গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বাড়াতে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগের তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ১ হাজার ৯ কোটি টাকার কর সংস্কার প্রকল্পে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত পরিকল্পনায় পরামর্শকের সংখ্যা প্রায় অর্ধেক কমানো, পৃথক তথ্যকেন্দ্র নির্মাণের প্রস্তাব বাদ দেওয়া এবং দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানকে যুক্ত করার বিষয় রাখা হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয় অপরিবর্তিত থাকছে।
‘স্ট্রেনদেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন’ (এসডিআরএম) নামের প্রকল্পটি সরকারি রাজস্ব আহরণ বাড়ানো এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ (সিটা) কর্মসূচির পাঁচটি প্রকল্পের একটি। পাঁচ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৮৮ কোটি টাকা।
এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৩ হাজার ৪৫ কোটি টাকা। বাকি ২৪৩ কোটি টাকা জোগান দেবে সরকার। ২০৩০ সালের ৩০ জুন সিটা কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পর গত আগস্টে সিটা কর্মসূচির পাঁচটি প্রকল্পই পর্যালোচনার আওতায় আসে। এর ধারাবাহিকতায় এসডিআরএম প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কার্যক্রম নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রকল্পটির বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে এই পরিবর্তনের কাজ শুরু হয়।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংশোধিত প্রস্তাবে পরামর্শকের সংখ্যা ৬৫ জন থেকে কমিয়ে ৩০ জনের নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। এনবিআরসহ পাঁচটি সংস্থার জন্য আলাদা তথ্যকেন্দ্র নির্মাণের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কালিয়াকৈর অথবা যশোরে সরকারের বিদ্যমান তথ্যকেন্দ্রকে প্রকল্পের বিকল্প সার্ভার হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া হার্ডওয়্যার কেনার অংশ বাদ দেওয়া হয়েছে। কেনাকাটা নিয়ে সম্ভাব্য বিতর্ক এড়াতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। একই সঙ্গে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজ সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।
প্রকল্পের প্রযুক্তিগত পরিকল্পনায় সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের তথ্যের মধ্যে সংযোগ স্থাপন। এর মাধ্যমে এনবিআরের বিভিন্ন শাখার তথ্য একটি সমন্বিত ব্যবস্থায় ব্যবহার করা যাবে। পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরের তথ্যভান্ডারের সঙ্গেও সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের মূল পরিকল্পনায় শুল্ক, ভ্যাট ও আয়করের তথ্য ব্যবস্থাগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের কথা ছিল। এর মধ্যে রয়েছে এনবিআরের এএসওয়াইসিইউডিএ (অ্যাসাইকুডা) ওয়ার্ল্ড, ই-ভ্যাট এবং আয়কর সংক্রান্ত তথ্যব্যবস্থা।
এর বাস্তব প্রয়োগের একটি উদাহরণ দিয়েছেন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। কোনো আমদানিকারক শুল্ক পর্যায়ে পরিশোধ করা কর ফেরত পেলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে তার আয়কর হিসাবেও যুক্ত হওয়ার কথা। একইভাবে ব্যবসায়ীদের বিভিন্ন লেনদেন থেকে অর্জিত আয়, যা বর্তমানে আয়কর কর্মকর্তাদের নজরের বাইরে থেকে যায়, তা শনাক্ত করার সুযোগ তৈরি হবে।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, শুল্ক বিভাগের তথ্যের সঙ্গে আয়কর ব্যবস্থার সংযোগ তৈরি করা গেলে ব্যক্তিশ্রেণির করদাতার সংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে করযোগ্য আয় থাকলেও অনেকের আয়কর কার্যক্রমের তথ্য কর প্রশাসনের কাছে নেই। সমন্বিত তথ্যব্যবস্থা চালু হলে এসব তথ্য শনাক্ত করা সহজ হবে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুংয়ের (এফইএস) সহায়তায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের শ্রমশক্তির ৪ শতাংশেরও কম মানুষ সক্রিয় ব্যক্তিশ্রেণির আয়করদাতা। আঞ্চলিক দেশগুলোর তুলনায় এই হারও কম। সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, তথ্যের মধ্যে সংযোগ তৈরি করে বিদ্যমান ঘাটতি দূর করা গেলে রাজস্ব আদায়ে বড় পরিবর্তন আনা সম্ভব।
তবে প্রকল্পটির একটি মূল উপাদান বাদ পড়ছে। প্রাথমিক পরিকল্পনায় আয়কর ও ভ্যাটের করদাতাদের জন্য অভিন্ন শনাক্তকরণ নম্বর চালুর কথা থাকলেও সংশোধিত প্রস্তাবে তা রাখা হয়নি।
প্রকল্পের কারিগরি কার্যক্রমে পরিবর্তনের কাজ চলায় মূল প্রযুক্তিগত কার্যক্রম আপাতত স্থবির রয়েছে। তবে প্রশাসনিক কাজ অব্যাহত আছে। বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর প্রযুক্তিগত বাস্তবায়ন এত দীর্ঘ সময় বন্ধ থাকার অভিজ্ঞতা তাদের খুব বেশি নেই। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তারা জানিয়েছে।
পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, প্রকল্পটি বন্ধ করা হয়নি, তবে আগের গতিতে এগোচ্ছে না। আগামী মাসের মধ্যে প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এনবিআরের একজন কর্মকর্তা জানান, সংশোধিত প্রস্তাবটি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে পরিকল্পনা বিভাগে পাঠানো হবে। প্রকল্পের ব্যয় না বাড়লেও পরামর্শক ও অন্যান্য খাতে পরিবর্তনের কারণে সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সংরক্ষিত থাকবে।