প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। ছবি: সংগৃহীত
কোম্পানি হিসেবে নিবন্ধন আছে, হাসপাতাল পরিচালনার ট্রেড লাইসেন্সও আছে। কিন্তু মেডিকেল কলেজ পরিচালনার চূড়ান্ত অনুমোদন নেই। অথচ সাইনবোর্ড, প্রতিষ্ঠানের নাম ও প্রচারে জোরেশোরে ব্যবহার করা হচ্ছে ‘মেডিকেল কলেজ’ পরিচয়। দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা। অথচ কোন কর্তৃপক্ষের অনুমোদনে মেডিকেল কলেজ পরিচয় ব্যবহৃত হচ্ছে, তার সুনির্দিষ্ট জবাব নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই উত্তরহীনতা থাকার পরও পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জের ‘প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল’।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) বলছে, তারা শুধু কোম্পানির নিবন্ধন দেয়; সিটি করপোরেশন দিয়েছে হাসপাতালের ট্রেড লাইসেন্স; আর স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা করতে হলে অনুমোদন নিতে হবে স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে। বিপরীতে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের দাবি, এ কলেজ অ্যান্ড হাসপাতালের অনুমোদন আছেÑ যদিও দেখাতে পারেননি কোনো আদেশ বা নথি।
স্বজনদের অভিযোগ, হাসপাতালটিতে প্রায়ই শিশুমৃত্যু এবং ভুল চিকিৎসা চলছে। আইসিইউ-এনআইসিইউতে রোগী রেখে লাখ লাখ টাকা বিল আদায়ের অভিযোগও রয়েছে। প্রশ্ন উঠেছে, মেডিকেল কলেজ পরিচালনার অনুমোদনই যেখানে নেই, সেখানে এই পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার দায় নেবে কোন কর্তৃপক্ষ।
কোম্পানির সনদে কলেজের পরিচয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এ হাসপাতালটির অবস্থান। ভবনের সামনে বড় সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা ‘প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’। কর্তৃপক্ষের দাবি, তাদের মূল কোম্পানির নিবন্ধিত নামও ‘প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড’। সে কারণেই কোম্পানির নিবন্ধন ও লাইসেন্সে এই নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু কোম্পানির নামে ‘মেডিকেল কলেজ’ যুক্ত থাকলেই কলেজ স্থাপন বা পরিচালনার অনুমোদন মেলে কি না, সে প্রশ্নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যে স্পষ্ট হয়েছেÑ কোম্পানির নিবন্ধন আর মেডিকেল কলেজের অনুমোদন এক বিষয় নয়।
আরজেএসসির অতিরিক্ত নিবন্ধক (যুগ্মসচিব) মো. নূর-ই-আলম বলেন, ‘জয়েন্ট স্টক কোম্পানি যখন হয়, তখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়। সেই জয়েন্ট স্টক কোম্পানির অবজেক্টিভ যেগুলো আছে, সে ধরনের ব্যবসা তারা করতে পারবে। তবে তাদের কোনো সংস্থার মাধ্যমে ওই ব্যবসা করতে হলে সংশ্লিষ্ট সংস্থার লাইসেন্স নিতে হবে। যেমন মিডিয়া করতে হলে তথ্য মন্ত্রণালয় বা বিটিআরসির লাইসেন্স লাগে। প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন আছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটি সিটি করপোরেশন থেকে হাসপাতালের ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে মেডিকেল কলেজ পরিচয় ব্যবহারের অনুমোদনের বিষয়ে আমি স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দিয়েছিলাম।’
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলামও স্পষ্ট করেন, হাসপাতাল পরিচালনা ও মেডিকেল কলেজের অনুমোদন পৃথক বিষয়। প্রতিষ্ঠানের নাম নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেল কলেজ নিয়ে সমস্যা নাই... ওই নামে তো রেজিস্ট্রেশন হইছে।’ তবে চিকিৎসাসেবার মানের প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। অভিযোগের কাগজপত্র পেলে তিনি তদন্তের আশ্বাসও দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অধিশাখার যুগ্ম সচিব মো. ইসরাইল হোসেন বলেন, ‘আরজেএসসির নিবন্ধনের ভিত্তিতে মেডিকেল কলেজ স্থাপন বা পরিচালনার সুযোগ রয়েছেÑ এমন কোনো আইন বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। তবে বিষয়টি আমার দপ্তরের কাজের আওতাভুক্তও নয়।’
অনুমোদন আছে, নথি কোথায়
সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যে মেডিকেল কলেজ পরিচালনার চূড়ান্ত অনুমোদনের বিষয়টি স্পষ্ট না হলেও নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের দাবি, প্রতিষ্ঠানটির অনুমোদন রয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আছে।’ কিন্তু কোন কর্তৃপক্ষের আদেশে, কত তারিখে এবং কী শর্তে অনুমোদন দেওয়া হয়েছেÑ এমন কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। দেখাতে পারেননি অনুমোদনের কোনো নথিও।
অন্যদিকে প্রো-অ্যাকটিভের কর্মকর্তারাই প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে মেডিকেল কলেজ পরিচালনার চূড়ান্ত অনুমোদন পাননি তারা। তাদের দাবি, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা থেকেই ১২৬ শতাংশ জমি কেনা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে চিকিৎসাসেবা চালু করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করে মেডিকেল কলেজের নামে অনুমোদন দিয়েছিল বলেও দাবি তাদের। কিন্তু স্বাস্থ্য শিক্ষা বিভাগে আবেদন করার পর কিছু শর্ত দেওয়া হয়েছে এবং সেগুলো পূরণ করে পুনরায় আবেদন করতে বলা হয়েছে।
শিশুমৃত্যু, লাখ টাকার বিলের অভিযোগ
অনুমোদনের এই অসঙ্গতির পাশাপাশি হাসপাতালটির চিকিৎসাসেবা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। সম্প্রতি মারুফা, আয়েশা, দুই মাস বয়সী রাইজান এবং মদনগঞ্জের দিদার-মিতালি দম্পতির শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। আইসিইউ-এনআইসিইউতে রোগী রেখে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগও তাদের। এসব অভিযোগের প্রতিবাদে গত ২৭ অক্টোবর হাসপাতালের সামনে এবং পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী অভিভাবকরা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট শিশুদের চিকিৎসায় পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করেছে। গণমাধ্যমে অভিযোগ প্রকাশের পর সিভিল সার্জন কার্যালয় থেকে চিঠি দেওয়া হলে তারা লিখিত জবাবও দিয়েছেন।
সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শিশুমৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে অভিযোগকারীরা পরে আর যোগাযোগ করেননি।’