আসাদ জামান
প্রকাশ : ১৩ মিনিট আগে
উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বুধবার সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেন। এই নির্দেশের পরই নিজ নিজ এলাকায় ফিরেছেন অনেক এমপি। কেউ কেউ এরই মধ্যে পথে, আবার কারও ফেরার প্রস্তুতি শুরু হয়েছে।
বিএনপির একাধিক এমপির সঙ্গে কথা হয় বৃহস্পতিবার। তাদের অনেকেই সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় পৌঁছে গেছেন। রাজধানীতে বসে নয়, বরং মাঠে থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান তারা। কেউ রওনা হয়েছেন, আবার কেউ আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা নয়, ডিসেম্বরজুড়ে দলীয় কর্মসূচিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপির হাইকমান্ড। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় ও সচিবালয়ে সংসদ সদস্যদের অনাকাঙ্ক্ষিত ভিড় দেখতে চান না শীর্ষ নেতৃত্ব। এ কারণেই সংসদ অধিবেশন শেষে সব সংসদ সদস্যকে এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে কেউ সড়ক পথে, কেউ আকাশ পথে, কেউ নৌপথে, আবার কেউ রেলপথে নিজ এলাকায় রওনা হয়েছেন। সড়ক পথে যাতায়াতকে যারা সমস্যা মনে করছেন, তারা আকাশপথ বেছে নিচ্ছেন। অন্যদিকে, যাদের নির্বাচনী এলাকা ঢাকার আশপাশে, তারা সড়কপথেই পৌঁছে গেছেন নিজ নিজ এলাকায়। সরাসরি নির্বাচিত বিএনপির ২১১ জন এমপির মধ্যে অনেকেই বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন।
বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান (ময়মনসিংহ-১০) বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই মুহূর্তে নির্বাচনী এলকা গফরগাঁওয়ে অবস্থান করছি। আজ (বৃহস্পতিবার) বিকালে গফরগাঁও মিনি স্টেডিয়ামে সমাবেশ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা আমরা মাঠে থেকে মোকাবিলা করতে চাই। জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে। দেশের মানুষ আর পেছনে ফিরে যেতে চায় না। যেকোনো মূল্যে আমরা মানুষের স্বাভাবিক জীবন নিশ্চত করব।’
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫) বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি এখনও ঢাকায় আছি। আগামীকাল (আজ শুক্রবার) বিকালে আমার নির্বাচনী এলাকায় জনসভা ডাকা হয়েছে। সেখানে আমি উপস্থিত থাকব। পথের পরিস্থিতি বুঝে সড়কপথ অথবা আকাশপথে রওনা দেব।’
এমপি মো. শাহাদাত হোসেনের (লক্ষ্মীপুর-১) সঙ্গে বৃহস্পতিবার বিকালে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমি এখন পথে। যাচ্ছি নির্বাচনী এলাকায়। ওখানে সভা-সমাবেশ চলছে। গিয়ে অ্যাটেন্ড করব।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে অনেকেই চলে গেছেন। অনেকেই এলাকায় যাচ্ছেন। অনেকেই হয়তো কাল-পরশু যাবেন। আবার যেসব এমপি-মন্ত্রী আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী থেকে নির্বাচিত হয়েছেন ও ঢাকায় সেটেলড, তারা তো আসা-যাওয়ার মধ্যেই আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এলাকায় বেশি সময় অবস্থান করবেন।’ ‘যেমনÑ গাজীপুরের ফজলুল হক মিলন, নরসিংদীর খায়রুল কবির খোকন, মুন্সীগঞ্জের কামরুজ্জামান রতন ভাই তো ঢাকায় থাকেন, প্রায় প্রতিদিনই নিজ নিজ এলাকায় আসা-যাওয়া করেন’Ñ বলেন শায়রুল কবির খান।
দলীয় সূত্র মতে, কেবল রাজনৈতিক প্রতিপক্ষের সহিংস কর্মসূচি মোকাবিলা নয়, ডিসেম্বরজুড়েও বিএনপির একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করবে দলটি। এসব কর্মসূচি সারা দেশে পালিত হবে। সে ক্ষেত্রে দলের এমপি-মন্ত্রীরা ঢাকায় বসে থাকতে পারবেন না। তাই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিজ নিজ এলাকায় যেতে বলেছেন। তা ছাড়া এলাকায় মন্ত্রী-এমপিদের আনাগোনা থাকলে মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাঙ্গাভাব তৈরি হয়। প্রতিপক্ষকে মোকাবিলা করাও সহজ হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দলীয় প্রধানের নির্দেশে বিএনপির সংসদ সদস্যদের এলাকায় ফেরার এই তৎপরতা দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত দিচ্ছে।