× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটকেলঘাটায় নৌকা তৈরির ধুম, বছরে বিক্রি কোটি টাকা

শেখ জহুরুল হক, তালা (সাতক্ষীরা)

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেউ কাঠ কাটছেন, কেউ তৈরি করছেন নৌকার কাঠামো। কেউ মেশিনে করছেন ফিনিশিং, কেউ কাঠ জোড়া দিচ্ছেন, আবার কেউ নৌকার গায়ে লাগাচ্ছেন আলকাতরা। কারও যেন দম ফেলার সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত এমন কর্মব্যস্ততায় মুখর সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশের নৌকা তৈরির কারখানাগুলো। এসব কারখানায় প্রতিবছর তৈরি হচ্ছে দুই হাজারের বেশি নৌকা, যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধি, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বছরের প্রায় ছয় মাসের বেশি সময় জলমগ্ন থাকে। ফলে এ অঞ্চলে যোগাযোগ ও দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে নৌকা। মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে প্রায় দুই যুগ ধরে পাটকেলঘাটার বলফিল্ড এলাকায় গড়ে উঠেছে ২০টির বেশি নৌকা তৈরির কারখানা।

এসব কারখানায় তৈরি নৌকা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ করা হচ্ছে আশপাশের বিভিন্ন জেলাতেও। এতে কর্মসংস্থান হয়েছে দেড় শতাধিক দক্ষ কারিগরের। তাঁদের শ্রম ও দক্ষতায় গড়ে ওঠা এ শিল্প এখন সাতক্ষীরার তালা উপজেলার অন্যতম পরিচিতি হয়ে উঠেছে।

চাহিদা বাড়ায় ব্যস্ত কারিগররা


কারখানাগুলোতে প্রতিদিন ভোর থেকেই শুরু হয় কাঠ কাটা, পেরেক ঠোকা, দড়ি বাঁধা, কাঠ জোড়া দেওয়া ও আলকাতরা লাগানোর কাজ। দেড় শতাধিক কারিগর প্রতিদিন তৈরি করছেন ২০ থেকে ২৫টি নৌকা। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে দেড় শতাধিক পরিবার। সারা বছর নৌকা তৈরি হলেও বর্ষা মৌসুমে চাহিদা, অর্ডার ও বিক্রি কয়েক গুণ বেড়ে যায়।

কারখানাগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের চাহিদা পূরণে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন নিজেদের প্রয়োজন অনুযায়ী নৌকা কিনতে। বর্তমানে এসব কারখানায় ট্রলার, কোশা, পালতোলা ও ডিঙি নৌকা তৈরি হচ্ছে। বন্যাকবলিত এলাকা এবং মাছের ঘেরে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি চাহিদা ডিঙি নৌকার।

সাধারণত মেহগনি, খৈ, চম্বল ও ইপিলিপি কাঠ দিয়ে তৈরি হয় এসব নৌকা। আকার ও ধরনভেদে একটি ট্রলার তৈরি করতে প্রায় এক মাস, পালতোলা নৌকায় ১০ দিন, বড় নৌকায় পাঁচ দিন, মাঝারি নৌকায় তিন দিন এবং ছোট ডিঙি তৈরিতে দুই দিন সময় লাগে। প্রতিটি নৌকা তৈরিতে প্রয়োজন হয় ২০ থেকে ৪০ সিএফটি কাঠ। আকার ও ধরন অনুযায়ী দুই হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসব নৌকা।

কারখানার প্রধান কারিগর হাফিজুর রহমান জানান, প্রায় এক যুগ আগে কয়রা থেকে পাটকেলঘাটায় এসে তিনি নৌকা তৈরির কাজ শুরু করেন। ১২ হাতের একটি নৌকা তৈরি করে তিন হাজার, ১৪ হাতের নৌকায় চার হাজার এবং ১৬ হাতের নৌকায় সাত হাজার টাকা পর্যন্ত মজুরি পান কারিগররা।

দুই দিনে তৈরি ছোট নৌকা

হাফিজুর রহমান আরও জানান, ১২ হাতের নৌকা আট হাজার টাকায় বিক্রি করলে মালিকের লাভ থাকে ৫০০ টাকা। ১৪ হাতের নৌকা ১২ হাজার টাকায় বিক্রি করলে লাভ হয় প্রায় এক হাজার টাকা। আর ১৮ হাতের নৌকা ২২ হাজার টাকায় বিক্রি করলে লাভ থাকে দুই হাজার ৫০০ টাকা। বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত এ ব্যবসা জমজমাট থাকে।

যুগীপুকুরিয়া গ্রামের বাসিন্দা ও কারিগর ইমন বলেন, “তিনজন মিলে একটি নৌকা তৈরিতে দুদিন সময় লাগে। নৌকাপ্রতি মজুরি ৫ হাজার টাকা। মেহগনি, খই, চম্বল ও লম্বু গাছের কাঠ দিয়ে এগুলো তৈরি করি। এসব কাঠ দীর্ঘদিন পানির নিচে থাকলেও নষ্ট হয় না। এ কারণে এসব কাঠের তৈরি নৌকার চাহিদা বেশি।”

তিনি আরও বলেন, এবার নৌকা বেচাকেনা ভালো হচ্ছে। তবে কাঠ, পেরেক, পিচ ও আলকাতরার দাম ব্যাপক বেড়ে যাওয়ায় লাভ করা কঠিন হয়ে যাচ্ছে। কারখানার জায়গা ভাড়াসহ সব খরচ মিটিয়ে সামান্য লাভ থাকে।

এদিকে সামুদ্রিক নৌকা তৈরিতে সময় ও শ্রম দুটিই বেশি লাগে। কারিগর শেখ হেলাল হোসেন ও সদরুল গাজী জানান, চার-পাঁচজন মিলে একটি সামুদ্রিক নৌকা তৈরি করতে প্রায় দুই মাস সময় লাগে। একটি নৌকা তৈরির জন্য তাঁরা দুই লাখ টাকা পান।

তাদের ভাষ্য, সামুদ্রিক নৌকা মেহগনি কাঠ দিয়ে তৈরি করলে সবচেয়ে মজবুত হয়। সমুদ্রের ঝড়-তুফানে চলাচলের উপযোগী করেই এসব নৌকা তৈরি করা হয়।

জলাবদ্ধতায় বাড়ছে বিক্রি

নৌকার চাহিদা বাড়ায় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন পাটকেলঘাটায়। শ্যামনগর থেকে নৌকা কিনতে আসা স্বপন কুমার জানান, তিনি ১২ হাত লম্বা একটি নৌকা ১৩ হাজার টাকায় কিনেছেন। মাছের ঘেরে মাছের খাবার দেওয়া ও শ্যাওলা পরিষ্কারের কাজে এটি ব্যবহার করবেন।

যশোরের কেশবপুর উপজেলার কমরপুর গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র মজুমদার স্ত্রীকে নিয়ে নৌকা কিনতে এসেছেন। তিনি বলেন, “এ বছর প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এলাকায় দীর্ঘদিন জল জমে আছে। শীত প্রায় এসে গেছে কিন্তু জল শুকাচ্ছে না। ভেবেছিলাম শীতের আগে জল শুকাবে। এখন তো তেমন লক্ষণ দেখছি না। তাই বাধ্য হয়ে নৌকা কিনতে এসেছি। কিন্তু যে দাম চাচ্ছে তা আমাদের কেনার ক্ষমতা নেই। তবুও প্রয়োজন বিধায় দরাদরি করে ২২ হাজার টাকা দিয়ে একটা নৌকা কিনেছি।”

