মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ১ ঘণ্টা আগে
রাজশাহীর শহর রক্ষা বাঁধ এলাকার বাগানে রোগাক্রান্ত নিম গাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যে নিমের পাতা, ছাল ও তেল যুগ যুগ ধরে রোগজীবাণু প্রতিরোধে ব্যবহৃত হয়ে আসছে, সেই নিমগাছই এখন আক্রান্ত হচ্ছে মড়কে। ডালে ডালে শুকিয়ে যাচ্ছে পাতা, কাণ্ডে তৈরি হচ্ছে আঠালো ক্ষত। অনেক গাছ পরিণত হচ্ছে পাতাহীন কঙ্কালে। চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চল— বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এ রোগ।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) জরিপে রাজশাহীর শহর রক্ষা বাঁধ এলাকায় ৯৩ দশমিক ৩৩ শতাংশ নিমগাছে মড়ক শনাক্ত হয়েছে। বগুড়া, নওগাঁ ও নাটোরে আক্রান্ত গাছের হার ৮০ শতাংশের বেশি। চট্টগ্রামসহ আরও কয়েকটি জেলায়ও এ রোগ ছড়িয়ে পড়েছে।
কৃষকপর্যায়ের গবেষক জাহাঙ্গীর আলম শাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও নওগাঁয় নির্দিষ্ট সময়ে নিমগাছ মরে যাওয়ার প্রবণতা দেখা যায়। কোথাও দু-চারটি, আবার কোথাও বিপুল সংখ্যক গাছ আক্রান্ত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে নিমগাছের সংখ্যা বেশি হলেও পরিস্থিতি উদ্বেগজনক। করোনাকালের আগ থেকেই এ সমস্যা চলছে।
রাজশাহীতে প্রথম বিষয়টি গবেষকদের নজরে আসে। জাহাঙ্গীর আলম শাহ চিঠি দিয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) বিষয়টি জানান। পরে ইনস্টিটিউটের গবেষকরা সরেজমিন এলাকা পরিদর্শন করেন।
বিএফআরআইয়ের বন রক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. আহসানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজশাহীর শহর রক্ষা বাঁধ সংলগ্ন নিমবাগানে গাছ মরে যাওয়ার বিষয়টি নজরে আসার পর ২০১৯-২০ অর্থবছরে তিন বছর মেয়াদি গবেষণা শুরু হয়। পরে চট্টগ্রামেও নিমগাছ মারা যাওয়ার বিষয়টি শনাক্ত হয়।
বিএফআরআইয়ের জরিপে রাজশাহীর পর বগুড়ায় ৯১ দশমিক ৩৩, নওগাঁয় ৯০ দশমিক ০৯ এবং নাটোরে ৮৪ দশমিক ৮৫ শতাংশ নিমগাছে মড়ক শনাক্ত হয়েছে।
গবেষকদের মতে, নিমগাছের মড়কের প্রধান কারণ ফোমোপসিস আজাদিরাকটি নামের ছত্রাক। এটি ডাল, কাণ্ড, পাতা ও ফলে আক্রমণ করে। এতে ডাল শুকিয়ে যায়, কাণ্ডে ক্যানকার বা ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে আঠালো রস বের হয়। আক্রান্ত চারা ও কচি গাছও মারা যেতে পারে। এ ছাড়া মশক বাগ, মিলিবাগ ও সবুজ স্টিংকবাগের মতো রস শোষণকারী পোকা গাছকে দুর্বল করে। আক্রান্ত গাছ অনেক সময় আগুনে ঝলসে যাওয়ার মতো দেখায়। অতিবৃষ্টি, জলাবদ্ধতা, দীর্ঘ খরার পর হঠাৎ বর্ষণ ও জলবায়ু পরিবর্তন রোগের বিস্তারে সহায়ক। একই বয়সের একই প্রজাতির গাছ একসঙ্গে রোপণ করলেও রোগের ঝুঁকি বাড়ে।
রোগ নিয়ন্ত্রণে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ও বোর্দোমিক্সচার প্রয়োগে ভালো ফল পাওয়া গেছে বলে জানান ড. মো. আহসানুর রহমান। তবে সড়কের পাশে বা বড় পরিসরে রাসায়নিক ছত্রাকনাশক স্প্রে করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশতে পারে। এতে মাছ, জলজ প্রাণী, গবাদিপশু ও মানুষের ক্ষতির আশঙ্কা রয়েছে। সরকারি গাছে এসব রাসায়নিক কে বা কীভাবে প্রয়োগ করবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ কারণে পরিবেশবান্ধব পদ্ধতিতে রোগ ও পোকা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এসব পদ্ধতির মধ্যে রয়েছে জৈবিক নিয়ন্ত্রণ, নিমতেল, ইউক্যালিপটাস তেল, তামাকপাতা ও মেহগনি বীজের নির্যাস ব্যবহার এবং আলোক ও ফেরোমন ফাঁদ স্থাপন।
তবে নিমগাছ বিলুপ্তির আশঙ্কা নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকৃতিতে স্বাভাবিকভাবে জন্মানো নিমগাছে রোগের প্রকোপ তুলনামূলক কম। ছত্রাকের সঙ্গে সহাবস্থানের ফলে এসব গাছে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। অন্যদিকে, পলিব্যাগে চারার শিকড় কুণ্ডলী পাকিয়ে থাকলে কিংবা স্থানান্তরের সময় শুকিয়ে ক্ষত তৈরি হলে সেই পথে ছত্রাকের স্পোর প্রবেশ করতে পারে। স্যাঁতসেঁতে মাটিও রোগের বিস্তার ঘটায়।
অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেনের মতে, ১০০টি গাছের মধ্যে ৮০টি মারা গেলেও বাকি ২০টি রোগ প্রতিরোধক্ষমতা নিয়ে টিকে থাকতে পারে। তাই নিমগাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা নেই।