দ্য গ্রিন রেড স্টোরি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৬:৪৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৮:০২ পিএম
জাকের আলী অনিক— সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর কদিন আগে। হ্যাংজু এশিয়ান গেমসে খেলেছিলেন। তবে জাতীয় দলে অভিষেক হয় গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। বাংলাদেশের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন। অল্পসময়েই উইকেটের পেছনে গ্লাভস হাতে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনি। বিশ্বমঞ্চে নামার আগে দেখাচ্ছেন অনেক আশা, আশা রাখছেন নিজেও।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে গ্রিন রেড স্টোরিতে প্রকাশ করেছে জাকেরের সাক্ষাৎকার। বিশ্বকাপে দলের অর্জনের খাতা ভারি করার প্রত্যাশার কথা বলেছেন ২৬ বর্ষী কিপার ব্যাটার। প্রতিপক্ষ দলের সঙ্গে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বনের কথাও জানালেন।
জাকের বলেছেন, ‘অবশ্যই ইচ্ছা থাকবে, আগে যে অর্জনগুলো আমরা করতে পারিনি, এ বছর যেন আমরা এরকম কিছু অর্জন করতে পারি। আগে যা কখনও হয়নি। যখনই শুনলাম স্কোয়াডে আছি, তখন থেকে একের পর এক ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীরকম খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কীরকম কৌশল হওয়া উচিত, আমি ওই রকম চিন্তা-ভাবনা করে আগাচ্ছি।’
দেশের হয়ে খেলাটাকে সব সময় বড় দৃষ্টিভঙ্গিতে দেখা ডানহাতি ব্যাটার বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করতে মরিয়া। কীভাবে শুরু হয়েছিল ক্রিকেটের প্রতি ভালোবাসার পথচলা, হবিগঞ্জ থেকে উঠে আসা অনিক শুনিয়েছেন সেই গল্পও, ‘ক্রিকেটে আসার গল্পটা সব সময় বাংলাদেশের ক্রিকেট দেখেই এসেছে। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেটটা খুব ভালোভাবে অনুসরণ করি। তখন থেকেই আসলে ইচ্ছা ছিল যে, বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। বিশেষ করে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ (ওয়ানডে) বিশ্বকাপ যেটা, তখন থেকে ক্রিকেটটা ভালো করে বুঝি। তখন থেকেই আমার ক্রিকেটটার প্রতি ভালোবাসা।’