× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদবিরোধী ঐক্য

দলগুলোর সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট ও হাসান ইমন

প্রকাশ : ১৪ মিনিট আগে

দলগুলোর সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আগামী সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

অন্যদিকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে ১১-দলীয় ঐক্য। বিক্ষোভ, সমাবেশসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ও উস্কানিদাতারা অবস্থান করছেনÑ এমন অভিযোগ তুলে তাদের চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছেন জোটের নেতারা।

রাজনৈতিক মতপার্থক্য, নির্বাচন-পরবর্তী দূরত্ব, সংসদে বিরোধী দলের নানা ইস্যুতে সরব হওয়ার প্রত্যাশাÑ সবকিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত জাতীয় এই ঐক্যের বার্তা দিয়ে গত বুধবার শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদের এই অধিবেশন শেষে একান্ত বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী ঐক্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে গুরুত্ব দেন দুই নেতা। এর আগে সমাপনী অধিবেশনেও সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জাতীয় রাজনৈতিক ঐক্যের প্রশ্ন।

অধিবেশনের শেষদিনের এই তিন বক্তব্যকে কেবল আনুষ্ঠানিক সমাপনী ভাষণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার দেশে আসার ঘোষণা এবং বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতার আশঙ্কার মধ্যে রাজনীতির প্রধান পক্ষগুলোর অবস্থানে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বৈঠক

গতকাল বৃহস্পতিবার ১১-দলীয় ঐক্যের বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়ের আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত বুধবার বৈঠকে অংশ নেন। সেখানে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা এবং সর্বদলীয় কর্মসূচি গ্রহণের বিষয়টি আলোচনায় আসে। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সূচনা হয়েছিল। দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। এজন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রী তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে। আগামী সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

সংসদের বার্তার প্রতিফলন রাজপথে

সংসদের সমাপনী বক্তব্যের পরদিনই রাজনীতির মাঠে ঐক্যের বার্তার কিছু বাস্তব প্রতিফলন দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১-দলীয় ঐক্যের নেতারা বৈঠক করেছেন। বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দেওয়া হয়। 

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারকে সহযোগিতা করার জন্য নয়, দেশের জনগণের জানমাল রক্ষার স্বার্থে তারা মাঠে রয়েছেন। প্রতিটি দল আলাদা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতেও তারা অনড় রয়েছেন। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের জন্য সরকারকেও দায়ী করেন তিনি।

জোটের শীর্ষ নেতারা বলছেন, ১১-দলীয় ঐক্য বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। ফ্যাসিবাদী তৎপরতা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সামনেও কর্মসূচি অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কাল শনিবার সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। বাদ জোহর দুপুর ১টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। এ ছাড়া জেলা ও উপজেলা শহরগুলোতেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে দলটির। ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

বাংলাদেশ খেলাফত মজলিস আগামী রবিবার বেলা ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি ও নেজামে ইসলাম পার্টিসহ ১১-দলীয় ঐক্যের অন্য শরিক দলগুলোও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

১১-দলীয় ঐক্যের বৈঠকে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের কারণ নিয়েও আলোচনা হয়েছে। নেতাদের অভিযোগÑ বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। এ পরিস্থিতির জন্য বিএনপি সরকারকে দায়ী করছেন তারা। তাদের দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিবাদের সহযোগী ও উস্কানিদাতারা অবস্থান করছেন। এসব ব্যক্তির কারণে প্রশাসনের নিরপেক্ষতা, জবাবদিহিতা ও স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

গণভোটের রায় উপেক্ষা না করার আহ্বান

‘সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করে ১১-দলীয় ঐক্য।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে বিরোধীদলীয় নেতার বাসভবনে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী জোটের বৈঠক হয়। বৈঠকের পর এক প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন। 

এ সময় মামুনুল হক বলেন, ‘সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।’

সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে বিভক্ত করেছে। সরকার গড়িমসি না করে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করলে আজকের পরিস্থিতি তৈরি হতো না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সমাপনী অধিবেশনে ঐক্যের আহ্বান

গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার সমাপনী বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার ঐক্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘পতিত ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান এবং বাংলাদেশকে আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে দাঁড়াতে হবে। এ মুহূর্তে দলীয় প্রতিযোগিতার চেয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ।’

সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে। এই বিভক্তির সুযোগ নিচ্ছে পরাজিত রাজনৈতিক শক্তি। নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার কথা তুলে ধরে তিনি আগের ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বক্তব্যেও ছিল ঐক্যের আহ্বান। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে। এ পরিস্থিতিতে সংসদ সদস্যদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সংসদের বিতর্ক ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রশ্ন

সংসদের চতুর্থ অধিবেশনে বেশকিছু ইস্যুতে উত্তাপ ছড়ানোর আশঙ্কা ছিল। শিল্প ও জ্বালানি খাতের সংকট, নির্বাচনী এলাকার উন্নয়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা ও সংসদ উত্তপ্ত হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু অধিবেশনের শেষ পর্বে এই রাজনৈতিক বিরোধিতার স্থানে চলে আসে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। এ পরিবর্তনের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। 

চতুর্থ অধিবেশনের শেষদিনের বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক অস্থিরতার নতুন আশঙ্কা তাদের আবারও অভিন্ন অবস্থানে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে। সরকারপ্রধানের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক শক্তিকে একমঞ্চে আসার আহ্বান এবং বিরোধী দলের পক্ষ থেকে আগের ঐক্য ফিরিয়ে আনার প্রত্যয়Ñ দুই পক্ষের রাজনৈতিক নমনীয়তারই বহিঃপ্রকাশ। সংসদের এই বার্তা কতটা কার্যকর রাজনৈতিক ঐক্যে রূপ নেয়Ñ সেটিই এখন দেখার বিষয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা