× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ঐক্যে বিরোধীদের শর্ত

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১২ মিনিট আগে

সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হয়। ছবি: পিএমও

সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হয়। ছবি: পিএমও

দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। বিশেষ করে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী দলগুলোর নিজেদের অস্তিত্বের স্বার্থেই ঐক্যবদ্ধ থাকা জরুরি। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিলেও তা অর্জনের পথে যুক্ত হচ্ছে নানা শর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত সামনে আনছে সংসদের বিরোধী দল। ফলে প্রধানমন্ত্রীর আহ্বান ও বিরোধী দলগুলোর শর্তের মধ্যে কতটা সমঝোতা সম্ভব, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও এ বিষয়ে তার আলোচনা হয়। এর ধারাবাহিকতায় সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়। গতকাল সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হয়।

এনসিপি চায় আগে প্রতিশ্রুতি রক্ষার

জাতীয় ঐক্যের প্রশ্নে সবচেয়ে সুনির্দিষ্ট শর্ত দিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যের আগে সরকারকে জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়নে স্পষ্ট অঙ্গীকার করতে হবে। পাশাপাশি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের দাবিও জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্য সফর শেষে রবিবার দেশে ফিরে নাহিদ ইসলাম বলেন, অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি সরকার সংশোধন না করলে জাতীয় ঐক্যের উদ্যোগ অর্থবহ হবে না। শুধু আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানোর উদ্দেশ্যে কোনো ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না বলেও জানান তিনি। 

জামায়াত চায় গণভোটের রায় বাস্তবায়ন

জামায়াতে ইসলামীও প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটির শর্ত, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জাতীয় ঐক্যের উদ্যোগে কোনো অসৎ উদ্দেশ্য থাকা উচিত নয়। অতীতে সরকার নিজেদের পছন্দ অনুযায়ী সংলাপ পরিচালনা করায় অনেক উদ্যোগ ব্যর্থ হয়েছে।

অন্য দলগুলোর শর্তও রয়েছে

জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্যের জন্য তাদের সাত দফা দাবি পূরণ করতে হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার। এসব বিষয়ে কোনো আপস করা হবে না।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, রাজনৈতিক প্রতিযোগিতা বা বিরোধ থাকলেও এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ তৈরি হয়। সংলাপের মাধ্যমে অভিন্ন অবস্থান তৈরির আশা করছে দলটি।

আলোচনায় ছাড় সরকারের, সংবিধান প্রশ্নে অনড়

সরকারের অবস্থান, জুলাই সনদ বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তবে সংবিধান সংশোধন সংসদের মাধ্যমেই হতে হবে বলে মনে করে সরকার। এ লক্ষ্যে সংসদে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভিত্তি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের আইনগত বৈধতা নিয়েও সরকারের আপত্তি রয়েছে। ফলে এনসিপি ও জামায়াতের অন্যতম প্রধান দাবিতে এখনও সম্মতির চূড়ান্ত ঘোষণা দেয়নি সরকার।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি কর— এমন কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী নেটওয়ার্ককে কর্মকাণ্ড চালাতে দেওয়া যাবে না। অন্তত এ বিষয়ে সবার ঐকমত্য থাকা প্রয়োজন।

 সম্ভাবনা কতটা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকাকালে সহিংসতা, নৈরাজ্য ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান রয়েছে। এই ঐকমত্যকে ভিত্তি করেই সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি আশা করছে, আলোচনার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং রাজনৈতিক বিভাজন কমবে।

শর্ত দিয়ে ঐক্য নয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সহিংসতা প্রতিরোধে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে তার উদার মনোভাবের প্রতিফলন ঘটেছে। রাজনৈতিক দলগুলোরও একই রকম খোলা মন নিয়ে এগিয়ে আসা উচিত। সাধারণ মানুষের প্রত্যাশাও তা-ই।

তিনি বলেন, বিরোধী দল নানা শর্ত আরোপ করে জাতীয় ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পথ সুগম হতে পারে। এতে দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে। বিরোধী দলগুলোর দাবি-দাওয়া থাকতেই পারে, তবে সেগুলোর সমাধান সাংবিধানিক পথেই সম্ভব। জাতীয় ঐক্য বিনষ্টের মতো শর্ত আরোপের সময় এখন নয়। শর্তের বেড়াজালে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। সেটিই জুলাই জাতীয় গণঅভ্যুত্থানের মূল স্পিরিট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা