প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ২০:৪৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ১৫:৫৫ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু মেজর লিগ ক্রিকেট। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের দ্বিতীয় মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খেলতে যাওয়ার আগেই সুখবর পেয়েছে এমএলসি। এই লিগকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে লিস্ট ‘এ’ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিলÑ আয়োজক দেশকে অবশ্যই টেস্ট খেলুড়ে দল হতে হবে। কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্টই পেত লিস্ট ‘এ’-এর মর্যাদা। যুক্তরাষ্ট্র যেহেতু টেস্ট খেলুড়ে দল নয়, সেহেতু লিস্ট এ মর্যাদা পাওয়ার সুযোগ ছিল না তাদের। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করেছে আইসিসি। শর্ত শিথিলের ফলে গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে লিস্ট ‘এ’ মর্যাদা দিয়েছে তারা। এবার আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে এমএলসিকেও একই মর্যাদা দিল আইসিসি।
এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘এ খবরে আমরা সত্যিই রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি।’