হাসান ইমন
প্রকাশ : ১০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
সরকারের রাজনৈতিক সংলাপ ও পারস্পারিক সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানালেও রাজপথের কর্মসূচি থেকে সরে আসবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনৈতিক চাপের মধ্যেও রাখতে চায় দলটি। তাই একদিকে সরকারের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে; অন্যদিকে দেশজুড়ে ধারাবাহিক সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও অব্যাহত রেখেছে।
দলটির নেতারা বলছেন, জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতার সুযোগ রয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই। তাই সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি ধারাবাহিক হিসেবে পালন করা হবে। ৪০ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে গত ২১ নভেম্বর থেকে। এর অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে। গত ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। আজ ২৬ নভেম্বর জেলা সদরে এবং আগামী ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত। দলটির নেতারা মনে করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন। তবে সংলাপে জামায়াত এককভাবে অংশ নেবে, নাকি ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠানো হবে, তা নিয়ে রাজনৈতিক হিসাবনিকাশ চলছে। এ ক্ষেত্রে জামায়াতের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ১১-দলীয় ঐক্যের শরিকদের মতামতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জামায়াতের রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবি। দলটির মতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তন ঘটাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সমঝোতা জরুরি।
ডিসেম্বর মাসেও বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে জামায়াতের। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রয়েছে দেশজুড়ে বিজয় র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত রাজপথে ধারাবাহিক উপস্থিতি বজায় রাখতে চায় দলটি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারকে সহযোগিতা করার জন্য নয়, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। এ লক্ষ্যে সারা দেশে আমাদের ৪০ দিনের কর্মসূচি অব্যাহত হয়েছে।’
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংলাপের উদ্যোগ নেওয়া সরকারের জন্য ইতিবাচক। আমরাও চাই সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিক। তবে জুলাই সনদ বাস্তবায়ন করলে দেশ ও জনগণের সুবিধা হবে। সরকার সংলাপের জন্য আমন্ত্রণ জানালে জামায়াতে ইসলামী অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমন্ত্রণের ধরন অনুযায়ী দলটি এককভাবে, নাকি ১১-দলীয় ঐক্যের শরিকদের নিয়ে বৈঠকে অংশ নেবে, তা নির্ধারণ করা হবে।’
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা জনগণের স্বার্থে কর্মসূচি দিয়েছি। সরকারকে সহযোগিতার উদ্দেশ্যে নয়। সরকার চাইলে সংলাপে অংশ নিব, তবে তাও জনগণের স্বার্থে।’