গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের মানুষের সঞ্চয় ব্যাংকিং খাতে আসছে, বাড়ছে আর্থিক সেবার পরিধিও। কিন্তু আমানতের তুলনায় ঋণপ্রাপ্তিতে পিছিয়ে আছেন গ্রামীণ গ্রাহকরা। এ মাধ্যমে সংগৃহীত মোট আমানতের ৮১ শতাংশের বেশি গ্রাম থেকে এলেও ঋণের প্রায় ৩৬ শতাংশই পাচ্ছেন শহরের গ্রাহকরা। ঋণপ্রাপ্তিতে বড় ব্যবধান রয়েছে নারীদের ক্ষেত্রেও। তবে গ্রামীণ অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়াতে ইতিমধ্যে প্রায় ১৭ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের এজেন্ট ব্যাংকিং বিষয়ক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে গ্রামাঞ্চল থেকে এসেছে প্রায় ৪৩ হাজার ১৫২ কোটি টাকা, যা মোট আমানতের ৮১ দশমিক ২৬ শতাংশ। আর শহরাঞ্চল থেকে এসেছে ৯ হাজার ৯৫৬ কোটি টাকা বা ১৮ দশমিক ৭৪ শতাংশ।
অন্যদিকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ৪৪ হাজার ১১০ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে গ্রামের গ্রাহকরা পেয়েছেন ২৮ হাজার ২৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যা মোট ঋণের ৬৪ দশমিক ০৯ শতাংশ। বিপরীতে শহরের গ্রাহকরা পেয়েছেন ১৫ হাজার ৮৪০ কোটি ৪৯ লাখ টাকা বা ৩৫ দশমিক ৯১ শতাংশ।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এজেন্ট ব্যাংকিংয়ে গ্রামীণ এলাকায় ঋণ বিতরণ বাড়ানোর ক্ষেত্রে এজেন্টদের সক্ষমতার ঘাটতি একটি বড় বাধা। শুধু আমানত সংগ্রহ ও লেনদেনের মধ্যে এই সেবা সীমাবদ্ধ থাকলে গ্রামীণ অর্থনীতিতে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাবে না। এ জন্য এজেন্টদের ঋণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিতে হবে। এতে গ্রামীণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ পাওয়ার সুযোগ বাড়বে।
ঋণ বিতরণ বাড়ছে, ব্যবধানও রয়েছে
গ্রামীণ এলাকায় ঋণ বিতরণের হার আগের প্রান্তিকের তুলনায় কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে গ্রামীণ এলাকায় ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ৬৬ শতাংশে, যা আগের প্রান্তিকে ছিল ৬২ শতাংশ। অর্থাৎ তিন মাসে গ্রামে সংগৃহীত আমানতের বিপরীতে ঋণ বিতরণের হার বেড়েছে ৪ শতাংশীয় পয়েন্ট। তবে ঋণ বিতরণে সব ব্যাংকের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। সেপ্টেম্বর শেষে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলেও ঋণ বিতরণ করেছে ২৩টি ব্যাংক। ফলে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় থাকা সব অঞ্চলে ঋণ পাওয়ার সুযোগ সমানভাবে তৈরি হয়নি।
নারীদের ঋণপ্রাপ্তিতেও বড় ব্যবধান
এজেন্ট ব্যাংকিংয়ে নারী ও পুরুষের ঋণপ্রাপ্তিতেও বড় বৈষম্য দেখা গেছে। এ মাধ্যমে বিতরণ করা মোট ঋণের ৮৪ দশমিক ৩৬ শতাংশ পেয়েছেন পুরুষ গ্রাহকরা। বিপরীতে নারীদের অংশ মাত্র ১২ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া অন্যান্য শ্রেণির গ্রাহকের অংশ ২ দশমিক ৯১ শতাংশ। অথচ এজেন্ট ব্যাংকিংয়ের মোট হিসাবের প্রায় অর্ধেক নারীদের নামে এবং মোট আমানতের ৩৭ দশমিক ০১ শতাংশও এসেছে নারী গ্রাহকদের কাছ থেকে।
গ্রামে আউটলেট ও প্রবাস আয় বেশি
আর্থিক সেবা বিস্তারে গ্রামাঞ্চলই এগিয়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিংয়ের মোট আউটলেট ছিল ২০ হাজার ৬৮১টি। এর মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ১৭ হাজার ৬৮৫টি, যা মোট আউটলেটের ৮৫ দশমিক ৫১ শতাংশ। মোট হিসাবের প্রায় ৮৫ শতাংশও গ্রামীণ গ্রাহকদের। পাশাপাশি সেপ্টেম্বর পর্যন্ত এ মাধ্যমে বিতরণ করা প্রবাস আয়ের ৯০ দশমিক ৪৭ শতাংশই পেয়েছেন গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা।
গ্রামে ঋণ বাড়াতে ১৭ হাজার কোটি টাকার তহবিল
এদিকে গ্রাম ও দুর্গম অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ১৭ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ সাড়ে ৯ হাজার কোটি টাকা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বরাদ্দ ৭ হাজার ২৪৫ কোটি টাকা।
এর আওতায় গ্রামীণ এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও উদ্যোক্তাদের অর্থায়নে গঠন করা হয়েছে আরও ৩ হাজার কোটি টাকার তহবিল। এ ছাড়া গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে জামানত ছাড়াই ঋণ দিতে দেড় হাজার কোটি টাকার আরেকটি তহবিল রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে পিকেএসএফ গ্রামীণ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ৭ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে।