ডিএসসিসির উন্নয়ন প্রকল্প
জোসনা জামান
প্রকাশ : ১৬ মিনিট আগে
গ্রাফিক্স: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন একটি প্রকল্পের ড্রেন নির্মাণের ব্যয় একই ধরনের অন্য একাটি প্রকল্পের তুলনায় পাঁচগুণ বেশি ধরার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে দেখা গেছে নানা অসঙ্গতি। সম্প্রতি এ অভিযোগে প্রকল্পটির প্রস্তাব অনুমোদন স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রকল্পটির খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হয়েছিল। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, একনেক সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. এহছানুল হক জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় ডিএসসিরে সরকারি তহবিল (জিওবি) ও নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, সড়ক উন্নয়ন, নর্দমা নির্মাণ, ফুটপাত নির্মাণের মাধ্যমে ডিএসসিসির যোগাযোগ, নগরীর পরিবেশ ও নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করা।
প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম হলোÑ সড়ক উন্নয়ন, নর্দমা উন্নয়ন, ফুটপাত উন্নয়ন এবং মিডিয়ান সংস্কার করা হবে। গত ২১ জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। সে অনুযায়ী ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। ডিপিপি অনুযায়ী প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে চলতি বছর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে মোট ৭১৪ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৪৯৬ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার এবং ডিএসসিসির নিজস্ব তহবিলের অর্থায়ন ধরা হয়েছে ১১৪ কোটি ২৮ লাখ ৩৬ হাজার টাকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনুমোদন স্থগিত বলা যায় না। প্রকল্পটির আপাতত অনুমোদন দেওয়া হয়নি। বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রতিপালন করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পুনর্গঠন করে পুনরায় একনেক বৈঠকে উপস্থাপন করা হলে অনুমোদন দেওয়া হবে। তিনি জানান, প্রকল্পের খরচ কমাতে বলা হয়েছে। আরও কিছু সুপারিশ দেওয়া হয়েছে।
একনেকে বৈঠকে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডিএসসিসি এলাকাতেই জলাবদ্ধতার সমস্যা বেশি হয়। জলাবদ্ধতা থেকে আগামী মৌসুমে নগরবাসীকে স্বস্তি দিতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এটি অনুমোদন করা হলে আগামী বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করা যাবে।
একনেক বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গ্রিন রোড ও পান্থপথসহ কলাবাগান থানা এলাকা সবচেয়ে বেশি সময় জলাবদ্ধ থাকে। এ ছাড়া হাজারীবাগের কিছু অংশও জলাবদ্ধতায় আক্রান্ত। তবে মূল প্রকল্পে থানা হিসেবে কলাবাগান ও হাজারীবাগের নাম বাদ পড়েছিল, প্রকল্পের কাজে এসব এলাকা অন্তর্ভুক্ত করা হলে জলাবদ্ধতা নিরসন কার্যকর হবে।
পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু একনেক বৈঠকে বলেন, ড্রেনের পানি সরাসরি বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন করা হলে নদীর পানি দূষিত হবে। পরিবেশগত দিক বিবেচনায় নিয়ে ড্রেন বা পাম্পের মাধ্যমে নিষ্কাশিত পানি যথাযথভাবে ট্রিটমেন্ট (শোধিত) করার পরই বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান একনেকে বলেন, প্রকল্পে প্রতি কিলোমিটার ড্রেন নির্মাণে প্রায় ১০ কোটি টাকা প্রস্তাব হয়েছে। এটি আগে অনুমোদিত একটি প্রকল্পের ড্রেন নির্মাণের ব্যয়ের তুলনায় প্রায় ৫ গুণ বেশি।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় প্রাক্কলন যৌক্তিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থার কারিগরি নকশার পূর্ণাঙ্গ বিবরণ, কলাবাগান ও হাজারীবাগ অন্তর্ভুক্ত করে প্রকল্প এলাকা পুনর্নির্ধারণ, ড্রেনের পানি প্রাকৃতিক জলাধারে নিষ্কাশনের পূর্বে পরিশোধনের ব্যবস্থা অন্তর্ভুক্তকরণ এবং অন্যান্য পরিবেশগত বিষয় যথাযথভাবে প্রতিফলন করে প্রকল্পটি পুনরায় একনেক সভায় উপস্থাপন করতে হবে।
একনেকে নেওয়া সিদ্ধান্ত
ডিএসসিসির আওতাধীন প্রধান সড়কসমূহের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ব্যয় প্রাক্কলন যৌক্তিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থার কারিগরি নকশার পূর্ণাঙ্গ বিবরণ, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা অন্তর্ভুক্ত করে প্রকল্প এলাকা পুনর্নির্ধারণ, ড্রেনের পানি প্রাকৃতিক জলাধারে নিষ্কাশনের আগে পরিশোধন করার ব্যবস্থা অন্তর্ভুক্তকরণ করতে হবে। এ ছাড়া অন্যান্য পরিবেশগত বিষয় যথাযথভাবে প্রতিপালন করে একনেকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সেক্টরে পাঠানো হবে।