× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

সংকটে ‘শেষ ভরসা’র হাসপাতালও

হাসনাত শাহীন

প্রকাশ : ৩৬ মিনিট আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় আশ্রয় নিয়েছে রোগীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় আশ্রয় নিয়েছে রোগীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসার আশা নিয়ে ছুটে আসা অসহায় মানুষের কাছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ‘শেষ ভরসা’র নাম। অথচ অনুমোদিত ধারণক্ষমতার দেড়গুণের বেশি রোগী এবং বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন ৯ হাজারের বেশি রোগীর চাপ সামলাতে গিয়ে নিজেই বহুমুখী সংকটে ধুঁকছে দেশের বৃহত্তম এই চিকিৎসাকেন্দ্র। শয্যা সংকটের পাশাপাশি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), জনবল, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও অ্যাম্বুলেন্সের অভাবে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

তবে এই বিপুল চাপ সামাল দিতে এবং চিকিৎসাসেবার মান বাড়াতে বেশ কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন তিনটি ব্লকে আরও ৩ হাজার শয্যা যুক্ত করা, নতুন জনবল ও অ্যাম্বুলেন্স বাড়ানো, জরুরি কমপ্লেক্সে আলাদা প্যাথলজি বিভাগ চালু এবং রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার নির্মাণের মতো উদ্যোগের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা মেডিক্যাল দেশের শেষ ভরসার জায়গা। এখান থেকে কোনো রোগী ফেরত দেওয়া হয় না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল থেকে জটিল ও সংকটাপন্ন রোগীদের এখানে পাঠানো হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে চিকিৎসা দিতে। তবে রোগীর আধিক্যের কারণে ব্যবস্থাপনায় কখনও কখনও বিলম্ব বা সীমাবদ্ধতা দেখা দেয়।’

ধারণক্ষমতার দেড়গুণের বেশি রোগী

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা ২ হাজার ৬০০। কিন্তু প্রতিদিন এখানে ৪ হাজার থেকে ৪ হাজার ৬০০ রোগী ভর্তি থাকে। বাড়তি এই রোগীদের সামাল দিতে শয্যা ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে তীব্র চাপ। শয্যা না পাওয়া অসংখ্য রোগীকে বাধ্য হয়েই মেঝে ও করিডোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর প্রভাব পড়ছে খাবার সরবরাহেও।

জরুরি ও বহির্বিভাগে উপচে পড়া ভিড়

ভর্তি রোগীদের বাইরেও প্রতিদিন হাসপাতালের জরুরি বিভাগে প্রায় ২ হাজার এবং বহির্বিভাগে ৬ থেকে ৭ হাজার রোগী চিকিৎসা নিতে আসে। সব মিলিয়ে দৈনিক নতুন করে ভর্তি হয় ৪০০ থেকে ৫০০ রোগী। এই বিপুল চাপ সামাল দিতে জরুরি বিভাগে ১৬ থেকে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি দুজন জরুরি মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করেন।

জরুরি বিভাগের ১০৫ নম্বর ক্যাজুয়ালটি কক্ষে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়। তবে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আসা মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক অস্ত্রোপচারে অগ্রাধিকার দিতে হয়। এতে আগে থেকে নির্ধারিত অস্ত্রোপচারের তালিকায় থাকা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা রোগী ও পরিবারের মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে।

আইসিইউ ও নবজাতক চিকিৎসায় অনিশ্চয়তা

হাসপাতালটির সবচেয়ে উদ্বেগজনক সংকট নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ। বিভিন্ন বিভাগ মিলিয়ে এখানে আইসিইউ শয্যা রয়েছে প্রায় ১৫০টি। এর মধ্যে জেনারেল আইসিইউ ৩৮টি এবং নবজাতকদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ) শয্যা ৩২টি। পরিচালকের মতে, প্রতিদিনের রোগীর চাপ বিবেচনায় এমন একটি বড় চিকিৎসাপ্রতিষ্ঠানে অন্তত ৩০০ থেকে ৪০০টি আইসিইউ শয্যা থাকা প্রয়োজন।

নবজাতকদের নিবিড় পরিচর্যার চিত্রটি আরও বেদনাদায়ক। প্রতিদিন ২৭ থেকে ৩০টি এনআইসিইউ শয্যার চাহিদা তৈরি হলেও নতুন করে খালি হয় মাত্র দুটি থেকে তিনটি শয্যা। ফলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নবজাতককে কোলে নিয়ে অসহায় মা-বাবাকে দীর্ঘ ও অনিশ্চিত অপেক্ষায় প্রহর গুনতে হয়। অনেক সময় সন্তানের প্রাণ বাঁচাতে সাধ্যের বাইরে গিয়েও তাদের বেসরকারি হাসপাতালের শয্যার খোঁজে ছুটতে হয়।

পরীক্ষা-নিরীক্ষায় বিলম্ব, অপ্রতুল জনবল ও অ্যাম্বুলেন্স

অতিরিক্ত রোগীর চাপে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রিএজেন্ট ও চিকিৎসা উপকরণের সরবরাহ সংকট। রোগীর তুলনায় জনবল সংকটও বড় বাধা। হাসপাতালের অনুমোদিত জনবল ১ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ করা হলেও প্রতিদিনের বিশাল কর্মযজ্ঞ সামলাতে তা যথেষ্ট নয়। ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর পড়ছে অমানসিক চাপ।

একই অবস্থা রোগী পরিবহনেও। দেশের অন্যতম বৃহৎ এই হাসপাতালে সচল নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ছয়টি, যার মধ্যে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। চাহিদার তুলনায় এই সংখ্যা নিতান্তই অপ্রতুল। এর পাশাপাশি রয়েছে তীব্র চালক সংকট। ১২ থেকে ১৩ জন চালক দিয়ে তিন পালায় ২৪ ঘণ্টা সেবা চালাতে হচ্ছে। ফলে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হলেও চালক না বাড়লে সেবা পরিচালনায় জটিলতা থেকেই যাবে।

সংকট উত্তরণে যেসব উদ্যোগ

হাসপাতালে শুধু রোগী নন, চরম দুর্ভোগ পোহান তাদের স্বজনরাও। প্রতি রাতে এক হাজারের বেশি স্বজনকে হাসপাতাল এলাকায় খোলা জায়গায় বা বারান্দায় রাত কাটাতে হয়। তাদের কষ্ট লাঘবে ৪০০ থেকে ৫০০ মানুষের ধারণক্ষমতার একটি দোতলা বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।

চিকিৎসা সরঞ্জামের সক্ষমতা বাড়াতে সম্প্রতি অচল হয়ে পড়া একটি এমআরআই যন্ত্র মেরামত করা হয়েছে এবং নতুন আরেকটি এমআরআই যন্ত্র স্থাপনের কাজ চলছে। জরুরি বিভাগের রোগীদের দ্রুত সেবা দিতে জরুরি কমপ্লেক্সে নতুন প্যাথলজি বিভাগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ১০টি অ্যাম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

শয্যা সংকট নিরসনে নেওয়া হয়েছে বড় অবকাঠামো পরিকল্পনা। নতুন ডিএমসি-২ ভবনে এক হাজার শয্যার ব্যবস্থা রয়েছে। রোগীর ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এর সঙ্গে নতুন তিনটি ব্লকে আরও ৩ হাজার শয্যা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শয্যা ও নিবিড় পরিচর্যাসেবার সক্ষমতা বাড়বে এবং দেশের শেষ ভরসার এই হাসপাতালে রোগীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা