× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে সাঁড়াশি অভিযান

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৫ মিনিট আগে

গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিজিবির সতর্ক অবস্থান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিজিবির সতর্ক অবস্থান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে সারা দেশে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে সাঁড়াশি অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত, গ্রেপ্তার এবং নাশকতার আগেই তা প্রতিরোধের কৌশল নিয়ে মাঠে নেমেছে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও আনসার। ডিসেম্বর সামনে রেখে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, রেলপথ ও জ্বালানি পাম্পের নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। রাজধানীতে গত সাত দিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১৯ জন। অন্যদিকে, গোপালগঞ্জসহ ছয় জেলায় মোতায়েন করা হয়েছে ১১৩ প্লাটুন বিজিবি। আনসার ব্যাটালিয়নের সদস্যরাও দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ ৯ জেলায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, নাশকতা প্রতিরোধে কয়েক স্তরের নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে। প্রথমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এরপর সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ব্লক রেইডের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডিসেম্বর মাসে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার আশঙ্কায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ছুটি সীমিত করা হয়েছে। ইতোমধ্যে ছুটিতে থাকা কর্মকর্তাদেরও ডিসেম্বরের ১ তারিখের আগে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআরবির প্রধান ফারুক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সারা দেশে অভিযান পরিচালনা করছি। এসআরবি নাশকতা প্রতিরোধে অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে।’ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশ সব ধরনের নাশকতা প্রতিরোধে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে। 

নাশকতা প্রতিরোধে রাজধানীতে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩ হাজার ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১৯ জন। ডিএমপির তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর ২৯৯ জনের মধ্যে ৫৭ জন, ২১ নভেম্বর ৩৩৫ জনের মধ্যে ৩৩ জন, ২২ নভেম্বর ৫২১ জনের মধ্যে ৩২ জন, ২৩ নভেম্বর ৫০৭ জনের মধ্যে ৪৫ জন, ২৪ নভেম্বর ৪৯৭ জনের মধ্যে ৪৯ জন, ২৫ নভেম্বর ৪৯৯ জনের মধ্যে ৪৯ জন ও ২৬ নভেম্বর ৫১৭ জনের মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য রানা তাজউদ্দিন খান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক মেয়র সাঈদ খোকন ও প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ ছাড়া বিভিন্ন জেলার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও গ্রেপ্তার হয়েছেন। এর আগে বিভিন্ন অভিযানে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সালমান এফ রহমান, আনিসুল হক, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আহমদ হোসেন গ্রেপ্তার হন।

গোপালগঞ্জে বিশেষ নজরদারি

নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে বলে পরিচিত এই তিন জেলায় সহিংসতা মোকাবিলায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জে জরুরি কিছু সেবা সীমিত করা হয়েছে। সেখানে স্থলপথে টহলের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন বলে বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

নাশকতার আশঙ্কায় উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা জোরদারেরও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পাম্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী রাইফেলসহ সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। প্রতিটি ফিলিং স্টেশনে পাঁচ থেকে ছয়জন সদস্য দায়িত্ব পালন করতে পারেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (অপারেশন) মো. আইয়ুব আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ডিসেম্বর মাসে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অন্যান্য বাহিনীর সঙ্গে আনসারও প্রস্তুত রয়েছে।’

ফিলিং স্টেশনে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, সরকার একটি নির্দেশনা দিয়েছে। আমরা অঙ্গীভূত আনসার মোতায়েনের জন্য জানিয়েছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চাইলে রাইফেলসহ তাদের নিতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিটি ফিলিং স্টেশনে পাঁচ থেকে ছয়জন সদস্য মোতায়েন করা হতে পারে।’ এ ছাড়া রেলওয়ের নিরাপত্তায় ছয় জেলায় ৪১০ জন প্রশিক্ষিত আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থাপনাগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট ও মোবাইল টিমের মাধ্যমে নজরদারি চলছে।

নাশকতা ঠেকাতে আগাম ব্যবস্থা জরুরি

নিরাপত্তা প্রস্তুতির পাশাপাশি নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের কার্যকারিতার ওপর গুরুত্ব দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাজনৈতিক হোক বা সামাজিক, সব ধরনের অপরাধ ও নাশকতা আগেই ঠেকাতে হবে। কিছু ঘটে যাওয়ার পর আসামির পেছনে দৌড়ানোর পরিবর্তে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বন্ধ করতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা