আসাদ জামান
প্রকাশ : ৪৮ মিনিট আগে
আপডেট : ৪৬ মিনিট আগে
ছবি: সংগৃহীত
বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ— এই পাঁচ জেলার ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই এখন বিএনপির সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এসব আসনের প্রায় সব এমপি নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সভা-সমাবেশ করেছেন। ব্যতিক্রম কেবল গোপালগঞ্জ। জেলার তিনটি আসনের নির্বাচিত সংসদ সদস্যদের কেউই এখন পর্যন্ত নিজ এলাকায় যেতে পারেননি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এলাকায় যাচ্ছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর ২২ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে শামা ওবায়েদ সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ ২২ নভেম্বর ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় (বৈরাগী স্কুল) ও ২৩ নভেম্বর ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নেন। এসব অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম ২৪ নভেম্বর নিজের নির্বাচনী এলাকা ভাঙ্গা পৌরসভায় বিক্ষোভ মিছিলে অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে স্থানীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
মাদারীপুর-২ আসনের এমপি মো. জাহান্দার আলী মিয়া ২২ নভেম্বর মাদারীপুর শহরে বিক্ষোভ মিছিল করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দল এ মিছিলের আয়োজন করে। পরদিন ২৩ নভেম্বর মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আরেকটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
মাদারীপুর-৩ আসনের এমপি আনিছুর রহমান ২১ নভেম্বর মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন। সেখানে তিনি আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। একই দিন মাদারীপুরের ডাসার উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে ইজিবাইক ও অটোভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকেও তিনি সব ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদের নেতৃত্বে ১৯ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টানা ৭২ ঘণ্টার সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর শরীয়তপুর-২ আসনের এমপি মো. সফিকুর রহমান কিরণ ১৯ নভেম্বর শরীয়তপুর শহরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন।
এ ছাড়া শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, রাজবাড়ী-১ আসনের এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদ প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন।
তবে ১৯ নভেম্বরের পর থেকে গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের ডা. কেএম বাবর (২১৬) ও গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি। এই তিন জনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।
এসএম জিলানী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আপাতত নির্বাচনী এলাকায় না গিয়ে আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। অতীতে আমার ওপর একাধিক হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এ পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি অবশ্যই এলাকায় যাব এবং প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে দেখা করব। বর্তমানে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, জুম ও ভিডিওকলের মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এদিন মো. সেলিমুজ্জামানের কাশিয়ানীর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ডা. কেএম বাবরের বাড়ি ও তার মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালেও হামলা ও অগ্নিসংযোগ ঘটে। এর আগে ১৭ নভেম্বর রাতে এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ১৯ নভেম্বর তার বাড়িতে আরেক দফা হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে বিজিবি, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।