চীনের শেনঝেনে প্রযুক্তিবিপ্লব
ব্যবসা, প্রযুক্তি ও উৎপাদনের নিরবচ্ছিন্ন গতিতে গড়ে ওঠা চীনের শেনঝেন। ছবি: সংগৃহীত
চীনের শেনঝেনের স্বাভাবিক কর্মচাঞ্চল্যের বাইরে ব্যবসা, প্রযুক্তি ও উৎপাদনের নিরবচ্ছিন্ন গতিই যেন দেশটিকে বৃহত্তর অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করেছে। পরিসংখ্যানও চীনের এই পরিবর্তনের সাক্ষ্য দিচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১০ সালে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল প্রায় ৬ দশমিক ১৯ ট্রিলিয়ন ডলার। ২০২৬ সালের ১১ মাসে জিডিপি ২১.৫৫ ট্রিলিয়ন ডলার।
ডলারের হিসাবে দেড় দশকের বেশি সময়ে অর্থনীতির আকার বেড়েছে তিনগুণের বেশি। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি, গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং উৎপাদন ব্যবস্থার ধারাবাহিক আধুনিকায়ন। একসময় চীনের পরিচিতি ছিল পোশাক, খেলনা, জুতা ও সাধারণ ভোগ্যপণ্যের উৎপাদন কেন্দ্র হিসেবে। ‘মেড ইন চায়না’ লেখা পণ্য ছড়িয়ে পড়েছিল বিশ্বের প্রায় প্রতিটি বাজারে। কিন্তু সেই পরিচিতির গণ্ডি অনেক আগেই পেরিয়েছে দেশটি। এখন বৈদ্যুতিক গাড়ি, উন্নত ব্যাটারি, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, ড্রোন, রোবট, টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে চীনের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে।
চীনের অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলোÑ উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি উৎপাদনের ধরন ও প্রযুক্তিগত সক্ষমতাও বদলে গেছে। সস্তা শ্রমের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে দেশটি এখন প্রযুক্তি, গবেষণা, দক্ষতা ও উদ্ভাবন নিয়ে এসেছে শিল্পের কেন্দ্রে।
শেনঝেনের দিকে তাকালে এই রূপান্তরের বাস্তব চিত্র আরও স্পষ্ট হয়। কয়েক দশক আগেও শহরটি ছিল তুলনামূলক ছোট একটি জনপদ। এখন এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি, ইলেকট্রনিকস ও উৎপাদন কেন্দ্র। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন, ইলেকট্রনিকস, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্যের উৎপাদনে শেনঝেনের রয়েছে বিশেষ অবস্থান। শহরটির অর্থনৈতিক সাফল্যের একটি বড় কারণ হলোÑ এখানে গবেষণা, নকশা, প্রযুক্তি উন্নয়ন, যন্ত্রাংশ উৎপাদন ও বাজারজাতকরণের মধ্যে তৈরি হয়েছে নিবিড় সংযোগ।
শেনঝেনের বিশেষত্ব হলোÑ এখানে প্রযুক্তি শুধু গবেষণাগার বা প্রদর্শনীর বিষয় নয়; এটি সরাসরি উৎপাদন ও ব্যবসার সঙ্গে যুক্ত। একটি ধারণা থেকে পণ্য তৈরি, পণ্য থেকে বাজার ও বাজার থেকে নতুন উদ্ভাবনÑ এই পুরো প্রক্রিয়াটি এখানে দ্রুত এগিয়ে চলে। এই পরিবেশই শেনঝেনকে চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রার অন্যতম প্রধান কেন্দ্র করে তুলেছে।
শেনঝেনের প্রযুক্তি শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগের একটি উদাহরণ হলোÑ শেনঝেন টেকোট টেকনোলজিস কোম্পানি লিমিটেড। ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য খাতে কাজ করা এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের ইলেকট্রনিকস খাতের পরিচিত প্রতিষ্ঠান ওয়ালটনসহ বেশ কয়েকটি কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ সংগ্রহ করে। এ ধরনের ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের শিল্পায়নে চীনা প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে। বাংলাদেশের বাজারে ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্যের চাহিদা বাড়ছে।
প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর বেকি ওয়াং প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পের সম্ভাবনা ও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং প্রযুক্তিপণ্য ও যন্ত্রাংশ সরবরাহের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এই সহযোগিতার অর্থ শুধু চীন থেকে যন্ত্রাংশ নিয়ে বাংলাদেশে পণ্য সংযোজন করা নয়। বরং প্রযুক্তি বিনিময়, দক্ষতা বৃদ্ধি, স্থানীয় উৎপাদন সক্ষমতা উন্নয়ন এবং ধীরে ধীরে নিজস্ব প্রযুক্তিগত ভিত্তি তৈরি করাই হতে পারে বাংলাদেশের বড় লক্ষ্য।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্য চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে ইলেকট্রনিকস শিল্প। এখানে স্থানীয় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, গবেষণা, নকশা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশের শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
চীনের এই অগ্রগতির সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানি হয়েছে প্রায় ২ লাখ ১৯ হাজার ৮৮৯ কোটি টাকার পণ্য, যা দেশের মোট আমদানির প্রায় ২৭ শতাংশ।
বাংলাদেশ চীন থেকে মূলত তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য এবং বিভিন্ন শিল্পের উপকরণ আমদানি করে। দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থার বড় একটি অংশ চীনা পণ্য ও যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।
অন্যদিকে বাংলাদেশ চীনে রপ্তানি করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও বিভিন্ন শিল্পপণ্য। কিন্তু আমদানির তুলনায় রপ্তানি অনেক কম। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ঘাটতি রয়েছে। এই ঘাটতি শুধু হিসাবের খাতায় একটি সংখ্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের শিল্পের কাঠামো, উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার প্রশ্ন।
চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা হলোÑ শুধু সস্তা শ্রম দিয়ে দীর্ঘদিন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। একসময় চীনও সস্তা শ্রম ও ব্যাপক উৎপাদনের ওপর নির্ভর করে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছিল। কিন্তু সময়ের সঙ্গে তারা উৎপাদন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করেছে, দক্ষ জনশক্তি তৈরি করেছে এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়িয়েছে। বাংলাদেশের সামনে এখন একই ধরনের রূপান্তরের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কিন্তু এই খাতের পাশাপাশি নতুন শিল্প, উচ্চমূল্যের পণ্য, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার তৈরি করতে হবে। শিল্পের বহুমুখীকরণ ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা কঠিন।