নিউরোসায়েন্সে প্রকল্পের কেনাকাটায় সাগরচুরি
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। ছবি: সংগৃহীত
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০৬ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পে কেনাকাটার নামে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। তবে বাজারদরের তুলনায় কয়েকগুণ বেশি দামে পণ্য কেনার অভিযোগ কীভাবে যাচাই করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তদন্ত কার্যক্রম সম্পর্কে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বীকার করেছেন, ‘তদন্তটি ফলপ্রসূ হয়নি, তদন্ত দলও ছিল কিছুটা দুর্বল। এর ফলে অভিযোগের কিছুই প্রমাণ হয়নি, বরং অভিযুক্ত নির্দোষও হতে পারেন।’
কমিটির সভাপতি ডা. সবিজুর রহমান এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, পরিচালকের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেখান থেকে এসব জানা যাবে। সদস্য ডা. মাহমুদুর রহমানও কথা বলতে চাননি। শুধু তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ‘নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার সম্প্রসারণ প্রকল্পে কেনাকাটায় সাগরচুরি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সবিজুর রহমানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান ও মেডিকেল অফিসার ডা. এরশাদ মিয়া। ১০ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল। সম্প্রতি কমিটি পরিচালকের দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন প্রসঙ্গে অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রতিবেদনটি হাতে এলেও খাম খুলে এখনও তার পড়া হয়নি। তবে শুনেছেন, অভিযোগে কিছুই প্রমাণ হয়নি। এমনকি অভিযুক্ত ব্যক্তি নির্দোষও হতে পারেন। তার মতে, ‘তদন্তটি খুব একটা ফলপ্রসূ কিছু হয়নি। ভেতরের সত্য বের করতে হলে বিভিন্ন মানুষের কাছ থেকে কথা বের করার কৌশল জানতে হয়। আমার ধারণা, তদন্ত দল হয়তো কিছুটা দুর্বল ছিল।’
অভিযোগ অনুযায়ী সম্প্রসারণ প্রকল্পের প্রতিটি সেক্রেটারিয়েট টেবিল কেনা হয়েছে আড়াই লাখ টাকায়, রিভলভিং চেয়ার ৮০ হাজার এবং কম্পিউটার ১ লাখ ৮০ হাজার টাকায়। ৬০টি কম্পিউটারে ব্যয় ১ কোটি ৮ লাখ, ১০টি স্ক্যানারে ৩৫ লাখ ও পাঁচটি ফটোকপি মেশিনে ২০ লাখ টাকা। ৪০টি আইসিইউ ভেন্টিলেটরে ১২ কোটি ৮০ লাখ, ৪৫০টি হাসপাতাল বেডে ১৫ কোটি ৭৫ লাখ এবং দুটি মেডিকেল বর্জ্য শোধনাগারে ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। ৪০টি আইসিইউ ও এইচডিইউ বেডে ১ কোটি ৮০ লাখ, ইনফিউশন পাম্পে ৬০ লাখ এবং ভিটাল সাইন/পালস অক্সিমিটারে ৮০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ের হিসাব রয়েছে। দুটি মোবাইল এক্স-রে মেশিনে আড়াই কোটি ও দুটি মোবাইল সি-আর্ম মেশিনে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব পণ্যের দাম বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি। কিন্তু প্রতিটি পণ্যের ব্র্যান্ড, মডেল, স্পেসিফিকেশন ও ক্রয়কাল ধরে বাজারদর যাচাই হয়েছে কি না, তদন্ত কমিটি তা স্পষ্ট করেনি।
প্রসঙ্গত, এ অভিযোগের কেন্দ্রে রয়েছেন হাসপাতালের কেয়ারটেকার শামীম আল মারুফ। ১৬তম গ্রেডের কেয়ারটেকার হয়েও তাকে ১৪তম গ্রেডের হিসাবরক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। প্রকল্প পরিচালক ডা. বদরুল আলমের বিরুদ্ধে এক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।