গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ডলারের বাজারে চাপ বাড়ছে, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর ডলারের চাহিদা মেটাতে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুই বছর পর আবার চালু করেছে সোয়াপ ব্যবস্থা। প্রথম দিনেই ছয়টি ব্যাংক নিয়েছে প্রায় ২০ কোটি ডলার। তবে ধার করা এই ডলার সাময়িক স্বস্তি দিলেও মেয়াদ শেষে ফেরত দেওয়ার সময় বাজারে নতুন চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
গত বুধবার অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সোয়াপ কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানায় বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আওতায় ব্যাংকগুলো এ সুবিধা পাবে। প্রথমদিন ছয়টি ব্যাংক ৭ থেকে ১৫ দিনের মেয়াদে প্রায় ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার নিয়েছে। নতুন ব্যবস্থায় ৭ থেকে ৯০ দিন পর্যন্ত মেয়াদে ডলার নেওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ব্যাংকের হাতে পর্যাপ্ত ডলার না থাকলে বাজার থেকে বেশি দামে ডলার সংগ্রহের চাপ তৈরি হয়। সোয়াপ সুবিধার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার পাওয়া গেলে বাজারে অতিরিক্ত দামে ডলার কেনার প্রতিযোগিতা কমতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
মধ্যস্থতাকারীদের তৎপরতা কমানোর চেষ্টা
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, কিছু মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ডলারের চাহিদা ও সরবরাহের তথ্য কাজে লাগিয়ে বেশি দামে ডলার বিক্রির চেষ্টা করে। সোয়াপ সুবিধা চালু থাকলে ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার নিতে পারবে।
সোয়াপ ব্যবস্থায় প্রথম ধাপে বা ‘নিয়ার লেগ’-এ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত স্পট বিনিময় হারে ব্যাংককে ডলার দেয়। এর বিপরীতে ব্যাংক সমপরিমাণ টাকা জমা রাখে। নির্ধারিত মেয়াদ শেষে দ্বিতীয় ধাপে বা ‘ফার লেগ’-এ ব্যাংক ডলার ফেরত দেয়। এ সময় সুদের হারের পার্থক্য অনুযায়ী অতিরিক্ত অর্থ সমন্বয় করা হয়।
বর্তমানে প্রতি ডলারের স্পট বিনিময় হার ১২৪ টাকা ৭৫ পয়সা। সোয়াপের দ্বিতীয় ধাপে তিন মাস মেয়াদি এসওএফআর হার ও বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহারের ব্যবধান বিবেচনা করা হবে। বর্তমানে এ দুই হারের ব্যবধান ৫ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট।
এক মাসে রিজার্ভ কমেছে প্রায় ২ বিলিয়ন ডলার
সাম্প্রতিক সময়ে ডলারের বাজারে চাপ বেড়েছে। সরকারি আমদানির বিল পরিশোধে ব্যাংকগুলোর চাহিদা বাড়ায় গত বুধবার আমদানি বিল পরিশোধে ডলারের গড় বিক্রয় হার দাঁড়ায় ১২৫ টাকা ৬ দশমিক ৯৩ পয়সায়। আগের দিন মঙ্গলবার এ হার ছিল ১২৪ টাকা ৯৪ দশমিক ২৪ পয়সা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, গত ২৪ নভেম্বর দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। অক্টোবরের শেষে তা ছিল ৩৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসেরও কম সময়ে রিজার্ভ কমেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও কমে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সরাসরি ডলার বিক্রি করলে রিজার্ভ স্থায়ীভাবে কমে যায়। কিন্তু সোয়াপের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ শেষে ব্যাংকগুলোকে ডলার ফেরত দিতে হয়।
মেয়াদ শেষে তৈরি হতে পারে নতুন চাপ
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সোয়াপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাময়িকভাবে ডলার সরবরাহ করবে। নির্ধারিত মেয়াদ শেষে ব্যাংকগুলোকে সেই ডলার ফেরত দিতে হবে। বাজার পরিস্থিতির উন্নতি না হলে মেয়াদ শেষে ডলার ফেরত নেওয়ার সময় আবার চাহিদা ও সরবরাহের ঘাটতি তৈরি হতে পারে। মৌলিক পরিস্থিতির উন্নতি না হলে ডলারের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।
চলতি অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেও বিনিময় হার কমাতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ কারণে আপাতত সরাসরি ডলার বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে নগদ ডলার বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে নির্ধারিত বিল ফর কালেকশন বা বিসি সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে চলতি হিসাবে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার ঘাটতি ছিল। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স ও রপ্তানি আয় এসেছে ২৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। একই সময়ে আমদানি ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ড. জাহিদ হোসেনের মতে, বিনিময় হার সামান্য বাড়লেই রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করা ঠিক হবে না। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থনীতির বাহ্যিক ধাক্কা মোকাবিলার সুরক্ষাব্যবস্থা। তার মতে, ধীরে ধীরে বিনিময় হার সমন্বয় করা না হলে একপর্যায়ে বড় সমন্বয়ের প্রয়োজন হতে পারে, যা অর্থনীতির জন্য বেশি ক্ষতিকর হবে।