× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা ইস্যু

অতিকথনে বাড়ছে উদ্বেগ

মোশাররফ বাবলু

প্রকাশ : ৭ মিনিট আগে

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তা এখন রাজনৈতিক আলোচনার একমাত্র বিষয়। দেশের ভেতরে-বাইরে, বিশেষত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এই আলোচনা দিন দিন উদ্বেগ-উৎকণ্ঠা বাড়াচ্ছে। সহিংসতা, আগুন, গ্রেপ্তার, নজরদারিÑ সব কিছুই এ দেশে এখন হাসিনাকেন্দ্রিক। সামাজিক মাধ্যমেও নানা খবর ও গুজবের ছড়াছড়ি। পাশাপাশি সরকারের উপদেষ্টা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারি ও বিরোধী দলের নেতাদের অতিকথন উদ্বেগ-উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলছে। ভারতীয় সরকারের মুখপত্র, গণমাধ্যম বা অন্য কোনো সংবাদপত্র কিংবা গণমাধ্যম একদিন একটি কথা বললে বা একটি প্রতিবেদন ছাপলেই, সেটি নিয়ে প্রায় প্রতিদিনই কথা বলছেন সরকারের মন্ত্রী, উপদেষ্টা-প্রতিমন্ত্রী, এমনকি বিভিন্ন দলের নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন অতিকথনের মাধ্যমে সরকারের মন্ত্রী-উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সরকারি ও বিরোধী দলের নেতারাই বর্তমানে শেখ হাসিনার প্রচার-প্রচারণা বেশি করছেন। রাজনীতির মাঠে, আলোচনার টেবিলে এবং রাজপথেও আলোচ্য চরিত্র করে তুলছেন। পর্যবেক্ষকদের মতে, এ নিয়ে সরকারের কেউ কোনো কথা না বললেই বরং এসব বিষয় আলোচনার বিষয় হয়ে উঠত না, প্রচার পেত না এবং দেশবাসীর মধ্যে এত উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়ত না।

কিন্তু সে রকম না ঘটার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জনমনে বাড়ছে আলোচনা, বিভ্রান্তি ও উদ্বেগ-উৎকণ্ঠা। কবে, কীভাবে এবং কোন আইনি প্রক্রিয়ায় তিনি বাংলাদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে নানা বক্তব্য ও জল্পনা-কল্পনার ডালপালা মেললেও বিষয়টি এখনও সুস্পষ্ট নয়। বরং সরকারের নীতিনির্ধারক ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের ভিন্নতা এবং বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অতিকথন না করে সরকারের একটি সুস্পষ্ট ও সমন্বিত অবস্থান তুলে ধরা জরুরি। না হলে রাজনৈতিক অস্থিরতা ও জনমনে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে। 

কোনো কোনো দায়িত্বশীল বিশিষ্টজন বলছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। অন্যদিকে সরকারের কয়েকজন প্রতিনিধি বলছেন, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজনের বক্তব্যের সঙ্গে অন্যের বক্তব্যের এমন গরমিল ও দূরত্ব জনমনে নানা প্রশ্ন তৈরি করছে। 

শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা এবং ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।’ তার মতে, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার কৌশল হিসেবেও তার দেশে ফেরার ঘোষণা সামনে আনা হতে পারে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রত্যর্পণ, বিচারিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইনি বিধান বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’ তার মতে, দেশে ফিরে শেখ হাসিনার রাজনৈতিকভাবে আবার ক্ষমতায় আসার প্রত্যাশায় কোনো বাস্তবতা নেই, এটি নিছক রাজনৈতিক আকাঙ্ক্ষা। ফজলে এলাহী আকবরের মতে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অতিরিক্ত আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত দেশের মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করা। মানুষের জানমালের নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা গেলে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠাও অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বক্তব্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং গণমাধ্যমে এসবের অতিরিক্ত প্রচার জনমনে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি করছে। সরকারের দায়িত্বশীলদের অতিকথন বন্ধ করতে হবে। একটি মহল পরিকল্পিতভাবে এ বিষয়টিকে সামনে এনে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’ অর্থের বিনিময়ে ভারতীয় সাংবাদিকদের দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য প্রচার করানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। তার মতে, ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো বক্তব্য বা তৎপরতা না থাকলেও বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে নানা ধরনের খবর প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ডিসেম্বর মাসে তার দেশে ফেরার খবর প্রচার জনমনে মিশ্র প্রতিক্রিয়া, সংশয় ও উদ্বেগ তৈরি করছে।’ 

আবু রুশদ মনে করেন, বাংলাদেশের কিছু গণমাধ্যমে ভারতীয় গণমাধ্যমের যে ধরনের খবর ও বক্তব্য অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, সে ধরনের সংবেদনশীল রাজনৈতিক বিষয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। অনুমাননির্ভর সংবাদ প্রচারের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, কূটনৈতিক অবস্থান এবং আইনি বাস্তবতা তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া উচিত। বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নজরে আনা প্রয়োজন। সরকারের বক্তব্যে সমন্বয় এবং গণমাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করা গেলে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি ও অযথা উদ্বেগ অনেকাংশে দূর করা সম্ভব।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রত্যাবর্তনের প্রশ্ন নয়; এর সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক প্রক্রিয়া, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয়ও জড়িত। ফলে এ বিষয়ে সরকারের প্রতিটি বক্তব্যের গুরুত্ব রয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে বক্তব্যের অসামঞ্জস্য থাকলে তা শুধু রাজনৈতিক বিতর্কই বাড়ায় না, দেশের ভেতরে ও বাইরে ভুল বার্তা যাওয়ারও আশঙ্কা তৈরি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা