জোসনা জামান
প্রকাশ : ২২ মিনিট আগে
‘মাতারবাড়ী ৭০ মেগাওয়াট (এসি) গ্রিড-টাইড সৌরবিদ্যুৎ প্রকল্প। ছবি: সংগৃহীত
‘মাতারবাড়ী ৭০ মেগাওয়াট (এসি) গ্রিড-টাইড সৌরবিদ্যুৎ প্রকল্পে’ মেগাওয়াট প্রতি বেশি ব্যয় প্রস্তাবের অভিযোগ উঠেছে। এর আগে গত অক্টোবর মাসে একনেকে অনুমোদন পাওয়া ‘রামপাল ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্লান্ট প্রকল্পে’ মেগাওয়াট প্রতি একক ব্যয় ৫ কোটি ৬৫ লাখ টাকা ধরা হয়েছিল। কিন্তু প্রস্তাবিত ৭০ মেগাওয়াট (এসি) প্রকল্পে মেগাওয়াট প্রতি একক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। এই ব্যয়প্রস্তাব অনেক বেশি বলে মনে করছে পরিকল্পনা কমিশন। এজন্য ব্যয় কমাতে গঠন করা হয়েছে ৭ সদস্যের ব্যয় পর্যালোচনা কমিটি। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈদেশিক ঋণের শর্তসহ অন্য বিষয় নির্ধারণে অর্থনৈতিক বিভাগকে দ্রুত চিঠি দিতে বলা হয়েছে বিদ্যুৎ বিভাগকে। সেই সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে প্রস্তাবটি।
বিদ্যুৎ বিভাগের পাঠানো এ প্রস্তাব নিয়ে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব বিষয়ে সুপারিশ দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) বিলকিস জাহান রিমি।
এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন থেকে যেসব প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরা হবে, সেগুলোর প্রাইস অ্যাসেসমেন্ট কোমরপানি দিয়ে যাচাই-বাছাই করা হবে। সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।’
এ প্রসঙ্গে আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘একই কাজের জন্য একই রকম দুই প্রকল্পের ব্যয় আলাদা হওয়া সন্দেহজনক। এ রকম ব্যয় প্রস্তাব যারা করেন তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। না হলে সরকারের অগ্রাধিকারের সুযোগ নিয়ে অন্যরাও অতিরিক্ত ব্যয় প্রস্তাব করার সুযোগ পাবেন। পরিকল্পনা কমিশনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।’
বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করেছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ঋণ সহায়তায়। এটির মোট ব্যয় ধরা হয়েছে ৬০৪ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪২ কোটি ৮৭ লাখ ৬ হাজার টাকা, বৈদেশিক ঋণ ৫৩২ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৯ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সভায় সিপিজিসিবিএলের প্রতিনিধি জানান, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে চলমান আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতর অ্যাশ পন্ডের অব্যবহৃত ১৫২ একর জমিতে এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে পিইসি সভায় পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম প্রধান (বিদ্যুৎ) মো. আশরাফুল ইসলাম প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় বিভাজন সম্পর্কে বলেন, ‘গত অক্টোবরে একনেক অনুমোদিত রামপাল ৪৪২ মেগাওয়াট প্রকল্পের তুলনায় এ প্রকল্পের মেগাওয়াট প্রতি একক ব্যয় অনেক বলে মনে হয়। এ ছাড়া সোলার মডিউল, মাউন্টিং পোল, ইনভার্টার, ট্রান্সফরমার স্টেশন, প্লান্ট সাব-স্টেশ, মডিউল ক্লিনিং সিস্টেম ও পরামর্শক সেবা খাতের ব্যয়ও যৌক্তিকভাবে কমানোর সুযোগ রয়েছে।’
সভায় আইএমইডির প্রতিনিধি বলেন, প্রকল্পে ল্যান্ড লেভেলিং অ্যান্ড কম্পাকশন, সয়েল ইনভেস্টিগেশন এবং ডিজিটাল টপোগ্রাফিক সার্ভের ক্ষেত্রে ব্যয় প্রাক্কলনের যৌক্তিকতা সঠিকভাবে নিরূপন করা প্রয়োজন। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিজিসিবিএল সাম্প্রতিক সময়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পের আইটেম ভিত্তিক দর তুলনা করে দেখায়। পরে উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রস্তবিত কিছু খাতের ব্যয় যৌক্তিকভাবে প্রাক্কলন করে হালদাগান করার সুপারিশ দেওয়া হয়েছে।
পিইসি সভার সভাপতি বিলকিস জাহান রিমি বলেন, ‘প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত হওয়ায় এবং চলতি বছরের মধ্যেই প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে অর্থায়ন ও জনবল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কার্যক্রম সমান্তরালভাবে চলমান রাখা যেতে পারে।’ পাশাপাশি তিনি জানান, ডিপিপিতে প্রস্তাবিত প্রধান কারিগরি অঙ্গসমূহ ও পূর্ত কাজের ব্যয়ের যৌক্তিকতা নিরপেক্ষভাবে পর্যালোচনার জন্য তিনি পরিকল্পনা কমিশনের বিদ্যুৎ উইং, আইএমইডি, বুয়েটের বিশেষজ্ঞ, গণপূর্ত অধিদপ্তর, বেসরকারি খাতের সৌরবিদ্যুৎ বিশেষজ্ঞ এবং সিপিজিসিবিএলের প্রতিনিধি সমন্বয়ে একটি ব্যয় পর্যালোচনা কমিটি গঠন করা যেতে পারে। সে অনুযায়ী ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যার প্রধান করা হয়েছে শিল্প ও শক্তি বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ মাহমুদুর রহমানকে।