মিয়ানমারের রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে দলে দলে কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসা রোহিঙ্গা মিছিলের খণ্ডচিত্র। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের বুকের ভেতর আজ জেগে উঠেছে এক অনির্বাণ আশা। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর জাতিগত নিধন ও গণহত্যার মুখে ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসার পর কেটে গেছে দীর্ঘ সাতটি বছর।
শিবিরগুলোতে আশ্রিত প্রায় ১২ লাখ মানুষের জন্য আজ শুধুই পঞ্জিকার দিন নয়Ñ এটি তাদের হারানো অধিকার, নাগরিকত্ব ও স্বদেশে ফিরে যাওয়ার আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। কেননা, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ প্রকাশ হতে যাচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যা মামলার রায়।
আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় প্রকাশ্য অধিবেশনে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি এই রায় পাঠ করার কথা। এই রায়কে কেন্দ্র করে কুতুপালং থেকে শুরু করে বালুখালীর শরণার্থী শিবিরগুলোতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও প্রত্যাশা।
এ রায় ঘিরে প্রত্যাশা ও আশঙ্কা নিয়ে বেশ কজন রোহিঙ্গা নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রতিদিনের বাংলাদেশ। উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা আব্দু রশীদ বলেছেন, ‘২০১৭ সালে মিয়ানমারে আমাদের ওপর যেভাবে নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায় স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। তাই আইসিজের রায় আমাদের পক্ষেই আসবে বলে আশা করছি।’
ক্যাম্পের তরুণ আলমগীর বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি বিশ্ববাসী মেনে নিয়েছে। আমরা চাই, এই গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।’ রোহিঙ্গা যুবক আবু বক্কর যোগ করেন, ‘আমাদের জনগোষ্ঠীর ওপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে। আমরা আন্তর্জাতিক আদালতের কাছে সুনির্দিষ্ট বিচার চাই।’
আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রোহিঙ্গা যুবক আনাছ বলেন, ‘বিশ্বের প্রভাবশালী দেশগুলো এক হয়ে এই অপরাধের বিচার নিশ্চিত করবে বলেই আমাদের বিশ্বাস। আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড চাই।’
রোহিঙ্গারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তারা আর বাংলাদেশে শরণার্থী জীবন কাটাতে চান না। ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা তৈয়ব যেমনটা বলেছেন, ‘আমরা আর বাংলাদেশের বোঝা হয়ে থাকতে চাই না; নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে বিচার ও নিরাপত্তা নিশ্চিত হলে আমরা এখনই নিজ দেশে ফিরতে প্রস্তুত।’
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পথ উন্মুক্ত হবে। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া উচিত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী এ ধরনের নৃশংসতা চালানোর সাহস পাবে না। এ রায় বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
দীর্ঘ আইনি লড়াই
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এ নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা সনদের নবম অনুচ্ছেদের অধীনে আইসিজেতে মামলাটি দায়ের করে।
শুরু থেকেই মিয়ানমার আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি তুললেও ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনানির জন্য গ্রহণযোগ্য ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত এক অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রমাণের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন। ঐতিহাসিক এই আইনি লড়াইয়ে গাম্বিয়ার পক্ষে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো, বেলজিয়াম ও আয়ারল্যান্ডÑ এই ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে পক্ষভুক্ত হয়েছে।
প্রত্যাবাসন ও বৈশ্বিক রাজনীতিতে রায়ের প্রভাব
আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এক নতুন আন্তর্জাতিক মাত্রা যোগ করবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রোহিঙ্গা সংকট কেবল একটি আঞ্চলিক বিষয় নয়, এটি বৈশ্বিক মানবতাবাদী সংকট। গাম্বিয়ার পক্ষে রায় এলে তা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখবে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত জাতিগত নিধন মানবতার জন্য চরম বিপর্যয় ছিল। এ রায় বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের কার্যকারিতার পক্ষে একটি শক্ত বার্তা দেবে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, ‘রায়ের মাধ্যমে মিয়ানমার রাষ্ট্র এবং দেশটির ক্ষমতাসীনদের নির্যাতন ও অন্যায়ের চিত্র বিশ্ববাসীর কাছে আরও স্পষ্ট হবে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আরও সোচ্চার হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রত্যাবাসনে সরাসরি রাতারাতি প্রভাব না ফেললেও মোরাল ও কূটনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থানকে অনেক শক্তিশালী করবে। মিয়ানমারই যে রোহিঙ্গাদের একমাত্র নিজ দেশÑ সেই মৌলিক দাবি বৈশ্বিক অঙ্গনে আরও জোরালো ভিত্তি পাবে। একই সঙ্গে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ত্বরান্বিত করতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদার করার পথ সহজ হবে।’