সরকারবিরোধী তৎপরতা
প্রতীকী ছবি।
প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত বেশ কিছু কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিয়োগ পাওয়া ২২ হাজার পুলিশ সদস্যকে। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব থেকে শুরু করে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সুপার (এসপি) পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। পর্যবেক্ষণের আওতায় রয়েছেন ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া আড়াই হাজার কর্মকর্তা।
সরকারের দায়িত্বশীল বিভিন্ন সূত্র জানাচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, প্রশাসনের বিভিন্ন পদে বহাল থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। সে কারণে এদের নজরদারির আওতায় আনা হয়েছে।
সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা
গোয়েন্দা সংস্থা ও মাঠ পর্যবেক্ষণে পাওয়া বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষক অসন্তোষ উস্কে দিয়ে সরকারকে বিব্রত করার অপচেষ্টা করা হয়েছে; যার সঙ্গে আমলাতন্ত্রের একটি অংশের সংযোগ থাকতে পারে। বিভিন্ন জেলায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও আন্দোলনের পেছনে প্রশাসনিক গাফিলতি, অসাধু ব্যবসায়ী চক্র কিংবা রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে গোয়েন্দাদের তথ্যানুসন্ধানেও উঠে এসেছে।
সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এসংক্রান্ত একটি প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান জোরদার করা হয়েছে। এরই মধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোনের কললিস্ট, যোগাযোগের ধরন এবং সামাজিক মাধ্যমে তাদের তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে। নজরদারির তালিকায় সচিব পর্যায়ের একজন কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রশাসনের আট লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কে কী করছেন, সে বিষয়ে প্রতিদিন গোয়েন্দা প্রতিবেদন আসছে। প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। সামাজিক মাধ্যমের তথ্যও যাচাই করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
নজরদারিতে সাবেক সরকারের কর্মকর্তারা
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০১৪, ২০১৮ ও ২০২৪) জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কর্মকাণ্ড বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে। ইতোমধ্যে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা কয়েকজন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এরপরও তাদের কেউ কেউ গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ পদে থাকা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ব্যক্তিরাও এ অনুসন্ধানের আওতায় রয়েছেন।
নজরদারিতে ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া আড়াই হাজার কর্মকর্তা
প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনার (ভূমি) পদাধিকারীরা। তবে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টিকে এককভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানা গেছে।
খোঁজা হচ্ছে অর্থের জোগানদাতাদের
সরকারের বিভিন্ন সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ কয়েকটি জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে কি না, পুলিশ প্রশাসনই বা কী ভূমিকা রাখছেÑ সেসব খতিয়ে দেখা হচ্ছে।
২২ হাজার পুলিশ সদস্য বিশেষ নজরদারিতে
এদিকে পুলিশ বাহিনীতে যতজন সদস্য আছেন, তার অর্ধেকেরও বেশি নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ শাসনামলে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমন সন্দেহে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য বর্তমানে বিশেষ নজরদারির আওতায় রয়েছেন। বিশেষ ৫টি জেলাসহ সারা দেশ থেকে নিয়োগ পাওয়া সদস্যদের অনেকেও নানা কারণে নজরদারিতে আছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে এই বাহিনীতে প্রায় ২ লাখ ১৩ হাজার সদস্য রয়েছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে প্রায় ১ লাখ ২০ হাজার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই সময়ে বাহিনীর সাংগঠনিক কাঠামোও সম্প্রসারিত হয় এবং ৮১ হাজার ৩২টি নতুন পদ সৃষ্টি করা হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে কতজন নজরদারিতে আছেন, সে তথ্য তার জানা নেই। তিনি জানান, বাহিনীর সদস্যদের মনিটর করা নিয়মিত কাজের অংশ। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২৭ আগস্ট জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য (এমপি) জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে জানান, ‘বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদে লোকজন নিয়োগ হয়েছে। সংশ্লিষ্ট জেলার বাসিন্দা না হয়েও অনেকে জেলা কোটার সুবিধা নিতে স্থায়ী ঠিকানা বদলেছেন। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জÑ এ রকম চার-পাঁচটি জেলা চিহ্নিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিগত সরকারের সময় পুলিশে দলীয় নিয়োগের বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে। তদন্তে কয়েকটি জেলায় অনিয়মের তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ হলে তথ্য প্রকাশ করা হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, বিশেষ নজরদারিতে থাকা প্রায় ২২ হাজার পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই)। বাকি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর এই নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় প্রশাসন ও পুলিশের রাজনৈতিক দল সংশ্লিষ্টতা সংক্রান্ত আলোচনা নতুন মাত্রা পেয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বা বিশেষ সুবিধা ভোগ করা কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে, যা পুলিশ বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকার এখন পর্যন্ত ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এবং বিভিন্ন পদমর্যাদার অন্তত ১০০ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব (ওএসডি) হিসেবে রেখেছে। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন পুলিশ সদস্য পলাতক রয়েছেন।
কঠোর অবস্থানের ইঙ্গিত সরকারের
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাউকে ওএসডি করা, দায়িত্ব থেকে প্রত্যাহার, বিভাগীয় তদন্ত কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে। তবে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জনবান্ধব করতে হলে শুধু নজরদারি বা বদলি যথেষ্ট নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ প্রক্রিয়ায় পদোন্নতি ও পদায়ন এবং কর্মকর্তাদের পেশাগত জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা।