি কুইপার, জেনো দেবাস্ত, ওট ফায়েস, থমাস মুনিয়ের, জ্যান ভারটংঘেন, আর্থার থিয়েতে, অ্যাক্সেল উইটসেল;মিডফিল্ডার- ইয়ানিক কারাসকো, কেভিন ডি ব্রুইনা, ওরেল মাংগালা, আমাদো ওনানা, ইউরি তিয়েলেমানস, আর্থার ভারমিরিন, অ্যাস্টার ভ্রানক্স;ফরোয়ার্ড- জোহান বাকায়োকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডকু, রোমেলু লুকাকু, দোদি লুকবাকিও, লুইস ওপেন্ডা, লিয়ান্দ্রো ট্রসার্ড।