ঢাকা বিশ্ববিদ্যালয়
মাহরিব বিন মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৫ মিনিট আগে
কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কোনো বিভাগে ছয়টি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ মাত্র দুটি, কোথাও একটি কক্ষেই চলে একাধিক বর্ষের পাঠদান। নির্ধারিত সময়ে ক্লাস নিতে প্রতিদিনই খালি কক্ষের খোঁজে ভবনের বিভিন্ন তলায় ঘুরতে হচ্ছে শ্রেণি প্রতিনিধিদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে দীর্ঘদিনের এই শ্রেণিকক্ষ-সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম; পর্যাপ্ত কক্ষের অভাবে শিক্ষকদেরও ভাগাভাগি করে বসতে হচ্ছে। অন্য অনুষদের কয়েকটি বিভাগ এখনও কলাভবনে থাকায় এ চাপ আরও বেড়েছে। তবে পুরনো কক্ষ উদ্ধার ও নতুন জায়গা বরাদ্দের মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলাভবনে মোট ৫৭টি কক্ষ রয়েছে। এর মধ্যে ১৭টি বিভাগের জন্য বরাদ্দ ৪২টি; অধিকাংশ বিভাগ পেয়েছে মাত্র দুটি করে শ্রেণিকক্ষ। বাকি ১৫টি কক্ষ ডিন কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকে, যা প্রয়োজন অনুযায়ী বিভাগগুলো যৌথভাবে ব্যবহার করে। সীমিত এ কক্ষে একাধিক ব্যাচের ক্লাস চালাতে নিয়মিতই সময় ও কক্ষ সমন্বয়ে হিমশিম খেতে হচ্ছে।
একাধিক ব্যাচ, শ্রেণিকক্ষ মাত্র দুটি
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলা বিভাগে ছয়টি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ মাত্র দুটি। এক ব্যাচের ক্লাস শেষে পরেরটির জন্য প্রায়ই খালি কক্ষ খুঁজতে হয় কিংবা অন্য বিভাগের ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে। ইতিহাস বিভাগে প্রায় ১১০ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্লাস করতে হয়; কিন্তু বিভাগের তিনটি কক্ষের একটি ছোট হওয়ায় সবার বসার জায়গা হয় না। উর্দু, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের জন্য রয়েছে একটি করে কক্ষ। মনোবিজ্ঞান বিভাগেও শ্রেণিকক্ষ ও ল্যাবরুমের অভাব প্রকট।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে পাঁচটি সেশনের জন্য শ্রেণিকক্ষ দুটি। এ বিভাগের শিক্ষার্থী মাইশাত শারমিন ঐশী বলেন, অন্য ব্যাচের পরীক্ষা চলাকালে প্রায়ই কম্পিউটার ল্যাবে ক্লাস করতে হয়। একই সময় একাধিক ব্যাচের ক্লাস থাকলে কোনো একটি বাতিলও হয়। কক্ষ দুটি ছোট হওয়ায় সব শিক্ষার্থী একসঙ্গে বসতে পারেন না। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহবুবা স্বর্ণা জানান, তাদের দুটি কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় অনার্সের ক্লাস করা কঠিন। মাস্টার্সের তিনটি গ্রুপের দুটি কক্ষ পেলেও আরেকটি গ্রুপকে খালি কক্ষ খুঁজে বেড়াতে হয়; কখনও চলমান ক্লাসের মাঝেই কক্ষ বদলাতে হয়।
শিক্ষকদেরও কক্ষ-সংকট
শ্রেণিকক্ষের পাশাপাশি শিক্ষকদের জন্য পর্যাপ্ত কক্ষের অভাব রয়েছে। প্রত্যেক শিক্ষককে আলাদা কক্ষ দিতে না পারায় একই কক্ষে দুই থেকে তিনজনকে বসতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক আলোচনা, পরামর্শ, গবেষণা ও স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্সেস, নৃবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও স্বাস্থ্য অর্থনীতি এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি ও এডুকেশনাল সাইকোলজি বিভাগ নতুন ভবনে স্থানান্তর না হয়ে এখনো কলাভবনে রয়েছে। এ ছাড়া সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, ডেভেলপমেন্ট স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের কক্ষও এখানে। ফলে নিজস্ব বিভাগ ও শিক্ষকদের কক্ষ বরাদ্দে বাড়তি চাপে পড়ছে কলা অনুষদ।
সমন্বয়ে সংকট কমার আশা ডিনের
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আবুল কালাম সরকার বলেছেন, কলাভবনে শ্রেণিকক্ষ-সংকট সত্য; তবে সময়সূচি সমন্বয় করলে তা অনেকটাই কমানো সম্ভব। অধিকাংশ শিক্ষক সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ক্লাস নিতে চান বলে এ সময়ে চাপ বেশি থাকে, অথচ সকাল ও দুপুরের পর অধিকাংশ কক্ষ ফাঁকা থাকে। ২৩ বছর ধরে নিজে সকাল ৮টায় ক্লাস নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, অন্য অনুষদের বিভাগ ও শিক্ষকরা নিজস্ব ভবনে চলে গেলে সংকট অনেকটাই কমে আসবে।
সমাধানে কঠোর অবস্থানে প্রশাসন
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কলা ও বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের শ্রেণিকক্ষ-সংকট দীর্ঘদিনের এবং তাদের দাবি যৌক্তিক। ২১ তলা নতুন ভবন নির্মাণের সময় আগের প্রশাসন এসব বিভাগের জন্য জায়গা রাখেনি। বর্তমান প্রশাসন বিকল্প হিসেবে মোকাররম ভবনে জায়গা দেওয়ার প্রস্তাব করলেও বিভাগগুলো তাতে রাজি হয়নি। বর্তমানে একাডেমিক উন্নয়ন পরিকল্পনার আওতায় নতুন জায়গা বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
উপ-উপাচার্য আরও বলেন, নতুন ভবনে স্থানান্তরের পরও যেসব বিভাগ পুরনো কক্ষ ছাড়েনি, তাদের সেগুলো ছেড়ে দিতে হবে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডিকে নির্দেশনা দেওয়া হয়েছে; প্রয়োজনে তালাবদ্ধ কক্ষ খুলে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নিয়ে সংকটে থাকা বিভাগগুলোকে বরাদ্দ দেওয়া হবে। পাঠদান যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।