জন্ম-মৃত্যু নিবন্ধন
চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ ইডিসি প্রকল্প থেকে নাগরিক নিবন্ধন ও জন্ম-মৃত্যু পরিসংখ্যান (সিআরভিএস) উপাদান বাদ দিয়ে নতুন প্রকল্পে স্থানান্তর না করার অনুরোধ জানিয়েছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এতে চীনের এক্সিম ব্যাংকের ঋণ আলোচনা ঝুঁকিতে পড়বে এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হতে পারে।
এ বিষয়ে গত ১২ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে ইডিসি প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাবে একনেকের অনুমোদিত পরিধি অনুযায়ী সিআরভিএসসহ অন্যান্য উপাদান বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মূল পরিধি অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছে তারা।
প্রতিমন্ত্রীর দপ্তরের এক সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, চীনা প্রতিষ্ঠানের চিঠি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি তিনি।
চিঠিতে বলা হয়েছে, চীন-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বের আওতায় ইডিসি একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ডিজিটাল অবকাঠামো প্রকল্প। ২০২১ সালের ২৩ নভেম্বর একনেক প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে। এতে সিআরভিএস উপাদান অন্তর্ভুক্ত ছিল। চিঠির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৪ এপ্রিলের বিল অব কোয়ান্টিটিজ (পরিমাণ তালিকা) অনুসারে, সিআরভিএস-সংশ্লিষ্ট অবকাঠামো প্যাকেজের মূল্য ৪ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৬ মার্কিন ডলার। এ অর্থ অনুমোদিত চীনা অগ্রাধিকারমূলক ক্রেতাঋণের আওতাভুক্ত।
চিঠিতে বলা হয়েছে, সিআরভিএস উপাদানের আওতায় বাংলাদেশের নাগরিক নিবন্ধন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় জাতীয় কারিগরি অবকাঠামো গড়ে তোলা হবে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন পর্যায়ের সেবাকেন্দ্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন, নাগরিকদের নথিপত্রের নিরাপদ কেন্দ্রীয় সংরক্ষণ এবং জাতীয় পরিচয় তথ্যের দুর্যোগ পুনরুদ্ধার ব্যবস্থা। এ অবকাঠামো সমন্বিত সেবা প্রদান প্লাটফর্মের (আইএসডিপি) উপযোগী করে নকশা করা হয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন সেবা দেওয়া সম্ভব হবে।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে, সিআরভিএসের উচ্চপর্যায়ের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইডিসি প্রকল্পের আওতাভুক্ত নয়। এর অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। তবে এর কারিগরি অবকাঠামো একনেকের মূল মূল্যায়নে পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছিল।
চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ঝাং জিয়াওলিয়াং চিঠিতে জানান, ইডিসি প্রকল্প থেকে সিআরভিএস বাদ দিয়ে এর কার্যক্রম পৃথক ডি-স্টার প্রকল্পে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের পরিবর্তনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
চিঠিতে বলা হয়, সিআরভিএস বাদ দিলে একনেক-অনুমোদিত প্রকল্পের মূল পরিধি পরিবর্তিত হবে। এতে পুনর্মূল্যায়ন, নথিপত্র সংশোধন এবং বাংলাদেশ সরকার ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে নতুন করে আন্তঃসরকারি আলোচনার প্রয়োজন হতে পারে। ফলে ঋণ আলোচনা ঝুঁকিতে পড়ার পাশাপাশি ইডিসি প্রকল্প বাস্তবায়নেও বড় ধরনের বিলম্বের আশঙ্কা রয়েছে।
সিআরভিএসের কার্যক্রম ডি-স্টার প্রকল্পে স্থানান্তরেও ঝুঁকি দেখছে চীনা প্রতিষ্ঠানটি। তাদের মতে, ডি-স্টার এখনও পরিকল্পনা কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নাধীন এবং চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে প্রকল্পটির অনুমোদনের আগেই সিআরভিএস স্থানান্তর করা হলে জাতীয় নাগরিক নিবন্ধন কর্মসূচির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়তে পারে।
চিঠিতে আরও বলা হয়, সিআরভিএসকে দুটি পৃথক প্রকল্পে ভাগ করলে আন্তঃপ্রকল্প সমন্বয়ে জটিলতা তৈরি হতে পারে। ভিন্ন দুটি সংস্থা জাতীয় নিবন্ধন ব্যবস্থার পৃথক অংশ বাস্তবায়ন করলে সিস্টেম চালু, পরীক্ষা ও হস্তান্তরের ক্ষেত্রে জবাবদিহি অস্পষ্ট হয়ে পড়তে পারে। এতে প্রকল্প চালুর পর পরিচালনাগত সমস্যার আশঙ্কাও রয়েছে।
এসব বিবেচনায় সিআরভিএসসহ একনেক-অনুমোদিত ইডিসি প্রকল্পের পূর্ণ পরিধি বহাল রাখার অনুরোধ জানিয়েছে চায়না রেলওয়ে। প্রতিষ্ঠানটির মতে, এতে প্রকল্পের অখণ্ডতা বজায় থাকবে, বাস্তবায়নে বিলম্ব এড়ানো যাবে, সমন্বয়গত ঝুঁকি কমবে এবং চীনের এক্সিম ব্যাংকের ঋণ আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়কে অন্যান্য প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে ইডিসির পরিধির কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, তা পর্যালোচনার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। অসামঞ্জস্য পাওয়া গেলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। একই সঙ্গে ইডিসি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তারা।
সূত্র জানায়, পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চিঠির অনুলিপি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা বিভাগের সচিব, অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং আইসিটি বিভাগের সচিবকেও দেওয়া হয়েছে।