সাইফ উদ্দিন বাবলু
প্রকাশ : ৯ মিনিট আগে
আপডেট : ৫ মিনিট আগে
গ্রাফিক্স: সংগৃহীত
সরকার পরিবর্তনের সঙ্গে কর্মকর্তা ও দায়িত্বে বদল এলেও সরকারি সেবা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের চিত্র বদলায় না। প্রায় এক দশক আগে ২৫টি সরকারি সেবা প্রতিষ্ঠানে দুর্নীতির উৎস ও প্রক্রিয়া চিহ্নিত করে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি নিয়ন্ত্রণে একগুচ্ছ সুপারিশ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সেগুলো বাস্তবায়িত না হওয়ায় প্রতিষ্ঠানগুলোতে বন্ধ হয়নি ঘুষ-দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানি। টিআইবির সর্বশেষ খানা জরিপেও সরকারি-বেসরকারি সেবা খাতে দুর্নীতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
দুদক কর্মকর্তারা জানান, আইনি প্রেক্ষাপটে ২০০৮ সাল থেকে দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত শুরু করে কমিশন। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে ২৫টি সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করে দুদক। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনহয়রানি বন্ধের উপায় খুঁজতে গঠন করা হয় ২৫টি পৃথক দল। দলগুলোর সদস্যরা সেবাগ্রহীতাদের সাক্ষাৎকার নেন এবং সরেজমিনে সেবাদান পদ্ধতি পর্যালোচনা করেন। এতে অব্যবস্থাপনা, নানা কৌশলে ঘুষ আদায় ও জনহয়রানির চিত্র উঠে আসে। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদেরও চিহ্নিত করা হয়। এসব অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতির খাত ও অনিয়ম চিহ্নিত করে ১২০ দফা সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন দেয় দুদক। ২০১৯ সালে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য তৎকালীন মন্ত্রিপরিষদে আবারও পাঠানো হয়। কিন্তু কার্যকর উদ্যোগ না থাকায় সুপারিশগুলো ফাইলবন্দি রয়ে গেছে।
দুদক কর্মকর্তাদের দাবি, সুপারিশগুলো বাস্তবায়িত হলে সরকারি সেবার মান বাড়ার পাশাপাশি দুর্নীতি ও জনহয়রানি কমত। কিন্তু বাস্তবে ঘুষ, ফাইল আটকে অর্থ আদায়, অব্যবস্থাপনা ও সেবাগ্রহীতাদের হয়রানি অব্যাহত রয়েছে। সহজ হয়নি সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়াও। উদ্বেগের বিষয়, প্রায় এক দশক আগে দুদকের চিহ্নিত সমস্যাগুলোর অনেকই এখনও বিদ্যমান। সরকার ও কমিশনের নেতৃত্বে পরিবর্তন এলেও সরকারি সেবা খাতে দুর্নীতির চিত্র বদলায়নি। দুদকের সুপারিশ বাস্তবায়নের দায় কার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে কি না— এসব প্রশ্ন সামনে এসেছে। দুর্নীতির উৎস চিহ্নিত করেই দায়িত্ব শেষ করা যায় না; প্রয়োজন কার্যকর প্রতিকার। অন্যথায় সাধারণ মানুষকে ঘুষ ও হয়রানির শিকার হতেই হবে।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে দুদকের সুপারিশগুলো অনেক আগের। পটপরিবর্তনের পর চার মাস কমিশন না থাকায় বিষয়টি এগোয়নি। নতুন কমিশন এখন সুপারিশগুলো পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বাস্তবায়নের অগ্রগতি জানতে চাওয়া হবে। ঘাটতি থাকলে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা দুদকের অন্যতম প্রধান দায়িত্ব।
ঘুষ-দুর্নীতিতে জর্জরিত ২৫ সরকারি প্রতিষ্ঠান : দুদকের অনুসন্ধানে ব্যাপক ঘুষ, দুর্নীতি ও জনহয়রানির চিত্র উঠে আসে ২৫টি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কাস্টমস-ভ্যাট ও এক্সাইজ, আয়কর বিভাগ, ঢাকা ওয়াসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, বিআইডব্লিউটিএ, গণপূর্ত অধিদপ্তর, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, সমুদ্র ও স্থলবন্দর কর্তৃপক্ষ, ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, শিক্ষা অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুদক কর্মকর্তাদের মতে, স্বাস্থ্য, যোগাযোগ ও ভূমিসেবা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা, পাসপোর্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ঘুষের লেনদেন বেশি। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পেও দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে দুদকের ফাঁদ অভিযানে ঘুষসহ কর্মকর্তারা গ্রেপ্তার হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। টিআইবির খানা জরিপেও এসব প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কয়েকটি সরকারি সেবা খাতে দুর্নীতির চিত্র উঠে এসেছে।
টিআইবির জরিপেও ঘুষ-দুর্নীতির ভয়াবহ চিত্র : টিআইবির ২০২৫ সালের খানা জরিপে দেখা গেছে, সরকারি-বেসরকারি সেবা নিতে গিয়ে দেশের ৮১.৬ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। ২০২৩ সালে এ হার ছিল ৭০.৯ শতাংশ। সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবাগ্রহীতারা (৮৪.৪ শতাংশ)। এরপর বিআরটিএতে ৭৯.৩, বিচারসংশ্লিষ্ট সেবায় ৭১.৩, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৬৯.৪, ভূমিসেবায় ৬৬.৩ এবং সরকারি স্বাস্থ্য ও কৃষিসেবায় ৬৪.৪ শতাংশ।
জরিপে আরও দেখা গেছে, ৬৩.৬ শতাংশ খানা সেবা নিতে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত খানা প্রতি গড় ঘুষের পরিমাণ ছিল ৫ হাজার ১২৪ টাকা। এ সময়ে মোট ঘুষের প্রাক্কলিত পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা, যা জিডিপির ০.২৩ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে ঘুষের পরিমাণ বেড়েছে ১৫.৯ শতাংশ। এটি টিআইবির ১১তম খানা জরিপ। আগের ১০টি জরিপেও সরকারি সেবাপ্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির চিত্র উঠে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবিধান, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসডিজির ১৬.৫ লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্যভাবে কমানোর অঙ্গীকার রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও দুর্নীতিকে রাষ্ট্রের অন্যতম সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, সেবা খাতে ঘুষ ও দুর্নীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বড় বাধা। বিশেষ করে দরিদ্র, নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এর বোঝা সবচেয়ে বেশি বহন করতে হয়।