× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্প ধ্বংসের নেপথ্যে কারা

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২২ মিনিট আগে

পোশাক শিল্প ধ্বংসের নেপথ্যে কারা

বাংলাদেশের পোশাক কারখানায় যখন শ্রমিক অসন্তোষে উৎপাদন থমকে যাচ্ছে, তখন সেই বাজারের ক্রয়াদেশের বড় অংশ যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। শুধু ভারত নয়, বাংলাদেশের ক্রেতাদের টানছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও।

প্রশ্ন উঠেছে, বাংলাদেশের কারখানায় অস্থিরতা কি প্রতিযোগী দেশগুলোর জন্য বাজার দখলের সুযোগ তৈরি করছে? আর এই ক্রয়াদেশ স্থানান্তরের নেপথ্যে কারা?

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনেই জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ। ১৮ দিনে বাংলাদেশের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে চলে গেছে। এর সবচেয়ে বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার কারখানাতেও ক্রয়াদেশ বাড়িয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। তবে ভারত এককভাবে কত টাকার ক্রয়াদেশ পেয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি।

এই পরিস্থিতিতে ক্রয়াদেশ স্থানান্তরের প্রক্রিয়া এবং এর পেছনের কারণ নিয়ে অনুসন্ধান শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার আমজাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিদেশি ক্রেতাদের পণ্য কোথায় তৈরি হবে, সেই সিদ্ধান্ত মূলত তাদের মার্চেন্ডাইজাররা নিয়ে থাকেন। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি পুলিশও পর্যবেক্ষণ করছে। এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের চেষ্টা চলছে। অনুসন্ধানে পাওয়া তথ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

তিনি জানান, দেশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত বিদেশি নাগরিকদের একটি তালিকা রয়েছে পুলিশের কাছে। কোন কারখানায় কোন দেশের নাগরিক কাজ করছেন, তা যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিদেশি কর্মীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়।


ভারত কেন পাচ্ছে বাংলাদেশের ক্রয়াদেশ : বাংলাদেশের ক্রয়াদেশের বড় অংশ ভারত কেন পাচ্ছে, তার পেছনে উৎপাদন সক্ষমতার পাশাপাশি পণ্য সরবরাহের সময়ও বড় কারণ। পোশাক শিল্পের উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, ভারতের কারখানাগুলো বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারছে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার কারখানাগুলোও ১৫ দিনের কম সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা দেখাচ্ছে।

অন্যদিকে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশের অনেক কারখানা প্রায় ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। এতে জমে গেছে আগের ক্রয়াদেশের কাজ। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কারখানাগুলোকে অতিরিক্ত সময় কাজ করানো কিংবা ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর মতো বিকল্প ভাবতে হচ্ছে।

আন্তর্জাতিক পোশাক ক্রেতারা সাধারণত নির্ধারিত সময়ে পণ্য হাতে পাওয়াকে অগ্রাধিকার দেন। কোনো দেশে উৎপাদন ব্যাহত হলে তারা বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজতে শুরু করেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সুযোগ কাজে লাগাচ্ছে প্রতিযোগী দেশগুলো।


বিদেশি কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন : পোশাক শিল্পে বিদেশি পেশাজীবীদের উপস্থিতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বড় কারখানাগুলোর ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং ও কারিগরি বিভাগে ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিক কাজ করছেন।

গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের (এসিডি) ২০২০ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রায় ২ হাজার ২০০ বিদেশি পেশাজীবী কাজ করছিলেন বলে অনুমান করা হয়। ১৬০টি পোশাক কারখানার ওপর পরিচালিত এই জরিপে দেখা যায়, বিদেশি কর্মীদের বড় অংশ ব্যবস্থাপনা ও কারিগরি কাজে নিয়োজিত।

২০২১ সালের মার্চে প্রকাশিত ‘এ সার্ভে রিপোর্ট অন দ্য গার্মেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ ২০২০’ শীর্ষক গবেষণায় বলা হয়, জরিপে অংশ নেওয়া কারখানার ১৫ দশমিক ৬ শতাংশে বিদেশি কর্মী ছিলেন। তৈরি পোশাকের কারখানায় এ হার ২৪ দশমিক ৩ শতাংশ। নিট পোশাকের কারখানায় ১২ দশমিক ২ শতাংশ এবং সোয়েটার কারখানায় ৩ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে ২০১৯ সালে বিজিএমইএর এক জরিপে ৫২টি কারখানায় ১৭৭ জন বিদেশি কর্মীর তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ ছিলেন ভারতীয়, ২৫ দশমিক ৪ শতাংশ শ্রীলঙ্কান ও ১৩ শতাংশ চীনা নাগরিক।

মার্চেন্ডাইজিং, উৎপাদন পরিকল্পনা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও কারিগরি ব্যবস্থাপনায় বিদেশি পেশাজীবীরা কাজ করেন। এসব দায়িত্বের সঙ্গে ক্রেতাদের যোগাযোগ ও ক্রয়াদেশ ব্যবস্থাপনাও যুক্ত। এ পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের পেছনে কোনো পক্ষের পরিকল্পিত ভূমিকা ছিল কি না, কিংবা অস্থিরতার সুযোগ নিয়ে প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের বাজার দখলের চেষ্টা করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 


বাংলাদেশের বাজারে ভাগ বসাচ্ছে প্রতিযোগীরা : বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক শিল্প থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ মানুষের কর্মসংস্থানও এ শিল্পের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কম উৎপাদন ব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

কিন্তু বর্তমানে মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, কাঁচামালের দাম ও রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি উৎপাদন ও সরবরাহের ঝুঁকিও বাড়ছে। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের দাম কমানোর চাপ দিচ্ছেন। নতুন করে মজুরি বাড়ায় উদ্যোক্তাদের ব্যয়ের চাপ আরও বেড়েছে।

আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। কেউ ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, কেউ স্থগিত করেছেন, আবার কেউ বাতিল করেছেন। ক্রেতারা এরই মধ্যে বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর কিছু বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হয়েছে, যা বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে। তবে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এতে ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, শ্রীলঙ্কায় শ্রমিক অসন্তোষের পর সেখানকার কিছু পোশাকের ব্যবসা বাংলাদেশে এসেছিল। এখন বাংলাদেশের ক্রয়াদেশও অন্য দেশে চলে যাচ্ছে। ক্রেতারা নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা চান।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানও বলেছেন, শ্রমিক অসন্তোষের কারণে সময়মতো পণ্য পাঠানো সম্ভব না হওয়ায় কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এ ক্ষেত্রে ক্রেতাদের দোষারোপ না করে কারখানাগুলোর সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা