প্রতীকী ছবি
বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো ও সৌরবিদ্যুৎ খাতে প্রযুক্তি, যন্ত্রপাতি ও পূর্ণাঙ্গ প্রকৌশল সেবা নিয়ে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীনের নানজিংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডিলে ইন্টেলিজেন্ট কোং। যৌথ উদ্যোগে সৌর প্যানেল ও বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। জ্বালানি আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় শিল্প সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নে সুস্পষ্ট নীতিমালা, সম্ভাব্যতা যাচাই ও স্বচ্ছ চুক্তি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার চীনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শিল্প ও প্রযুক্তি কেন্দ্র নানজিংয়ে প্রতিষ্ঠানটির কার্যালয় ও কারখানা সরেজমিনে পরিদর্শনের সময় এ আগ্রহের কথা উঠে আসে। বিদ্যুৎ বিতরণব্যবস্থা, উচ্চ ও নিম্ন ভোল্টেজের সরঞ্জাম, শিল্প-অটোমেশন ও নবায়নযোগ্য জ্বালানিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ঐতিহ্যের সঙ্গে জার্মানির বিদ্যুৎ প্রকৌশল খাতের দীর্ঘ অভিজ্ঞতা যুক্ত। ১৯৫৪ সালে জার্মানির স্টুটগার্টে বিদ্যুৎ বিতরণ ও ডিসি বাসবার প্রযুক্তি নিয়ে ডিলে জিএমবিএইচের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সাল থেকে শিল্প-অটোমেশন ও বুদ্ধিমান বৈদ্যুতিক যন্ত্রাংশের গবেষণা ও উৎপাদনে জোর দেয় তারা। বাজার ও প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে ২০১৮ সালে চীনের নানজিংয়ে ডিলে ইন্টেলিজেন্ট কোং এবং জার্মানির ফ্রাংকফুর্টে ডিলে টেকনিক জিএমবিএইচ প্রতিষ্ঠা করা হয়। ২০২২ সালে বিদ্যুৎ প্রযুক্তি খাতে বিস্তার এবং ২০২৪ সালে বিশেষায়িত উদ্ভাবনে গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এ সময়ে তারা বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও মান ব্যবস্থাপনার স্বীকৃতি অর্জন করেছে।
পূর্ণাঙ্গ প্রকৌশল সেবা
নানজিংয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘুরে দেখা যায়, তাদের পণ্য তালিকায় রয়েছে উচ্চ ও নিম্ন ভোল্টেজের সুইচগিয়ার, রিং মেইন ইউনিট, বক্স-টাইপ সাবস্টেশন, বিদ্যুৎ বিতরণ প্যানেল, ক্যাপাসিটর কম্পেনসেশন ক্যাবিনেট, কেবল ব্রাঞ্চ বক্স, মিটারিং বক্স ও সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম। শিল্প-কারখানা, বাণিজ্যিক ভবন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ নিরাপদে সংযোগ, নিয়ন্ত্রণ ও বিতরণের জন্য এসব সরঞ্জাম অপরিহার্য। শুধু যন্ত্রপাতি সরবরাহ নয়, বরং ১০ ও ৩৫ কিলো ভোল্টসহ বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ বিতরণ প্রকল্পের নকশা, নির্মাণ, কেবল স্থাপন, আর্থিং, পরীক্ষণ ও কমিশনিং পর্যন্ত সমন্বিত প্রকৌশল সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের।
বিনিয়োগের আগ্রহ
বাংলাদেশে শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদ এবং অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সুযোগ রয়েছে। চীনের বড় সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও বহুতল ভবনের ছাদে সৌর প্যানেল ব্যবহার করে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর প্রচলন ব্যাপক। বাংলাদেশেও এ মডেল কাজে লাগিয়ে প্রচলিত জ্বালানির ওপর চাপ ও শিল্পের বিদ্যুৎ ব্যয় কমানো সম্ভব।
আলোচনায় বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা দেশের বাজার ও বিনিয়োগের সুযোগ তুলে ধরে যৌথ উদ্যোগে সৌর প্যানেল উৎপাদন এবং প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ওভারসিজ সেলস ডিরেক্টর কোয়ান শুইউন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা উল্লেখযোগ্য সম্ভাবনা দেখছি। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ আমাদের আগ্রহী করেছে। স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে সৌরবিদ্যুৎ প্রকল্প, প্যানেল উৎপাদন ও বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমাদের প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা ও প্রকৌশল অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। উপযুক্ত বিনিয়োগ পরিবেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম গড়ে তোলার বিষয়ে আমরা আশাবাদী।’
প্রযুক্তি হস্তান্তর ও বাস্তবায়নের চ্যালেঞ্জ
এ ধরনের বিনিয়োগ বাস্তবায়িত হলে তা শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না। যৌথ উদ্যোগে দেশেই বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি হলে আমদানিনির্ভরতা কমবে, স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে পণ্য রপ্তানির পথও খুলতে পারে। এর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, প্রকৌশলী ও কারিগরি জনবলের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সেবা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
ডিজিটাল প্রযুক্তি, সবুজ জ্বালানি ও স্মার্ট সমাধানের সমন্বয়ে পূর্ণাঙ্গ সেবা প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো বিদেশি বিনিয়োগের এই আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া। এ ক্ষেত্রে শুধু যন্ত্রপাতি আমদানি নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, মান নিশ্চিতকরণ ও দক্ষ জনবল তৈরিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সুস্পষ্ট নীতিমালা, উপযুক্ত প্রকল্প নির্বাচন, জমি ও অবকাঠামোর ব্যবস্থা, বিস্তারিত সম্ভাব্যতা যাচাই, বিনিয়োগের শর্ত নির্ধারণ ও স্বচ্ছ চুক্তি জরুরি। এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে তা দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পাশাপাশি শিল্পায়ন ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।