প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। কর্মসূচি গ্রহণের তিন মাসেই প্রথম বছরের লক্ষ্যমাত্রার ৬৯ দশমিক ৩৬ শতাংশ অর্জিত হয়েছে। চলতি বছরে ৫ কোটি ১৫ লাখ চারা রোপণের যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে তার বিপরীতে এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে বাকি ১ কোটি ৫৮ লাখ চারা রোপণ করতে হবে। ১১টি সরকারি দপ্তরের নির্ধারিত ছকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৪ লাখ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে ৫২ লাখ ৯৩ হাজার চারা রোপণ করা হয়েছে। ছয়টি দপ্তর নিজ নিজ লক্ষ্যমাত্রা পূরণে সক্ষমতা দেখিয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি রোপণ করা চারা টিকিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়েও সরকারকে ভাবতে হচ্ছে। কেননা সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের বিজ্ঞানীদের নেতৃত্বে এবং বিশ্বের ২৯টি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এশিয়ার ১৭৬টি বন পুনরুদ্ধার এলাকার গবেষণার তথ্য তুলে ধরা হয়। এতে দেখা গেছে, রোপিত চারার গড়ে ১৮ শতাংশ প্রথম বছরে এবং ৪৪ শতাংশ পাঁচ বছরের মধ্যে মারা যায়। গবেষণায় অন্তর্ভুক্ত এলাকার মাত্র ২৮ শতাংশে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে টিকে থাকে। বাংলাদেশের বন অধিদপ্তরের নার্সারি ও বনায়ন নির্দেশিকায় প্রথম বছরে সর্বোচ্চ ২০ শতাংশ চারা মারা যাওয়ার আশঙ্কা বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু নার্সারি পরিকল্পনায় প্রতিস্থাপনের জন্য অতিরিক্ত চারা রাখার হার ১০ শতাংশ। বছরে প্রায় পাঁচ কোটি চারা রোপণের পরিকল্পনায় এ ব্যবধানের কারণে ৫০ লাখ প্রতিস্থাপনযোগ্য চারার ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এটি একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃহৎ পরিসরের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি এ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ আহ্বান জানিয়েছেন।
শিক্ষা খাতে ১৩ কোটি ৩৪ লাখ চারার লক্ষ্য
পাঁচ বছরে ‘এক শিশু, এক গাছ’ উদ্যোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের লক্ষ্যমাত্রা ৬ কোটি ১৫ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ কোটি ৪ লাখ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ কোটি ১৫ লাখ চারা। তিন বিভাগ মিলিয়ে ১৩ কোটি ৩৪ লাখ, যা জাতীয় লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৩৬ শতাংশ।
কৃষিতে ৫৩ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ
কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলায় কৃষকদের মধ্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের জন্য ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
বনায়নে প্রায় সাত কোটি চারার পরিকল্পনা
বনায়ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা হিসেবে চারটি বনায়নের পরিকল্পনার কথা বলা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার, ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার এবং বসতবাড়ি বনায়নে ৫৬ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। চারটি খাতের মোট লক্ষ্যমাত্রা প্রায় ৭ কোটি।
উপকূলে আরও দুই কোটি ম্যানগ্রোভ
বৃক্ষরোপণ কর্মসূচির সেলের পঞ্চম সভার অগ্রগতি তথ্যে ডিসেম্বর-জানুয়ারিতে উপকূলীয় এলাকায় আরও ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের পরিকল্পনার কথা বলা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, আবহাওয়া ও ভূমিরূপ বিবেচনায় নিয়ে এসব চারা রোপণ করা হবে।
ট্রি মনিটরিং অ্যাপে তথ্য সংগ্রহের পরিকল্পনা
কর্মসূচির অগ্রগতি নির্ধারণে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পাঠানো তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রতি ১৫ দিন অন্তর তথ্য সংগ্রহের পাশাপাশি ‘ট্রি মনিটরিং অ্যাপ’, কেন্দ্রীয় তথ্যভান্ডার ও ড্যাশবোর্ড তৈরির পরিকল্পনা করেছে সরকার। এ ছাড়া অভিন্ন তথ্য সংগ্রহের কাঠামো, কর্মশালা এবং প্রযুক্তিগত সম্ভাব্যতা ও ব্যয় যাচাইয়েরও সিদ্ধান্ত হয়েছে।