বাজারদরে মিশ্র চিত্র
সৌরভ হোসেন
প্রকাশ : ১০ মিনিট আগে
রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে বৃষ্টির প্রভাব কমে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের ব্যয়ে নতুন চাপ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল বিকালে ভোজ্য তেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এতে সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, এর আগে ২ সেপ্টেম্বর ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আসন্ন রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানান তারা।
এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসা কমে যাওয়ায় দাম বেড়েছিল। বৃষ্টির প্রকোপ কমে যাওয়ায় বর্তমানে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, যার প্রভাবে কমেছে দাম।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি কেজি পটোল ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা, করলা ও উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ধুন্দুল ও মুলা ৬০ টাকা, শসা, কচু, শালগম ও কাঁচা মরিচ ৭০ টাকা, শিম মানভেদে ৮০ থেকে ১০০ টাকা, নতুন টমেটো ১৬০ টাকা এবং পুরনো টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জালি ও লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফারুক হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘আজ বাজারে সবজির দাম তুলনামূলক কম। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কমেছে। আজ বাজার করে কিছুটা আনন্দ লাগছে।’
সবজির দাম কমার কারণ সম্পর্কে মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলম জানান, কারওয়ান বাজারে পাইকারি সবজি কিনতে গিয়ে সরবরাহ অনেক ভালো দেখেছেন। বৃষ্টি না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজিভর্তি ট্রাক রাজধানীর পাইকারি বাজারগুলোতে আসছে। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দামও কমেছে। এখন শীত মৌসুম শুরু হয়েছে। সবজির ভরা মৌসুম হওয়ায় সরবরাহ ভালো থাকলে সামনের দিনগুলোতেও দাম সহনীয় থাকতে পারে।