আজিজুল ইসলাম
প্রকাশ : ১৬ মিনিট আগে
আপডেট : ১৬ মিনিট আগে
সুইডেন আসলাম। ফাইল ছবি
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের মোবাইল ফোনে কোটি টাকার বেশি আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। একটি স্টেটমেন্টে ৮৬ লাখ ৮৮ হাজার টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে। অপরাধজগতের আরেক আলোচিত ব্যক্তি জিসানের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্যও মিলেছে। এ ছাড়া কয়েকজন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আসলাম। এরপর প্রায় দুই বছর ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। সর্বশেষ ঢাকা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন একটি বাসায় তার অবস্থান শনাক্ত করেন গোয়েন্দারা। গত রবিবার রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মিন্টো রোডের কার্যালয়ে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আসলাম দাবি করেন, অপরাধজগতের সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। বয়স হয়েছে, দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং নতুন করে অপরাধে জড়াতে চান না। তার এক মেয়ের বিয়ে হয়েছে, অন্য মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
তবে তার মোবাইল ফোনের তথ্য এসব দাবির পাশাপাশি নতুন প্রশ্ন তুলেছে। গোয়েন্দাদের দাবি, ফোনে জিসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন কার সঙ্গে ও কী উদ্দেশ্যে হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কোথায় ছিলেন দুই বছর
কারামুক্তির পর সুইডেন আসলামের অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। গোয়েন্দারা বলছেন, লালবাগ ও চকবাজার এলাকায় তার অবস্থানের খবর পেয়ে একাধিকবার অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসায় তার অবস্থান শনাক্ত করা হয়। কারামুক্তির পর থাইল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনসহ কয়েকটি দেশে যাতায়াত করেছেন বলেও গোয়েন্দাদের জানিয়েছেন আসলাম।
অপরাধজগতের পুরনো অধ্যায়
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, শেখ মোহাম্মদ আসলামের জন্ম ১৯৬২ সালের ২ ফেব্রুয়ারি। তাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে থাকতেন। তিন ভাই ও চার বোনের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়।
তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে তেজগাঁও কলেজে ভর্তি হন আসলাম। ফুটবলে ভালো ছিলেন; স্কুলের হয়ে আন্তঃজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। তবে পড়াশোনার পাশাপাশি জড়িয়ে পড়েন অপরাধজগতে। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় তার প্রভাব বাড়তে থাকে। কিশোর শাকিল হত্যা, বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসেন তিনি।
কারওয়ান বাজার ও ফার্মগেটে আধিপত্য বিস্তার নিয়ে রানা গ্রুপের সঙ্গে বিরোধে জড়ান আসলাম। ১৯৯৬ সালে রানা গ্রুপের পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান। একই বছর সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগরে তার প্রভাব বিস্তৃত হয়।
যেভাবে হলেন সুইডেন আসলাম
আসলামের প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর কয়েক বছর স্ত্রীর সঙ্গে সুইডেনে বসবাস করেন তিনি। দেশে ফেরার পর তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’ শব্দটি। পরে তাদের বিচ্ছেদ হয়।
১৯৯৭ সালের ২৬ মে যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যা মামলায় গ্রেপ্তার হন আসলাম। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়, যার মধ্যে ৯টি হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত মামলাও ছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
কারাগারের ভেতরেও প্রভাব : দীর্ঘ কারাবাসেও অপরাধজগতের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে। গোয়েন্দা সূত্রের দাবি, সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে বাইরে নিজের প্রভাব বজায় রাখতেন তিনি। তার নাম ব্যবহার করে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের আড়তমালিক, গার্মেন্টস ও জমি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছিল। কারাগারের সেলে মোবাইল ফোন রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব ফোনে সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
জামিনে মুক্তি, আবারও গ্রেপ্তার
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম। এরপর কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় অপরাধজগতের আধিপত্য নিয়ে বিভিন্ন বিরোধে তার নাম আলোচনায় আসে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পরও তার নাম আলোচিত হয়। তবে এসব ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।
এবার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আসলাম। গত ২৮ এপ্রিল শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীর গুলিতে নিহত হন টিটন। বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারীরা হত্যার পরিকল্পনা, ইন্ধনদাতা, অস্ত্রের উৎস ও সহযোগীদের শনাক্তের পাশাপাশি তার সাম্প্রতিক যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছেন।