হাসান ইমন
প্রকাশ : ১০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে নানা সমীকরণ তৈরি হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা, রাজনৈতিক ভবিষ্যৎ ও দলটির পলাতক নেতাদের কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যেই দেশজুড়ে সংঘটিত নাশকতামূলক তৎপরতা, বোমাবাজি-আগুনসন্ত্রাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতিনির্ধারকরা মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ঠেকাতে তাদের ঢাল হিসেবে ব্যবহার করার লক্ষ্যে রাজপথে নামাতে নানা উস্কানি দেওয়া হচ্ছে। তাই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার প্রশ্নে সতর্ক অবস্থান নিচ্ছে এ দুটি দল। কোনো উস্কানি কিংবা সংঘাতের ফাঁদে পা না দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করে এগোতে চাইছে দল দুটি।
বিরোধী দল দুটির শীর্ষ নেতারা জানাচ্ছেন, বিশেষ করে সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বক্তব্য থেকে তারা আশঙ্কা করছেন, তাদের রাজপথে নেমে কার্যক্রম নিষিদ্ধ দলটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো কর্মসূচি কিংবা তৎপরতাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো পাল্টা কর্মসূচি দিলে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
বিরোধী দল দুটি আশঙ্কা করছে, সংঘর্ষ ঘটলে বা সে ধরনের পরিস্থিতি তৈরি হলে, পরবর্তী সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হতে পারে। এভাবে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির সুযোগ নিতে পারে সরকার। বিশেষ করে সংঘর্ষের ঘটনায় প্রকৃত দায়ীদের শনাক্ত না করে বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করা হতে পারে। এতে বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে চাপে পড়বে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই সুবিধা পাবে বলে মনে করছেন তারা। তবে সরকারের এই রাজনৈতিক ফাঁদে পা দিতে চায় না বিরোধী দলগুলো।
জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। তবে এনসিপির ওপর কোনো ধরনের আঘাত এলে রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। সরকারি দলের অনেকে রাজপথে নামার জন্য উস্কানি দিলেও এনসিপি তাতে পা দেবে না।’
একই ধরনের আশঙ্কা প্রকাশ করেন সারোয়ার তুষার। তিনি বলেন, ‘সরকার এনসিপিকে রাজপথে নামিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়। এনসিপি মাঠে নামলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ বাধার আশঙ্কা রয়েছে। সেই সুযোগ সরকার নেবে এবং মামলা দিয়ে হয়রানি করতে পারে। পরে সরকার দাবি করবে, তারা দেশকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। এনসিপি সরকারের এমন ফাঁদে পা দিতে চায় না।’
এ প্রসঙ্গে জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নাশকতা, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তৎপরতা ঘটলে তা নিয়ন্ত্রণে সরকারকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। আমরা কোনো উস্কানিতে পা দিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে চাই না। তবে আমাদের ওপর কোনো ধরনের আঘাত এলে রাজনৈতিকভাবেই তার জবাব দেওয়া হবে।’
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও বিভিন্ন পর্যায়ে দলটির নেতাকর্মীদের তৎপরতার অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কী, তা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে।
জামায়াত ও এনসিপির নেতাদের মতে, আওয়ামী লীগকে মোকাবিলার জন্য সব রাজনৈতিক দলকে রাজপথে নামার প্রয়োজন নেই। কারণ দলটির শীর্ষ নেতাদের বেশিরভাগই দেশের বাইরে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দেশে থাকা নেতাকর্মীদের তৎপরতা নিয়ন্ত্রণে সরকার চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।