এ ছাড়া সাতক্ষীরা ও খুলনার চিংড়িঘের ব্যবসায়ীরাও এসব কারখানার নিয়মিত ক্রেতা। স্থানীয় বাইগুনি গ্রামের রতন দাশ জানান, স্থায়ী জলাবদ্ধতার কারণে নৌকা ও ডিঙির চাহিদা বেড়েছে। এতে কারিগরদের কাজের চাপও বেড়েছে। পাটকেলঘাটা এখন নৌকা তৈরির জন্য প্রসিদ্ধ একটি স্থান। এখানকার নৌকা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

মেসার্স ঐশী নৌকা কারখানার মালিক শেখ আনোয়ার হোসেন বলেন, বাবার ব্যবসার উত্তরাধিকার সূত্রে তিনি ১৬ বছর ধরে এখানে কাঠের ফার্নিচারের পাশাপাশি নৌকা তৈরির কাজ করছেন। এ বছর বন্যা, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নৌকার চাহিদা তুলনামূলক অনেক বেড়েছে। দূরদূরান্ত থেকে জলাবদ্ধ এলাকার মানুষ ও মাছের ঘেরের ব্যবসায়ীরা নৌকা কিনতে আসছেন। চাহিদা অনুযায়ী নৌকা সরবরাহ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতেও সময় লাগছে। এ বছর ব্র্যাক এনজিওতে ৩৫ হাজার টাকা মূল্যের ৬২টি নৌকা সরবরাহ করেছেন তারা।

‘দশ কোটি টাকার বেশি বেচাকেনা’

সুমি ফার্নিচার অ্যান্ড নৌকা কারখানার মালিক জাকির হোসেন, আল-ইমরান নৌকা কারখানার মালিক আল-ইমরান ও তৈয়েবা নৌকা কারখানার মালিক আক্তারুজ্জামান বিশ্বাস জানান, এবার নৌকা বেচাকেনা ভালো হলেও উৎপাদন ব্যয় বেড়েছে। কাঠ, পেরেক, পিচ ও আলকাতরার দাম বাড়ায় আগের মতো লাভ হচ্ছে না। কারখানার জায়গা ভাড়াসহ সব খরচ মিটিয়ে সামান্য লাভ থাকে। তারপরও তারা এ শিল্প টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এ এলাকায় দশ কোটি টাকার বেশি মূল্যের নৌকা বিক্রি হয়েছে। তাদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পে আরও নতুন উদ্যোক্তা তৈরি হবেন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।


সরকারি সহযোগিতার আশ্বাস

পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরদার বলেন, সময়ের চাহিদা অনুযায়ী এ অঞ্চলে বেশ কয়েকটি নৌকা তৈরির কারখানা গড়ে উঠেছে। স্থানীয় ও বাইরের জেলা থেকে শ্রমিকরা এসে এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এমন শিল্পকে তারা সব সময় উৎসাহিত করবেন।

তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নৌকা তৈরির কারিগর ও ব্যবসায়ীরা একত্র হয়ে সমিতির মাধ্যমে আবেদন করলে তাদের ঋণের ব্যবস্থা করা হবে।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, “বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। সাতক্ষীরা উপকূলীয় জেলা হওয়ায় এখানকার নদ-নালা ও মৎস্যঘেরে চলাচল এবং মাছ ধরার জন্য নৌকা গুরুত্বপূর্ণ বাহন। এ কারণে পাটকেলঘাটায় নৌকা তৈরির বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে।”

তিনি জানান, এসব কারখানায় তৈরি নৌকা জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হচ্ছে। বিসিকের পক্ষ থেকে কারখানাগুলো পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজন উদ্যোক্তাকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। উদ্যোক্তারা সহযোগিতা চাইলে বিসিকের মাধ্যমে আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ ও পণ্য বিপণনে সহযোগিতা করা সম্ভব।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব বলেন, “নৌকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সরকারি অনুদান, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা থাকলে তা দেওয়ার চেষ্টা করা হবে।” একই সঙ্গে এ শিল্পকে উৎসাহিত করা হবে। বেকারত্ব নিরসন ও এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা