× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৪

চোখ বিএনপি-জামায়াতের ভোটে

আমানত উল্যাহ, কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৪:৩৭ পিএম

চোখ বিএনপি-জামায়াতের ভোটে

রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে লক্ষ্মীপুর-৪ আসন। বিএনপি অধ্যুষিত এই আসনে কেন্দ্রে ভোটার আনতেই মরিয়া প্রচারণায় থাকা তিন প্রার্থী। তাদের নজরও মূলত বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের ভোটের দিকে। কারণ প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার। ফলে নিজেদের ভোট ভাগাভাগি হবে। তাই নিজ দলের বাইরের ভোট টানতেই যত চেষ্টা আর কৌশল তাদের। 

লক্ষ্মীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের ফরিদুন্নাহার লাইলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার স্থলে ১৪ দলের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোশারফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি নৌকা প্রতীকে লড়ছেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ সোলায়মান একতারা, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম ট্রাক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল-মামুন ঈগল, মাহমুদা আক্তার তবলা ও আব্দুস সাত্তার রকেট প্রতীকে নির্বাচন করছেন। তবে মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মামুন ও ইস্কান্দার মির্জা শামীম ছাড়া বাকি তিনজনের প্রচার-প্রচারণা চোখে পড়ছে না। 

বিএনপি অধ্যুষিত এ আসনে কেন্দ্রে ভোটার আনতেই মরিয়া প্রচারণায় থাকা এ তিন প্রার্থী। তাদের নজরও মূলত বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের ভোটের দিকে। কারণ প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার। ফলে তাদের ভোট ভাগাভাগি হবে। তাই আওয়ামী বিরোধীদের ভোট যে প্রার্থী যত বেশি টানতে পারবে, তার পাল্লা ততই ভারি হবে। 

এ আসনে বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজামের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। এ ছাড়া চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে শক্তিশালী সাংগঠনিক অবস্থা ও ভোট ব্যাংক। কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের পরপর দুবারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ। তার কাছেও ছুটে যাচ্ছেন মাঠে থাকা এ তিন প্রার্থী। এ ছাড়া জামায়াতে ইসলামীর অধিকাংশ নেতা কারাবন্দি ও মামলা-হামলার ভয়ে পালিয়ে থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। তবে তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। 

আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন প্রার্থীই বিএনপি-জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কর্মীদের ভোটকেন্দ্রে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রকাশ্যে না থাকলেও তাদের মাধ্যমে পরিবারের লোকজনের সমর্থন আদায়ের চেষ্টায় আছেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মুফতি শরীফুল ইসলাম বলেন, ‘আমরা অবৈধ পাতানো এ নির্বাচন বর্জন করেছি। তবু প্রার্থীরা আমাদের সমর্থন আদায় করতে বারবার যোগাযোগ করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘মনোনয়ন দাখিলের পর থেকে কয়েকজন প্রার্থী আমার সঙ্গে দেখা করে সমর্থন চান। তাদের পরিষ্কার বলে দিয়েছি, কোনো অবস্থাতে অবৈধ এ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবে না।’

স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামীমের প্রধান সমন্বয়কারী আশ্রাফ উদ্দিন রাজু বলেন, ‘বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের দোয়া ও সমর্থন চেয়েছি। তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন।’ 

অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজাম ও চরমোনাই পীর সাহেবের দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তারা আমাকে বলেছেন এগিয়ে যেতে। আশা করি তাদের সমর্থন আমার ঈগল প্রতীকই পাবে।’

নৌকার প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘বিএনপি ও চরমোনাই পীর সাহেবের দল নির্বাচন বর্জন করেছে। একজন প্রার্থী হিসেবে তাদের সঙ্গে আমার কথা হতেই পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা