× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ভেতরে গোয়েন্দা জাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার চার কর্মকর্তাকে গ্রেপ্তারের পর সাবেক ও বর্তমান আরও অনেক পুলিশ কর্মকর্তার ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ, দলটির কর্মকাণ্ডের নেপথ্যে সহযোগিতা ও নাশকতায় উস্কানি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

নজরদারির আওতায় রয়েছেন মাঠপর্যায়ের কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সদস্য। এ নিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত, সংযুক্ত ও চাকরিচ্যুত সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং দেশে দলটির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ রয়েছে— এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। তাদের অতীত কর্মকাণ্ড, বর্তমান যোগাযোগ ও সাম্প্রতিক তৎপরতা পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের হত্যার অভিযোগে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের সুপারিশ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী নাশকতায় উস্কানি, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নজরদারি চলছে। চাকরিচ্যুত, সংযুক্ত ও বিভিন্ন ইউনিটে কর্মরত কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টিতে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৪ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সর্বশেষ ২৫ নভেম্বর দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন ২৫তম বিসিএসের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি রিকুইজিশন ছিল। অন্যদিকে রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে। তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে করা মামলায় তাকে আটক করা হয়েছে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রাকিবুল হাসানকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। আবুল হাসান ময়মনসিংহে র‌্যাব-১৪-তে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডিসহ বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেন। ওই সময় নিজেকে আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। রাকিবুল হাসানও একই সরকারের আমলে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ বিভাগের একটি টিমে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার ও সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা