বাগেরহাটের পল্লী অবকাঠামো প্রকল্প
জোসনা জামান
প্রকাশ : ১৮ মিনিট আগে
আপডেট : ১৬ মিনিট আগে
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাটের ৯টি উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে নেওয়া পল্লী অবকাঠামো প্রকল্পে ১১টি খাতে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের কাজ শেষ পর্যায়ে থাকলেও নতুন করে বিভিন্ন সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় ৩৮ কোটি ৬৭ লাখ টাকা বাড়ানো এবং মেয়াদ আরও এক বছর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যয়ের যৌক্তিকতা ও নতুন কাজ নির্বাচনের ভিত্তি নিয়ে আপত্তি ওঠায় দ্বিতীয় সংশোধনী প্রস্তাবটি সংশোধনের জন্য ফেরত পাঠানো হচ্ছে।
গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রকল্পের বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয় পর্যালোচনা করে সেগুলো যৌক্তিক পর্যায়ে কমানোর সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকল্পের ১১টি খাতে বাড়তি ব্যয়ের প্রস্তাবের মধ্যে রয়েছে বাড়িভাড়া বাবদ ৪৭ লাখ টাকা, বিশেষ সুবিধা ভাতা ৩ লাখ ৭৫ হাজার, আপ্যায়ন ২ লাখ, পেট্রোল, তেল ও লুব্রিকেন্ট ১০ লাখ এবং গ্যাস ও জ্বালানি খাতে ৫ লাখ টাকা। এ ছাড়া কম্পিউটার সামগ্রীতে ৮ লাখ, মুদ্রণ ও প্রকাশনায় ৫ লাখ, অন্যান্য মনিহারিতে ১২ লাখ, যানবাহন মেরামতে ৫ লাখ, কম্পিউটার ও অফিস সরঞ্জাম মেরামতে ৫ লাখ এবং মোটরযান রক্ষণাবেক্ষণে ১৮ লাখ টাকা অতিরিক্ত প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) কবীর আহমদ বলেন, প্রকল্পের কয়েকটি খাতে বাড়তি ব্যয় চিহ্নিত করা হয়েছে। এসব ব্যয় কমিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের সুপারিশ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের নামে যাতে অতিরিক্ত অর্থ ব্যয় না হয়, সে বিষয়ে কমিশন সতর্ক রয়েছে। তার মতে, প্রকল্প তৈরির সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যায়ে যথাযথ যাচাই-বাছাই করা হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।
প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৮৭৭ কোটি ৫৩ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বাড়িয়ে ৯১৬ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যয় বাড়ছে ৩৮ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন থেকে বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়। এবারও নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিকল্পনা কমিশনের পর্যালোচনা অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৬৯ শতাংশ। বিপরীতে ব্যয় হয়েছে ৫২১ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকা, যা মোট অনুমোদিত ব্যয়ের ৫৬ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ তিন বছর পার হলেও প্রকল্পের প্রায় এক-তৃতীয়াংশ কাজ বাকি রয়েছে।
দ্বিতীয় সংশোধনীতে নতুন করে ৪১ দশমিক ৪৪ কিলোমিটার গ্রাম সড়ক বিটুমিনাস কার্পেটিং (বিসি) পদ্ধতিতে এবং ৫ দশমিক ২৩ কিলোমিটার সড়ক ইউনিব্লক দিয়ে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের শেষ পর্যায়ে এসে এসব নতুন কাজ যুক্ত করার প্রয়োজনীয়তা ও নির্বাচনের ভিত্তি জানতে চেয়েছে পিইসি। পাশাপাশি কাজের পরিমাণ বাড়ানো বা কমানোর ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, দরপত্রের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেই অর্থ দিয়ে নতুন কিছু প্রকল্প বা স্কিম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়ন অযোগ্য স্কিম বাদ দেওয়া এবং বিভিন্ন কাজের পরিমাণ ও ব্যয় সমন্বয়ের কারণেও সংশোধন প্রয়োজন হয়েছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
প্রকল্পটির মূল লক্ষ্য বাগেরহাটের ৯টি উপজেলার গ্রামীণ এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা। এর আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র, বাজার এবং বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ করার পরিকল্পনা রয়েছে।
পিইসি সভায় বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েও সংশোধনের কথা বলা হয়েছে। কিলোমিটারের হিসাবে না দেখিয়ে কতটি গাছ লাগানো হবে, সেগুলোর তালিকা, সংখ্যা, বরাদ্দ এবং পরিচর্যার ব্যবস্থা ডিপিপিতে উল্লেখ করতে বলা হয়েছে।