ফাহিম শাহরিয়ার শাফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ২৪ মিনিট আগে
আপডেট : ২৩ মিনিট আগে
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৭৪ লাখ টাকার ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল কেনার দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।
ছয়টি পৃথক প্যাকেজের এসব কাজ নির্দিষ্ট কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে স্থানীয় ঠিকাদার, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এর আগে, ২৯ অক্টোবর পত্রিকায় প্রকাশিত ই-টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় ধরনের পণ্য ও সামগ্রী কেনার দরপত্র আহ্বান করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। দরপত্র আহ্বানকারী হিসেবে বিজ্ঞপ্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের নাম উল্লেখ করা হয়।
ছয়টি প্যাকেজের আওতায় রয়েছে নন-ইডিসিএল ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, রাসায়নিক বিকারক ও এক্স-রে ফিল্ম, গজ-ব্যান্ডেজ ও তুলা, লিনেন সামগ্রী এবং আসবাবপত্র।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর সকাল ৮টায় দরপত্র প্রকাশ করা হয়। জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর দুপুর ২টা এবং খোলার সময় নির্ধারণ করা হয় ১১ নভেম্বর সকাল ১০টা। পুরো প্রক্রিয়া ই-জিপি পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়। এতে অফলাইন বা সরাসরি হার্ডকপি জমা দেওয়ার সুযোগ রাখা হয়নি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের দাবি, ১০ শতাংশ কমিশনের বিনিময়ে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওই প্রস্তাবে রাজি হননি।
তার অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের পছন্দের ঠিকাদারকে কমিশনের বিনিময়ে কাজ দেওয়ার চেষ্টা চলছে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এস ছলিম উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত। অথচ ২০২৬-২০২৭ অর্থবছরের ছয়টি প্যাকেজে প্রায় ৭৪ লাখ টাকার কেনাকাটার দরপত্র সম্পর্কে তাকে কিংবা কমিটির অন্য সদস্যদের অবহিত করা হয়নি।
তিনি আরও বলেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার বিষয়টি রোগীদের সেবা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের সঙ্গে জড়িত। অথচ দরপত্র ও ঠিকাদার নির্বাচনের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কোনো আলোচনা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বলেন, নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে হাসপাতালের মালামাল কেনার জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। কমিশনের বিনিময়ে কোনো ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তিনি নাকচ করেন। দরপত্র প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতেও অপারগতা জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, অভিযোগের বিষয়টি তিনিও শুনেছেন। তবে গোপনে টেন্ডার হওয়ার সুযোগ নেই। পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও প্রকাশ্য হতে হবে। টেন্ডারে স্বজনপ্রীতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল ছয়টি প্যাকেজের দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন এবং ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।