× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলে বন্যা মোকাবিলা

বিদেশি ঋণের প্রকল্পে পরামর্শক বিলাস

জোসনা জামান

প্রকাশ : ১৭ মিনিট আগে

উপকূলীয় অঞ্চলের বন্যা ঠেকাতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলের বন্যা ঠেকাতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলের বন্যা ঠেকাতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। কিন্তু প্রশ্ন উঠেছে, এ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক ব্যয় বাবদ নির্ধারিত ১৪২ কোটি ৯৫ লাখ টাকা নিয়ে। যার মধ্যে রয়েছে সরকারি তহবিলের ২১ কোটি ৬০ লাখ এবং বৈদেশিক ঋণের ১২১ কোটি ৩৫ লাখ টাকা। পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পের প্রস্তাবিত কাজগুলো এলজিইডির নিয়মিত ধারার কাজ। তাই এত পরামর্শকের প্রয়োজন হওয়ার কথা নয়। 

বিশ্বব্যাংকের ঋণের অর্থে গৃহীত ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রিজিলিয়েন্স প্রোগ্রাম (ফ্লাড এমপিএ)’ নামের এ প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৯৭ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তা থেকে ২ হাজার ৫৮৩ কোটি টাকা খরচ করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পটি নিয়ে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সভাপতিত্ব করেছেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) কবির আহামদ। প্রক্রিয়াকরণ শেষে প্রকল্পটি অনুমোদন পেলে ২০৩২ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু প্রকল্পটিতে অফিস ও ট্রেনিং সেন্টার নির্মাণের মতো বন্যা মোকাবিলার সঙ্গে সম্পর্কহীন কাজের প্রস্তাবও যুক্ত রয়েছে বলে জানা গেছে। 

পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রকল্পের প্রকৃত ও প্রয়োজনীয় ব্যয় নির্ধারণের পাশাপাশি পরামর্শক ব্যয় যুক্তিযুক্ত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আইএমইডির) সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’ তবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী কিছু ক্ষেত্রে পরামর্শক বাধ্যতামূলকভাবে নিতে হয় বলে জানান তিনি।

প্রকল্পের মূল কার্যক্রম

এ প্রকল্পের আওতায় প্রস্তাবিত প্রধান কাজগুলো হলোÑ ২৮টি জলবায়ু সহনশীল আশ্রয়কেন্দ্র নির্মাণ, ২৫টি বর্তমান আশ্রয় কেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং পিরোজপুর নির্বাহী প্রকৌশলী দপ্তরের অসমাপ্ত কাজ শেষ করা। এ ছাড়া এর আওতায় এলজিইডির একটি ট্রেনিং সেন্টার নির্মাণ, ১৯৩ কিলোমিটার গ্রামীণ সড়ক জরুরি ইভাক্যুয়েশন ব্যবস্থার উন্নয়ন, ৪০ কিলোমিটার উপজেলা সড়কে জরুরি ইভাক্যুয়েশন ব্যবস্থার উন্নয়ন, ৪০৫ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন, ৫৬৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসন, ১৫০ কিলোমিটার খাল পুনঃখনন এবং ১ হাজার ৪০৭ মিটার বক্স কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি ১ হাজার ৫৫৪ মিটার সেতু নির্মাণ এবং ২ হাজার ৪০০টি সোলার স্ট্রিট লাইট সরবরাহ ও স্থাপন করা হবে।

যা জানাচ্ছে পরিকল্পনা কমিশন

এলাকাভিত্তিক ব্যয় বিভাজন পর্যালোচনা করে পরিকল্পনা কমিশন জানিয়েছে, টার্গেট উপজেলাগুলোর কোনোটিতে সর্বোচ্চ ২২৬ কোটি ৬৩ লাখ টাকা এবং কোনোটিতে সর্বনিম্ন ৬৪ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যার ফলে ব্যাপক তারতম্য দেখা দিয়েছে। আবার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো, সারা দেশে ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা। অথচ এই প্রকল্পে বৃক্ষরোপণ অন্তর্ভুক্তই হয়নি। সভায় প্রকল্পে বৃক্ষরোপণ অঙ্গ অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ জানতে চাওয়া হয়েছে। 

পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পের প্রস্তাবিত কাজগুলো এলজিইডির নিয়মিত ধারার কাজ। অথচ প্রকল্পে পরামর্শক সেবায় ১৪২ কোটি ৯৫ লাখ (জিওবি ২১.৬০ কোটি টাকা, প্রকল্প ঋণ ১২১ কোটি ৩৫ লাখ) টাকার সংস্থান রাখা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল পিইসি সভায়। এ ছাড়া ২৫টি মোটরসাইকেল, ৮টি রোড রোলার, ৪টি ল্যাপটপ, ৩৫টি ডেস্কটপ, ২টি কালার প্রিন্টার, ৩৫টি লেজার প্রিন্টার, ৪টি এয়ার কন্ডিশনার, ২টি হেভি ডিউটি ডিজিটাল ফটোকপিয়ার এবং ৩টি ফটোকপিয়ার কেনার প্রস্তাব সম্পর্কেও সভায় প্রশ্ন তোলা হয়েছে।

বাস্তবায়ন হবে যেসব স্থানে

প্রকল্প এলাকার মধ্যে রয়েছেÑ খুলনা বিভাগের খুলনা জেলার দাকোপ উপজেলা; বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলা; বরগুনা জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী এবং তালতলী উপজেলা; ঝালকাঠি জেলার নলছিটি এবং কাঁঠালিয়া উপজেলা; পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা এবং সদর উপজেলা; চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার সদর, সুবর্ণচর এবং বেগমগঞ্জ উপজেলা; লক্ষ্মীপুর জেলার সদর, কমলনগর, রায়পুর, রামগঞ্জ এবং রামগতি উপজেলা; এবং চট্টগ্রাম জেলার মীরেরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বোয়ালখালী এবং সন্দ্বীপ উপজেলা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা