জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফল প্রকাশের দিন-তারিখ বিবেচনায় না নিয়েই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে এই ভর্তি পরীক্ষা পেছানোর দাবি উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইউজিসি বাতিল করেছে ভর্তি পরীক্ষা সমন্বয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে।
আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি শিক্ষার্থীদের এই উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা চলবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে পরীক্ষার ফল। আগামী ২৩ নভেম্বর প্রকাশ করার কথা রয়েছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলো এই পরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তি আবেদনের সময়সূচি ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ফলে পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা এবং সম্পূরক পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় বসতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানুয়ারি থেকে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার সমন্বিত সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচিতে অনড় রয়েছে।
পরিস্থিতির অবসান ঘটাতে গত বুধবার হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। ওই দিন সন্ধ্যায় ইউজিসি আগের সমন্বিত সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আইন ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ দিলে নতুন জটিলতা তৈরি হয়। এ অবস্থায় সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করে। কিন্তু গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। ফলে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ বহাল রয়েছে। আগামী ২৩ নভেম্বর এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য হয়েছে। এর মধ্যে বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে পিছিয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অসুস্থতা বা পারিবারিক সংকটে পরীক্ষায় খারাপ করা শিক্ষার্থী এবং দীর্ঘদিনের শিখন ঘাটতিতে পিছিয়ে পড়া শিক্ষার্থী এক নয়। উচ্চশিক্ষায় ভর্তিতে মেধা ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্যায়নের সমতাও বজায় রাখতে হবে। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় থাকলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াত না।’
বুয়েটের পরীক্ষা ফেব্রুয়ারিতে
বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হক জানিয়েছেন, গত বুধবার একাডেমিক কাউন্সিলের সভা চলার সময় তারা হাইকোর্টের আদেশের বিষয়টি জানতে পারেন। ইউজিসির আলোচনা ও আদালতের নির্দেশনা বিবেচনায় নিয়ে পরীক্ষা দুই সপ্তাহ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৭ বা ৮ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে অনিশ্চয়তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর। সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হওয়ার কথা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলেও চেম্বার আদালত তা স্থগিত করেননি। তাই পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকছে।
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর হওয়ার কথা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন জানিয়েছেন, রিটের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগের সূচিতেই জাবির পরীক্ষা
হাইকোর্টের আদেশের পরও পূর্বঘোষিত সূচিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার সূচি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা হওয়ার কথা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত ছিল ১৭ ও ১৮ ডিসেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের পরীক্ষা হওয়ার কথা আগামী বছরের ১, ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি নির্ধারিত ছিল। তবে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হাইকোর্টের নির্দেশনা ও পরবর্তী সিদ্ধান্তের ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে।
ইউজিসির সিদ্ধান্ত বাতিল
ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে জটিলতার মধ্যে গত ৯ নভেম্বর ইউজিসির সভায় জানুয়ারি থেকে ভর্তি আবেদন এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ১৮ নভেম্বর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় আগের সিদ্ধান্ত বাতিল করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, সংবিধি, বিধি ও নীতিমালা এবং একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের বিষয়টি সামনে এলেও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করার প্রশ্ন অমীমাংসিত থেকে যায়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ২৩ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হওয়ার কথা। ফলে ওই শুনানির আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম কোন পথে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।