× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

গোসলের দেড় বালতি পানি ১৫০ টাকা!

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ মিনিট আগে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

কারাগার হওয়ার কথা ছিল অপরাধীদের সংশোধনাগার। কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মৌলিক সেবাকে পুঁজি করে গড়ে উঠেছে বেপরোয়া বাণিজ্যের সিন্ডিকেট। সরকারি বরাদ্দের খাবার নিম্নমানের ও ব্যবহারের পানি দূষিত হওয়ায় টাকা দিয়েই কিনতে হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার ন্যূনতম রসদ। গোসলের একটু পরিষ্কার পানি, রাতের ঘুম কিংবা একবেলা ভালো খাবারের জন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। কয়েদি রাইটার, মেট এবং অসাধু কারারক্ষীদের সমন্বয়ে গঠিত চক্রের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন সাধারণ বন্দিরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চারগুণ বেশি বন্দি অবস্থান করছেন। ধারণক্ষমতার অতিরিক্ত এই চাপের সুযোগ নিয়েই শুরু হয়েছে ‘পানি বাণিজ্য’। সদ্য কারামুক্ত একাধিক ব্যক্তি ও বন্দিদের স্বজনরা জানান, সাধারণ বন্দিদের গোসলের জন্য নির্ধারিত চৌবাচ্চার পানি চরম দুর্গন্ধযুক্ত ও নোংরা। এই পানি ব্যবহারের কারণে চর্মরোগ, খোসপাঁচড়া, ডায়রিয়া ও জন্ডিসের প্রকোপ বাড়ছে। রোগাক্রান্ত হওয়ার ভয়ে বাধ্য হয়ে পরিষ্কার পানি কেনেন বন্দিরা। ওয়ার্ডের দায়িত্বে থাকা কয়েদি রাইটার ও কিছু কারারক্ষী মিলে ওয়াশরুমের পরিষ্কার পানির লাইন বন্ধ রেখে বালতিতে পানি জমায়। পরে সেই দেড় বালতি পরিষ্কার পানি ১৫০ টাকায় বিক্রি করা হয়। নতুন কোনো বন্দি এলে তার কাছ থেকে প্রতি বালতি পানির জন্য ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

পানির পাশাপাশি সমান্তরালে চলছে ‘সিট বাণিজ্য’। নতুন কোনো আসামি কারাগারে এলে প্রথম রাত ‘আমদানি’ নামে পরিচিত সাময়িক ওয়ার্ডে রাখা হয়। পরদিন সাধারণ ওয়ার্ডে পাঠানোর সময় মেটদের ‘চেয়ারম্যানের খরচ’ বাবদ দিতে হয় ১০০ টাকা। এরপরের ধাপে ভালো একটি আসন বা ঘুমানোর একটু জায়গা পেতে আসামিভেদে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় ওয়ার্ড মেটকে।

কারাগারের অভ্যন্তরে কেনাকাটার জন্য ‘পিসি কার্ড’ (প্রিজনার্স ক্যাশ কার্ড) চালু রয়েছে। বন্দিদের স্বজনরা বাইরে থেকে টাকা জমা দিলে পিসি কার্ডধারীরা ভেতরে তা খরচ করতে পারেন। তবে এই ব্যবস্থার মাধ্যমে কারাগারের ভেতরে স্পষ্ট দুই ধরনের শ্রেণিভেদ তৈরি হয়েছে। পিসি কার্ডে মোটা অঙ্কের টাকা থাকা প্রভাবশালী বন্দিরা ক্যান্টিন থেকে পছন্দের খাবার কিনে নিতে পারলেও অসচ্ছল বন্দিদের নির্ভর করতে হচ্ছে নিম্নমানের সরকারি রেশনের ওপর। বন্দিদের অভিযোগ, সরকারি ক্যান্টিনে চড়া দামে নিম্নমানের খাবার বিক্রি হচ্ছে; যেখানে তিন টুকরো ছোট মাংস ও দুটি আলুর দাম রাখা হয় ৮০ টাকা।

ক্যান্টিন ও ওয়ার্ডগুলোতে খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য পণ্যের দামও নেওয়া হচ্ছে ইচ্ছামতো। বাইরে ৭০ টাকায় বিক্রি হওয়া সিগারেটের প্যাকেট ভেতরে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকায়। সরবরাহ কৃত্রিমভাবে কমালে দাম আরও বাড়ে। কারারক্ষীদের অলক্ষ্যে কিংবা যোগসাজশে আদালতে হাজিরা দিতে যাওয়া আসামিদের মাধ্যমে ভেতরে মাদক পাচারের অভিযোগও রয়েছে। ওয়ার্ডের ভেতরে মেটদের পরিচালনায় পিসি কার্ড ও নগদ বাজিতে চলে লুডু খেলা। প্রভাবশালীদের জন্য নিয়ম ভেঙে বাইরে থেকে আনা ব্র্যান্ডের সিগারেট, ফলমূল ও রান্না করা খাবার ঢোকানো হলেও সাধারণ বন্দিদের জন্য সর্দি-জ্বরের প্রাথমিক ওষুধটুকুও ঠিকমতো মেলে না।

সার্বিক অনিয়ম ও পানি বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারাগারে গোসলের পানি বিক্রির বিষয়ে আমার কিছু জানা নেই। ওয়াসা প্রতিনিয়ত পানি সরবরাহ করায় এখানকার পানি সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত। বন্দিরা ক্যান্টিন থেকে সরকারি নিয়ম মেনেই নিজেদের পিসি কার্ডের মাধ্যমে পছন্দের খাবার কিনে থাকেন।’

তবে কারাবিধির স্পষ্ট লঙ্ঘনের কথা তুলে ধরে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আইনজীবী জিয়া হাবীব আহসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জেল কোড অনুযায়ী প্রতি একজন বন্দির জন্য নিরাপদ সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। চট্টগ্রাম কারাগারে যেভাবে পানিসহ মৌলিক সুবিধা বিক্রি করা হচ্ছে, তা চরম মানবাধিকার লঙ্ঘন। এই অভ্যন্তরীণ দুর্নীতিবাজ সিন্ডিকেট ভেঙে কঠোর আইনি ব্যবস্থা না নিলে এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা