গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে ৩ লাখ ১১ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ। গত এক বছরে এই অর্থ বেড়েছে ১৩ শতাংশের বেশি। একই সময়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদ নিরাপদে রাখতে সিন্দুক কেনার প্রবণতাও বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের প্রতি অনাস্থা, অবৈধ অর্থ জমিয়ে রাখা ও ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ ধরে রাখা হচ্ছে। ব্যাংকে বড় অঙ্কের চেক নগদায়ন করতে গিয়ে এক হাজার টাকার নোট পাচ্ছেন না অনেক গ্রাহক। পাঁচ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে গেলেও কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ৫০০, ১০০, ৫০ কিংবা ২০ টাকার নোট।
বিভিন্ন ব্যাংকের শাখায় বড় অঙ্কের টাকা তুলতে যাওয়া গ্রাহকদের অনেকেই জানিয়েছেন এ ধরনের অভিজ্ঞতার কথা। ফলে প্রশ্ন উঠেছে, অর্থনীতিতে বিপুল পরিমাণ নগদ টাকা থাকার পরও ব্যাংকগুলো কেন গ্রাহকের চাহিদা অনুযায়ী বড় নোট দিতে পারছে না। এ অবস্থায় ১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিল করে বিনা প্রশ্নে ব্যাংকে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এর ফলে একদিকে কালো টাকা ব্যাংকে চলে আসবে, অন্যদিকে ব্যাংকগুলোর তারল্য সংকট কিছুটা হলেও কমবে। এদিকে একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সারা দেশে চলমান সহিংস ঘটনায় ব্যবহৃত হচ্ছে ঘরে মজুদ করা টাকা।
ব্যাংকের বাইরে ৩ লাখ ১১ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুনে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ দুই বছর তিন মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে ২০ হাজার ৬২৯ কোটি ১০ লাখ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ।
নগদ অর্থ জমছে কার হাতে
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উচ্চবিত্ত ও ব্যবসায়ী শ্রেণির মধ্যে নিজেদের কাছে নগদ অর্থ রাখার প্রবণতা তুলনামূলক বেশি। বিশেষ করে যাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা রয়েছে, তাদের কেউ কেউ ব্যাংকে টাকা না রেখে নগদে সংরক্ষণ করেন। বড় অঙ্কের অর্থ অল্প জায়গায় রাখতে সুবিধা হওয়ায় এক হাজার টাকার নোটের ব্যবহারও এ ক্ষেত্রে বেশি।
অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা নগদ অর্থ জমিয়ে রাখতে বড় নোট পছন্দ করেন। এসব অর্থ আর্থিক ব্যবস্থার বাইরে চলে গেলে প্রকৃত মালিক ও অর্থের উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই শুধু ব্যাংকে টাকা ফেরানোর উদ্যোগ না নিয়ে অবৈধ অর্থের উৎস বন্ধ করাও জরুরি।
ব্যাংকের বাইরে টাকা রাখার কারণ কী
ব্যাংকের বাইরে নগদ অর্থ জমে থাকার পেছনে একাধিক কারণ রয়েছে। ব্যাংকের প্রতি আস্থার অভাব, আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ব্যবসায়িক লেনদেনের প্রয়োজন ও অর্থের উৎস প্রকাশ না করার প্রবণতা এর মধ্যে রয়েছে।
এ প্রসঙ্গে ড. মোস্তফা কে মুজেরীর মতে, মানুষ কেন ব্যাংকে টাকা না রেখে নিজেদের কাছে রাখছে, তা অনুসন্ধান করা প্রয়োজন। এ ক্ষেত্রে ব্যাংকের প্রতি আস্থা, মূল্যস্ফীতি এবং আমানতের প্রকৃত মুনাফার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
সিন্দুকের চাহিদা বেড়েছে
নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিজেদের কাছে সংরক্ষণের প্রবণতার আরেকটি চিত্র পাওয়া যাচ্ছে পুরান ঢাকার বংশালের সিন্দুকের বাজারে। ব্যবসায়ীদের দাবি, গত ১০ বছরে সিন্দুকের বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। আগে সাধারণ সিন্দুকের চাহিদা বেশি থাকলেও গত পাঁচ বছরে ডিজিটাল সিন্দুকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
বংশালের ইংলিশ রোডের জুয়েল মেটালের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, তাদের দোকানে প্রতি মাসে ১০ থেকে ১৫টি সিন্দুক বিক্রি হয়। বাপ্পি স্টিল কিংয়ের স্বত্বাধিকারী মনির হোসেন শিকদার বলেন, আগে সিন্দুক বা লকারের প্রধান ক্রেতা ছিল স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক। এখন সাধারণ মানুষও নিজেদের সম্পদ নিরাপদে রাখতে বাসাবাড়িতে এসব কিনছেন।
নোট বাতিলের প্রস্তাব
ব্যাংকের বাইরে জমে থাকা অর্থ ফিরিয়ে আনতে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রস্তাবও দিয়েছেন অর্থনীতিবিদরা। এর পক্ষে যুক্তি হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব নোট ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হলে নগদে আটকে থাকা অর্থের একটি অংশ ব্যাংকিং ব্যবস্থায় ফিরতে পারে। এতে আমানত বাড়ার সুযোগ তৈরি হবে। অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এক হাজার টাকার নোটের চাহিদা বেশি হওয়ায় বাংলাদেশ ব্যাংক এই নোট বেশি ছাপায়। বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিলে নতুন নোট ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। পাশাপাশি পুরনো ও নষ্ট নোট তুলে নিয়ে (বাতিল করে) নতুন নোট বাজারে ছাড়ার ব্যবস্থাও রয়েছে।
তবে ড. মোস্তফা কে মুজেরীর মতে, এক হাজার টাকার নোট বাতিলের আগে এর অর্থনৈতিক প্রভাব ও ব্যয় বিবেচনা করতে হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারত সরকার ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে। কালোটাকা ও জাল নোট নিয়ন্ত্রণ ও ডিজিটাল লেনদেন বাড়ানো ছিল এর উদ্দেশ্য। পরবর্তীতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য হচ্ছেÑ বাতিল হওয়া নোটের প্রায় ৯৯ শতাংশই ব্যাংকিং ব্যবস্থায় ফিরে এসেছে।
ডিজিটাল লেনদেন বাড়ানোর পরামর্শ
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের মতে, অপ্রদর্শিত অর্থকে অর্থনীতির মূলধারায় আনতে প্রথমে অর্থের উৎস শনাক্ত করা দরকার। বৈধ উৎসের আয় ও সম্পদ করের আওতায় আনার ব্যবস্থা করা যেতে পারে। তবে ঘুষ, দুর্নীতি ও অপরাধে অর্জিত অর্থকে শুধু কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া উচিত নয়।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর পাশাপাশি ছোট ব্যবসায়ী, কৃষক, পাইকারি ও খুচরা বিক্রেতার জন্য ডিজিটাল পেমেন্ট সহজ করতে হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মো. জাহিদ হোসেনের মতে, অর্থনীতির বড় একটি অংশ এখনও অনানুষ্ঠানিক লেনদেনের ওপর নির্ভরশীল। এ খাতকে আনুষ্ঠানিক ব্যবস্থায় আনতে পারলে ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবা সহজ হবে। শুধু নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নয়, বিকল্প হিসেবে কার্যকর আর্থিক সেবা নিশ্চিত করতে হবে।
বিশ্বের অভিজ্ঞতা কী বলছে
ব্যাংকিংয়ের বাইরের অর্থ আনুষ্ঠানিক অর্থনীতিতে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ব্রাজিল ২০২০ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ‘পিক্স’ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে। এতে ব্যক্তি পর্যায়ে বিনা খরচে অর্থ লেনদেন ও ব্যবসায়ীদের কম খরচে পেমেন্ট নেওয়ার সুযোগ তৈরি হয়। চালুর এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৭ শতাংশ এই ব্যবস্থায় লেনদেন করেন।
ভারত ২০১৪ সালে ‘জনধন’ কর্মসূচি চালু করে। ব্যাংক হিসাব নেই, এমন মানুষকে বিনা জমায় হিসাব খোলার সুযোগ দেওয়া হয়। সরকারি ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থাও করা হয়। ২০২৩ সালের আগস্টে জনধন হিসাবের সংখ্যা ৫০ কোটি ছাড়ায়। বাংলাদেশের জন্য এসব অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নগদ লেনদেন কমিয়ে ব্যাংকিং চ্যানেলে লেনদেন বাড়ানো গেলে মানুষের হাতে থাকা অপ্রাতিষ্ঠানিক অর্থও ধীরে ধীরে ব্যাংকিং ব্যবস্থায় ফিরবে।