কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৬ মিনিট আগে
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস না থাকায় প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার সংকটে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসের দেখা পায়নি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালে ২৫০ একর জমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদন দেওয়া হলেও এখনও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি।
উল্টো ২০২৬ সালে এসে নতুন করে একাধিক স্থান পরিদর্শন ও সম্ভাব্য জায়গা নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ায় ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে ভাড়া ভবনে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়। ২২ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের অষ্টম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রামের এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটিসহ বিভিন্ন সংগঠন এ দাবিতে আন্দোলন করে।
২০২৪ সালের শেষ দিকে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে প্রায় ২৪০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে নিজস্ব ক্যাম্পাস না থাকায় শ্রেণিকক্ষ, গবেষণাগার, আবাসন, পরিবহন ও খেলাধুলার সুযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে। নেই পর্যাপ্ত গবেষণার সুযোগ, খেলার মাঠ, ক্যান্টিন ও আবাসিক হল।

শিক্ষার্থী মারিয়াম খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস না থাকায় বাইরে থেকে যানবাহন ব্যবহার করতে হয়। এতে যাতায়াতে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ থাকে। আরেক শিক্ষার্থী আয়মান বলেন, শ্রেণিকক্ষ, গবেষণাগার, মাঠ ও আবাসনÑ সব ক্ষেত্রেই সংকট রয়েছে। শিক্ষকদের ভাষ্য, ভাড়া ভবনে প্রয়োজনীয় কক্ষ ও অবকাঠামোর অভাবে পাঠদান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ২০২২ সালের ২৭ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। সভায় কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট ও নালিয়ার দোলা এবং রাজারহাট উপজেলার টগরাইহাট-এই তিনটি স্থান নিয়ে আলোচনা হয়। পরে ইউজিসির প্রতিনিধি, উপাচার্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানগুলো পরিদর্শন করেন এবং জমির ধরন, খাসজমির পরিমাণ, অধিগ্রহণের সম্ভাবনা ও পরিবেশগত বিষয় যাচাই করেন।
পরিদর্শন ও তথ্য সংগ্রহের পর ইউজিসির কমিটি নালিয়ার দোলায় ২৫০ একর এক ফসলি জমি অধিগ্রহণের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। স্থানীয়দের দাবি, নালিয়ার বিলের তিন পাশে রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলা। এলাকাটি নদী, চর, মৎস্য ও কৃষি গবেষণার জন্য উপযোগী হতে পারে। সেখানে প্রায় ৭৫ একর খাসজমি রয়েছে বলেও দাবি তাদের।
২০২২ সালের ২২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। ২০২৩ সালের ৩১ জানুয়ারি জেলা প্রশাসন জমির তফসিল, নকশা ও সম্ভাব্য মূল্যসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একই বছরের ২ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাঞ্ছারাম ও সরা মৌজায় ২৫০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন চেয়ে আবেদন করে। ৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের স্বাক্ষরিত চিঠিতে ২১০ জন জমির মালিকের তালিকা ও ৭৫ পৃষ্ঠার নথি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের মতামত ও ছাড়পত্র নেওয়ার পর এই অনুমোদন দেওয়া হয়েছিল। তবে প্রশাসনিক অনুমোদন পাওয়া মানেই জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়া নয়। সেই কাজ এখনও শেষ হয়নি।
এদিকে ২০২৬ সালে এসে স্থায়ী ক্যাম্পাসের জন্য নতুন করে স্থান পরিদর্শনের বিষয়টি সামনে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সম্প্রতি সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেন। এর মধ্যে ছিনাই এলাকায় এলজিইডির প্রায় ছয় একর আয়তনের একটি পার্ক এবং ধরলা নদীর পূর্ব পাশে ভুটান ইপিজেডের জন্য প্রস্তাবিত এলাকা রয়েছে। স্থানীয়দের দাবি, ছিনাই এলাকায় ২৫০ একর জমি অধিগ্রহণ করতে গেলে তিন ফসলি কৃষিজমির পাশাপাশি তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ধরলার পূর্ব পাশের জমি ভুটান ইপিজেডের জন্য প্রস্তাবিত থাকায় সেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণের বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ বলেছেন, ‘দুই-তিনটা জায়গা সিলেক্ট হয়েছে, কোনোভাবেই কৃষি বিশ্ববিদ্যালয়কে লালমনিরহাটে হতে দেওয়া হবে না।’ এর আগে স্থান নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেছিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ডেকে মতামত নেওয়ার পরিবর্তে সবার জন্য উন্মুক্ত মানদণ্ডে জায়গা নির্বাচন করা উচিত। তার মতে, স্থান নির্বাচন নিয়ে টানাপড়েনে পাঁচ বছর চলে গেছে।
২০২৬ সালের ৩ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের একটি প্রতিবেদনে নালিয়ার দোলার জমি নিয়ে ঝুঁকির কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে ব্রহ্মপুত্র নদের কাছাকাছি অবস্থান, সড়কের তুলনায় জমির উচ্চতা কম এবং পানি নিষ্কাশনের সমস্যার কথা বলা হয়। একই প্রতিবেদনে ছিনাই এলাকায় জমির স্বল্পতা ও বন্যার ঝুঁকির বিষয়ও উঠে আসে। তবে দাসেরহাটের ছড়া এলাকাকে ঝুঁকিমুক্ত ও উপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
নালিয়ার দোলার বাসিন্দা মোকলেছুর রহমানের দাবি, ওই এলাকার জমি সড়কের চেয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচ ফুট নিচু; প্রতিবেদনে ১০ ফুট নিচু উল্লেখ করা সঠিক নয়। তার অভিযোগ, সঠিকভাবে পরিমাপ না করেই এমন তথ্য দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মোমিনুল ইসলাম ও রাজারহাটের আবদুল হাইয়েরও আশঙ্কা, নালিয়ার দোলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে অন্য এলাকায় নেওয়ার চেষ্টা হতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাথমিক তথ্য ও পরিমাপের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে জমির উচ্চতা ও প্রকৌশলগত বিষয়গুলো সংশ্লিষ্ট কারিগরি দপ্তরের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
স্থানীয়দের প্রশ্ন, ২০২৩ সালে ২৫০ একর জমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদন ও জমির মালিকদের তালিকা তৈরির পরও কেন নতুন করে স্থান নির্বাচন ও পরিদর্শনের প্রয়োজন হচ্ছে? নতুন করে প্রক্রিয়া শুরু হলে জমি নির্বাচন, প্রশাসনিক অনুমোদন ও অধিগ্রহণে আরও কয়েক বছর লেগে যেতে পারে বলে আশঙ্কা তাদের। এতে শিক্ষার্থীদের ভোগান্তিও বাড়বে। তাদের দাবি, আগের সিদ্ধান্তের অগ্রগতি ও জমি অধিগ্রহণে বিলম্বের কারণ স্পষ্ট করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিতে হবে।