× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুর কারণে বন্ধুত্ব নষ্ট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

বন্ধুর কারণে বন্ধুত্ব নষ্ট

দীর্ঘ ১৬ বছর ভারত সম্পর্ক রেখেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার সংগঠনের সঙ্গে। এই সম্পর্কের নৈকট্যের প্রকাশ ঘটে বাংলাদেশে অনুষ্ঠিত ভোটারবিহীন গত তিনটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ভারতের সরাসরি অবস্থান ও সমর্থন নেওয়ার মধ্য দিয়ে।

কংগ্রেস কিংবা বিজেপিÑ উভয় দলের কাছেই শেখ হাসিনা ‘বিশ্বস্ত বন্ধু’। তাই ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ভারত তাদের এই বন্ধুকে এখনও নিরাপদ আশ্রয়ে রেখেছে। তিনি ‘ডিসেম্বরে ফিরব’ বলে ঘোষণাও দিচ্ছেন সেখানে বসে।

এই ঘোষণাকে কেন্দ্র করে এখন দেশে চলছে জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতা। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন নষ্ট হচ্ছে ভারতের প্রিয় বন্ধুর কারণে। ভারতবিরোধী স্রোত দিন দিন এ দেশে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

ভারত এই বন্ধুত্বের কথিত বন্ধুত্বের কথা জানাতে কখনোই দ্বিধা করেনি বা এখনও করছে না। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ২০২৪ সালের ১২ অক্টোবর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শেখ হাসিনা ভারতের একজন বন্ধুভাবাপন্ন ব্যক্তি এবং তার পক্ষে ভারতের একটি নৈতিক অবস্থান নেওয়া উচিত।’ গত ২০২৪ সালের ৭ আগস্ট ইন্ডিয়ান টুডেতে এক সাক্ষাৎকারে বাংলাদেশে ভারতের আরেক সাবেক হাইকমিশনার বীনা সিক্রি বলেছিলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ সব সময়ই ভারতের বন্ধু ছিল। ভারত তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।’ চব্বিশের আন্দোলনের পর এই দুই কূটনীতিকের বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয় যে শেখ হাসিনা ভারতের প্রকৃত বন্ধু।

এ প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ বা রাজনৈতিক দলই প্রতিবেশী ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত যথাযথভাবে মূল্যায়ন করবে, এটাই প্রত্যাশা।’ তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ঘাটতি ও মতপার্থক্য দেখা দিলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। বর্তমানে হয়তো সে ধরনের পরিস্থিতিই বিরাজ করছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা জরুরি।’ তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে।’ কোনো একজন ব্যক্তির কারণে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে উভয় দেশকে সচেতন থাকার পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। 

এ বিষয়ে ‘সুজন’ সম্পাদক ড. বদিউল মজুমদার বলেন, ‘বাংলাদেশ ও ভারত পরস্পরের প্রতিবেশী রাষ্ট্র। ভৌগোলিক ও প্রাকৃতিক কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে উভয় দেশই লাভবান হবে। কিন্তু নানা কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে, যা কোনোভাবেই দুই দেশের জন্য কল্যাণকর নয়। প্রতিবেশী দেশকে ভিক্ষুকে পরিণত করার চেষ্টা কখনোই ইতিবাচক হতে পারে না।’ তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে ভারত আয়তন, অর্থনীতি ও শক্তির দিক থেকে বড় এবং সম্ভাব্য সুপারপাওয়ার। তাই সম্পর্ক উন্নয়নে ভারতকেই এগিয়ে আসতে হবে। আপাতত শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে, তা সাময়িক। এই পরিস্থিতির মধ্যেও দুই দেশের উচিত পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগী হওয়া।’


এক ইস্যুতে আটকে রাখা যাবে না সম্পর্ক : কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় সম্পর্ক, জনগণের সঙ্গে যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অক্ষুণ্ন রাখা প্রয়োজন। বাংলাদেশের সব রাজনৈতিক শক্তি ও জনগণের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দায়িত্বও ভারতের রয়েছে। বর্তমান টানাপড়েনের মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বন্দি প্রত্যর্পণ ইস্যুতে মতপার্থক্য থাকলেও সেটিকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার পথ বন্ধ রাখা ঠিক নয়।

এদিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, তিস্তার পানিবণ্টন এবং ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, পুশইন প্রতিরোধ, পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ এবং দুই দেশের ভূখণ্ড ব্যবহার করে একে অপরের নিরাপত্তার বিরুদ্ধে তৎপরতা বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিশ্লেষকদের মতে, বন্দি প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও দাবি অব্যাহত রেখেই অন্যান্য অমীমাংসিত বিষয়ে আলোচনার পথ খোলা রাখতে হবে। কারণ দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি কোনো একটি বা দুটি রাজনৈতিক ইস্যুর চেয়ে অনেক বিস্তৃত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-দিল্লি সম্পর্কের বর্তমান সংকট দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে তা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল হতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান, ন্যায্যতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই হতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের স্থায়ী ভিত্তি। একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব যেন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্টের কারণ না হয়, সে বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা