সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে। ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত অধিদপ্তর। প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাজধানীর শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর এর জমি নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল। তবে এক্ষেত্রে অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। গণপূর্ত অধিদপ্তরের সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে অধিদপ্তরের মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) যন্ত্রাংশ এবং দুটি গাড়ি ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলন চলার সময় মামলা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।
শেরেবাংলা নগর গণপূর্ত-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সামনে রেখে তারা প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। ওইদিন নতুন সচিবালয় নির্মাণের নামফলক স্থাপনের পরিকল্পনা চলছে।
বিশ্ববিদ্যালয় স্থানান্তর হচ্ছে না
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সচিবালয় স্থাপনের উদ্যোগ ঘিরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের সালনায় স্থানান্তরের ‘গুজব’। ১৯৯৮ সালে তৎকালীন শেরেবাংলা কৃষি ইনস্টিটিউটকে গাজীপুরের সালনায় স্থানান্তরের প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছিল। তবে তা স্থানান্তর না করায় সেখানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ফলে আগের স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও এখন আর নেই বলে জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্দেশনা তারা পাননি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, গণপূর্ত মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন বলে জানা গেছে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন সচিবালয় নির্মাণের যে ডিপিপি তৈরি করা হচ্ছে তা নির্ধারিত জায়গার মধ্যেই করা হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রচারকে ‘গুজব’ হিসেবে আখ্যায়িত করে এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, সিদ্ধান্ত অনুযায়ী ওই স্থানেই সচিবালয় নির্মাণ করা হবে। গাজীপুরের সালনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, ১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ সরকার বেঙ্গল অ্যাগ্রিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য ২৬৮ দশমিক ৮২ একর জমি অধিগ্রহণ করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৯২০ সালের গেজেটে জমির বিষয়ে তথ্য রয়েছে। তবে জমির সব কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। সিএস, আরএসসহ প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত নথি সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়ের আইন ও এস্টেট শাখা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ৮৭ একর জমির খাজনা কয়েক বছর ধরে পরিশোধ করা হচ্ছে। তবে পুরনো বাণিজ্য মেলার মাঠের খাজনা বিশ্ববিদ্যালয় দেয় না।’
এ প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্ত অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত। মাঠসহ আশপাশের স্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ১৫৭ একর জমি গণপূর্তের নামে রয়েছে। শেরেবাংলা নগরের আশপাশের সকল সরকারি স্থাপনা গণপূর্ত অধিদপ্তর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।’