গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বৈশ্বিক নানা সংকটকে পুঁজি করে বারবার দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডার। চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ৫৩ দশমিক ৬ শতাংশ দাম বাড়ানোর পরও সাধারণ ক্রেতাদের অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে এলপিজি সিলিন্ডার কিনতে। সর্বশেষ চলতি মাসের জন্য ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা বাজারে এলাকাভেদে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। বরাবরের মতো এবারও আমদানিকারক ও পরিবেশকরা এর জন্য একে অপরকে দায়ী করছেন। এ অবস্থায় তদারকিতে কঠোর নজরদারির পরামর্শ দিচ্ছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা।
মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর থেকে সারা বিশ্বের মতো বাংলাদেশের জ্বালানি খাতেও এর প্রভাব পড়েছে। পাশাপাশি এলপিজি আমদানির উৎস বদলে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিইআরসির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর আগে ওমান, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এলপিজি বেশি আমদানি করা হতো। এখন অধিকাংশ আমদানি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। গত বছরের সেপ্টেম্বরে দেশে আমদানি করা এলপিজির ২৭ দশমিক ৪ শতাংশ এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। সেখানে চলতি বছরের সেপ্টেম্বরে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে।
জ্বালানি খাতের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করে। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহার হয় রান্নার কাজে। বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ থাকায় ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা বাড়তে শুরু করে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এর প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে সরবরাহ করছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানির ৮৬ শতাংশ করেছে সাতটি প্রতিষ্ঠান। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ। এক কথায় আমদানির ক্ষেত্রে এমন আধিপত্য ও সরবরাহে ‘সিন্ডিকেটের’ কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, বিইআরসি লাইসেন্স দিয়েছে ৫২টি কোম্পানিকে; এর মধ্যে আমদানির অবকাঠামো রয়েছে ২৩টি কোম্পানির, কিন্তু নিয়মিত আমদানি করে মাত্র ৮ থেকে ১০টি কোম্পানি। আগস্টে আমদানি করেছিল ১৩টি কোম্পানি, সেপ্টেম্বরে ১০টি। সমস্যা হলো, এদের কয়েকটি কোম্পানি সরবরাহ কমালেই বাজারে টান পড়ে রান্নার কাজে ব্যবহৃত এই এলপিজির। আরেকটি সমস্যা হলো গ্যাসের সিলিন্ডার। প্রতিটি কোম্পানি নিজের সিলিন্ডারে শুধু নিজের গ্যাসই ভরে। তাই কোনো কোম্পানি আমদানি বন্ধ করে দিলে তার গ্রাহকের সিলিন্ডার অচল হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী সব কোম্পানিই যেকোনো সিলিন্ডার ফেরত নিতে বাধ্য, কিন্তু খুচরা বিক্রেতারা বন্ধ কোম্পানির সিলিন্ডার নিতে চান না। একটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, বাজারে প্রায় ৫ কোটি ৩০ লাখ সিলিন্ডার রয়েছে। যার প্রায় আড়াই কোটিই অলস পড়ে আছে। দেশের মোট ১ লাখ ৮০ হাজার টন মজুদ সক্ষমতার প্রায় ৪৭ শতাংশও ব্যবহার হচ্ছে না। কারণ যাদের ট্যাংক আছে, তাদের অনেকে আমদানি করছে না।
এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এলপিজি খাত পুরোপুরি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিইআরসিও গ্রাহকস্বার্থ দেখছে না। বাজার তদারকিতে তাদের জোরালো ভূমিকা নেই।’
গত মার্চে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। নভেম্বরে বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। শুধু নভেম্বরেই দাম বেড়েছে ২২৩ টাকাÑ ৫৩ দশমিক ৬ শতাংশ। যদিও কখনোই সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস মেলে না। সব সময় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে কিনতে হয় গ্রাহককে। বড় সিলিন্ডারে বাড়তি খরচের পরিমাণ আরও বেশি। পাঁচ-ছয় মাস ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০-৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ দাবি করেন, ‘কিছু এলাকায় অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ থাকলেও অনেক জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে কমেও গ্যাস বিক্রি হচ্ছে। যারা সরাসরি আমদানি না করে স্থানীয়ভাবে সিলিন্ডার সংগ্রহ করে বিক্রি করে, মূলত তাদের ব্র্যান্ডের দামই বাজারে বেশি। এছাড়া কিছু বড় কোম্পানির অব্যবহৃত সিলিন্ডার এবং আমদানি সংকটজনিত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক চলছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে বিইআরসি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কার্যকর উপায় খোঁজার চেষ্টা করছে।