গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঋণ ও আমানতের সুদের ব্যবধান ৪ শতাংশের মধ্যে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেই নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক। সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে ঋণ ও আমানতের গড় সুদের ব্যবধান প্রায় ৬ শতাংশে দাঁড়িয়েছে। বিদেশি ব্যাংকগুলোতে এই ব্যবধান সবচেয়ে বেশি, ৮ দশমিক ১৯ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫ দশমিক ৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ৫ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যবধানে সুদ আদায় করায় ঋণগ্রহীতাদের জন্য ঋণের ব্যয় কমানোর উদ্যোগ প্রত্যাশিত ফল দিচ্ছে না। এতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প উৎপাদনে ঋণের খরচ কমানোর লক্ষ্যও বাধার মুখে পড়ছে।
ব্যাংকের সুদের ব্যবধান বা স্প্রেড বলতে ঋণের বিপরীতে ব্যাংক যে গড় সুদ আদায় করে এবং আমানতকারীদের যে গড় সুদ দেয়, তার পার্থক্যকে বোঝায়। এই ব্যবধান বেশি হলে ব্যাংকের ঋণ থেকে আয় ও আমানতের বিপরীতে ব্যয়ের মধ্যে পার্থক্য বেড়ে যায়। অন্যদিকে ঋণগ্রহীতাদের ওপর সুদের ব্যয় বেশি থাকে।
গত জুনে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ ও আমানতের গড় সুদের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করে দেয়। ঋণের সুদ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে ঋণের ব্যয় কমানোর উদ্দেশ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ছিল, অনেক ব্যাংক আমানতকারীদের তুলনায় ঋণগ্রহীতাদের কাছ থেকে উল্লেখযোগ্য হারে বেশি সুদ আদায় করছে। এতে ব্যবসা, বাণিজ্য ও শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে।
তবে ব্যাংকারদের বক্তব্য, পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও অনেক ব্যাংকে ঋণ বিতরণ বাড়ছে না। একই সঙ্গে আগে বিতরণ করা ঋণের সুদের হার এবং আগে সংগ্রহ করা আমানতের বিপরীতে দেওয়া সুদের হার দ্রুত সমন্বয় করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে নির্ধারিত সীমার মধ্যে সুদের ব্যবধান নামিয়ে আনা অনেক ব্যাংকের জন্য সময়সাপেক্ষ হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাঁচটিই সীমার ওপরে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পাঁচটির সুদের ব্যবধান ৪ শতাংশের বেশি ছিল। এর মধ্যে সোনালী ব্যাংকের ব্যবধান সবচেয়ে বেশি, ৫ দশমিক ৮৩ শতাংশ। জনতা ব্যাংকের ৫ দশমিক ২০ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের ৫ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অধিকাংশই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
৪৩ বেসরকারি ব্যাংকের ৪০টিই সীমা ছাড়িয়েছে
বেসরকারি ব্যাংকগুলোর অবস্থাও প্রায় একই। দেশে কার্যক্রম পরিচালনাকারী ৪৩টি বেসরকারি ব্যাংকের মধ্যে ৪০টির সুদের ব্যবধান ৪ শতাংশের বেশি। এ তালিকায় সবচেয়ে বেশি ব্যবধান গ্লোবাল ইসলামী ব্যাংকের, ৯ দশমিক ৭৬ শতাংশ। ব্যাংকটির ঋণের গড় সুদ ১৬ দশমিক ২৭ শতাংশ এবং আমানতের গড় সুদ ৬ দশমিক ৫১ শতাংশ।
ডাচ্-বাংলা ব্যাংকের সুদের ব্যবধান ৮ দশমিক ৭৬ শতাংশ। আইসিবি ইসলামিক ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া ইউসিবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের সুদের ব্যবধানও ৬ শতাংশের বেশি।
তবে বেসরকারি খাতের তিনটি ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে সুদের ব্যবধান রাখতে পেরেছে। এগুলো হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এবি ব্যাংক। এর মধ্যে এবি ব্যাংকের ব্যবধান সবচেয়ে কম, মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ।
বিদেশি ব্যাংকে ব্যবধান সবচেয়ে বেশি
দেশে কার্যক্রম পরিচালনাকারী ৯টি বিদেশি ব্যাংকের একটিও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৪ শতাংশ সীমা মানতে পারেনি। এ ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সুদের ব্যবধান সবচেয়ে বেশি, ৯ দশমিক ৭৯ শতাংশ। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৯ দশমিক ১৯ শতাংশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৭ দশমিক ৯৬ শতাংশ।