× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজ্য তেলের দামে উল্টো চিত্র

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১০ মিনিট আগে

ভোজ্য তেল। ছবি: সংগৃহীত

ভোজ্য তেল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে সয়াবিন তেলের দাম কমলেও উল্টো চিত্র দেশের বাজারে। গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল গত ৬ অক্টোবর। ওইদিন প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৫৪ ডলারে। এরপর আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমেছে দাম। টানা দাম কমে সর্বশেষ ২৫ নভেম্বর প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১ দশমিক ২৮ ডলারে। এ হিসাবে দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে কেজিতে দাম কমেছে প্রায় ২৬ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসেবে)। তবে এই সময়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমেনি, উল্টো সর্বশেষ গত ২৬ নভেম্বর কেজিতে ৩ টাকা দাম বাড়িয়েছে সরকার। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে সয়াবিন এবং পাম অয়েল মিলে ভোজ্য তেলের চাহিদা ২৩ থেকে ২৪ লাখ টন। যার প্রায় ৯০ শতাংশই আমদানি নির্ভর। আমদানি নির্ভর হওয়ায় বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়ে যায়, তখন দেশের বাজারেও বাড়ে এসব তেলের দাম। আবার যখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারেও দাম কমার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশের বাজারে পড়ে না। মাঝেমধ্যে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে যেই হারে কমে, দেশের বাজারে সেই হারে কমে না। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব পোর্টাল ‘বিজনেস ইনসাইডার’র তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল চলতি বছরের জুন মাসে। ওই মাসের ৩ জুন আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৭৪ ডলারে। এরপর কখনও দাম বাড়ে, আবার কখনও কমে। গত ৬ অক্টোবর বিশ্ববাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৫৪ ডলারে। এরপর ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমেছে। এই সময়ের মধ্যে একবারের জন্য ১ দশমিক ৫৪ ডলার হয়নি। সর্বশেষ ২৫ নভেম্বর বিশ্ববাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১ দশমিক ২৮ ডলারে। 

গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে আমদানি করা সয়াবিন তেলের মূল্য বিশ্লেষণ করেও দেখা গেছে একই চিত্র। এই ১০ মাসে আমদানি করা সয়াবিন তেলের দাম প্রতি কেজি ১ দশমিক ২৩ ডলারের বেশি ছিল না। 

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত গত ৯ মাসে দেশে ১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার কেজি ক্রুড সয়াবিন তেল আমদানি হয়। আমদানিকারক ঘোষিত প্রতি কেজির আমদানি মূল্য ছিল ১ দশমিক ১৬ ডলার থেকে সর্বোচ্চ ১ দশমিক ২৩ ডলার। আর গড় মূল্য ছিল ১ দশমিক ১৮ ডলার। 

দেশে গত দুই মাসে দাম একবারের জন্য কমেনি। উল্টো সর্বশেষ ২৬ নভেম্বর লিটারে ৩ টাকা দাম বাড়িয়েছে সরকার। শুধু গত দুই মাস নয়, চলতি বছর দেশের বাজারে দাম কমার পরিবর্তে তিন দফায় ১২ টাকা বেড়েছে। চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এর পর ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। 

আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে, তখন দেশের বাজারে দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। 

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়লেই ব্যবসায়ীরা দেশের বাজারে দাম বাড়িয়ে দেন। কিন্তু বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমার পরও সরকার কেন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলÑ এটা আমাদের বুঝে আসে না। তিনি আরও বলেন, নিত্যপণ্যের অসহনীয় দাম বৃদ্ধি নিয়ে যেখানে সীমিত আয়ের মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে, সে সময়ে সয়াবিন তেলের দাম বাড়ানো কিছুতেই কাম্য না। এতে জনবিক্ষোভ দানা বাঁধতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা