মাথায় মোরগের পালকের তুরা, পায়ে ঘুঙুর, শরীরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবের পোশাক। কাঁধে ঢোল ঝুলিয়ে লালমাটির মেঠোপথে হেঁটে চলেন কবিরাজ সরেন (৩৬)। ঘুঙুরের ঝুমঝুম শব্দে তার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। মাটির নকশা করা ঘর থেকে বেরিয়ে আসে শিশু-কিশোররা। ঢোলে কাঠির আঘাত পড়তেই তালে তালে নাচে তারা। কবিরাজ সরেনের হাতে তৈরি ঢোলের ছন্দে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নাচে যোগ দেন নানা বয়সী মানুষ।
এভাবেই উৎসবে আনন্দ ছড়ান কবিরাজ সরেন ও তার দল। এক যুগেরও বেশি সময় ধরে তারা সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ঢোল বাজিয়ে আসছেন। বংশপরম্পরায় পাওয়া এই পেশার মধ্য দিয়ে ধরে রেখেছেন পারিবারিক জীবিকা ও জাতিগত ঐতিহ্য।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত পাটগ্রাম গ্রামের বাসিন্দা কবিরাজ সরেন। তার বাবা গেটা সরেনসহ পূর্বপুরুষরা ব্রিটিশ আমল থেকে বিয়ে, অতিথি বরণ ও বিভিন্ন সামাজিক আয়োজনে ঢোল বাজিয়ে আসছেন।
কবিরাজ সরেনের দলে রয়েছেন একই গ্রামের রবিন সরেন (৪৬), দেওয়ান সরেন (৪০) ও রওশন মূর্মু (৩৭)। কবিরাজ, রবিন ও দেওয়ান ঢোল বাজান। রওশন বাজান কাঁসর। তাদের বাদ্যযন্ত্রের ছন্দে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবের আয়োজন।
প্রতি বছর কবিরাজ সরেনের দল ২০ থেকে ২৬টি বিয়ের অনুষ্ঠানে ঢোল বাজানোর আমন্ত্রণ পান। প্রতিটি বিয়েতে দিন-রাত মিলিয়ে তিন দিন বিভিন্ন সময়ে তাদের বাদ্য বাজাতে হয়। রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার প্রায় প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাড়ায় তারা বিয়ের অনুষ্ঠানে ঢোল বাজিয়েছেন। প্রতিটি বিয়েতে পারিশ্রমিক পান ১৬ থেকে ১৮ হাজার টাকা। এ আয়েই তাদের জীবন-জীবিকা চলে। পরিবারের নারীরাও কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসারে অর্থের জোগান দেন।
কবিরাজ সরেন বলেন, আমার বাবা, দাদাসহ তাদের পূর্বপুরুষরা বিভিন্ন উৎসবে ঢোল বাজিয়ে আসছেন। ছোটবেলায় বাবার সঙ্গে অনুষ্ঠানে যেতে যেতে আমিও এ পেশায় যুক্ত হয়েছি। ভিন্ন ধরনের সাজে নেচে নেচে ঢোল বাজাতে বেশ ভালো লাগে। মানুষও আমাদের ঢোল বাজানো উপভোগ করে। এ পেশায় থেকেই বাকি জীবন কাটাতে চাই।
নিজেদের বাদ্যযন্ত্র তৈরির অভিজ্ঞতা তুলে ধরে রবিন সরেন বলেন, ঢোলগুলো আমরা নিজেরাই তৈরি করি। গাছের গুঁড়ি বাটালি দিয়ে ফাঁপা করে দুই পাশে চামড়া লাগিয়ে ঢোল বানাই। এ কাজে এক মাসের বেশি সময় লাগে। নিজেরা তৈরি করি বলে আমাদের ঢোলের শব্দ অন্যগুলোর চেয়ে কিছুটা ভিন্ন।
দেওয়ান সরেন বলেন, আমরা অনেক কষ্টে জীবনযাপন করি। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া ও চাকরির জন্য সরকার এগিয়ে এলে আমরা সামনে এগোতে পারব। সরকার বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় সহযোগিতা করে। আমরাও ঐতিহ্য ধরে রাখার পেশায় যুক্ত। তাই এ ক্ষেত্রে সরকারের নজর দেওয়া উচিত।