× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ প্যাঁচে গতিহীন প্রগতি সরণি

সৌরভ হোসেন

প্রকাশ : ২৫ মিনিট আগে

আপডেট : ২৪ মিনিট আগে

প্রগতি সরণিতে ঢাকা ওয়াসা ও তিতাসের পাইপলাইন স্থাপন প্রকল্পের খোঁড়াখুঁড়ির পাশাপাশি গণপরিবহনের যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা, দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ, ফুটপাত ও সড়ক দখলের কারণে পুরো সড়কটির শ্বাস যেন বন্ধের উপক্রম হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রগতি সরণিতে ঢাকা ওয়াসা ও তিতাসের পাইপলাইন স্থাপন প্রকল্পের খোঁড়াখুঁড়ির পাশাপাশি গণপরিবহনের যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা, দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ, ফুটপাত ও সড়ক দখলের কারণে পুরো সড়কটির শ্বাস যেন বন্ধের উপক্রম হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাম প্রগতি সরণি, কিন্তু বাস্তবে নেই একবিন্দু গতি। রাজধানীর অন্যতম প্রধান ও ব্যস্ততম এই সরণি এখন নগরবাসীর চরম ভোগান্তি আর দীর্ঘশ্বাসের নাম। রামপুরা ব্রিজ থেকে বাড্ডা, শাহজাদপুর, নতুনবাজার হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক জুড়ে যানজট এখন নিত্যদিনের অসহনীয় বাস্তবতা। উন্নয়নের নামে চলমান দুটি প্রকল্পের দীর্ঘসূত্রতা এবং পরিবহন ও ট্র্যাফিক খাতের তিনটি ভয়াবহ অব্যবস্থাপনায় ‘হাঁটু ভাঙা দ’-এ রূপ নিয়েছে এ সড়ক। সাধারণ মানুষের লাখো মূল্যবান কর্মঘণ্টা গিলে খাচ্ছে সড়কটি।

সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা ওয়াসা ও তিতাসের পাইপলাইন স্থাপন প্রকল্পের খোঁড়াখুঁড়ির পাশাপাশি গণপরিবহনের যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা, দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ, ইউটার্নে বিশৃঙ্খলা এবং ফুটপাত ও সড়ক দখলের কারণে পুরো সড়কটির শ্বাস যেন বন্ধের উপক্রম হয়েছে।

ওয়াসা ও তিতাসের প্রকল্প গলার কাঁটা

প্রগতি সরণির এ অবস্থার পেছনে বড় কারণ সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীন উন্নয়ন কাজ। ঢাকা ওয়াসার ‘গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের’ আওতায় নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত বিশাল পাইপলাইন বসানোর জন্য খুঁড়ে রাখা হয়েছে বিস্তীর্ণ সড়ক। এর সঙ্গে যুক্ত হয়েছে তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের খননকাজ। পাশাপাশি মেট্রোরেল (এমআরটি লাইন-১)-এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্যও সড়কের অংশবিশেষ রাখা হয়েছে বন্ধ। ফলে কোথাও কোথাও ছয় লেনের প্রশস্ত সড়কের চারটি লেনই বন্ধ থাকায় মাত্র দুই লেন দিয়ে যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।

যাত্রী ওঠানামার অসুস্থ প্রতিযোগিতা ও দূরপাল্লার পরিবহনের চাপ 

রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর বেপরোয়া চলাচল এবং আগে যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতার কারণে পুরো সড়কই স্থবির হয়ে পড়ে। একটি বাস দাঁড়িয়ে যাত্রী তুলতে শুরু করলে পেছনের বাসটিও আড়াআড়িভাবে সামনে যাওয়ার চেষ্টা করে। কখনও পাশাপাশি দাঁড়িয়ে সড়ক আটকে যাত্রী ওঠায়।

রামপুরা ব্রিজ থেকে বাড্ডা ইউলুপ পর্যন্ত শনিবার সরেজমিন দেখা যায়, রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলো একে অপরকে পেছনে ফেলে আগে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত। যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একপর্যায়ে একটি ভিক্টর বাস রাইদা বাসকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভিক্টর বাসের যাত্রীরা চালকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে বাস দুটির চালক ও সহকারীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউই কথা বলতে রাজি হননি।

ভিক্টর বাসের যাত্রী মো. সাজিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একটি বাস যাত্রী তুলতে দাঁড়ালে অন্য বাসও সামনে যাওয়ার চেষ্টা করে। কখনও পাশাপাশি দাঁড়িয়ে যাত্রী তোলার প্রতিযোগিতা চলে। এতে সাধারণ যাত্রী, পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।’

রাইদা বাসের যাত্রী শাকিল মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব বাসের চালকরা সড়কে কোনো নিয়মশৃঙ্খলা মানেন না। সব সময় কে আগে যাবে, কে বেশি যাত্রী তুলবেÑ এ নিয়েই তাদের প্রতিযোগিতা। অথচ সাধারণ যাত্রীদের জীবনের নিরাপত্তার বিষয়টি তারা বিবেচনায় নেন না।’

ইউটার্নে বিশৃঙ্খলা, ফুটপাত ও সড়ক দখলে জটিল পরিস্থিতি

নিয়ম অনুযায়ী নির্ধারিত স্টপেজে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কথা। কিন্তু বাস্তবে সড়কের মাঝখানে, মোড়ের ওপর কিংবা অন্য বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী তোলার ঘটনা ঘটছে। এর পাশাপাশি বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক ও বাড্ডা এলাকার অপরিকল্পিত ইউটার্নগুলোতে গাড়ির জটলা, যত্রতত্র অবৈধ পার্কিং, ফুটপাত ও সড়ক দখল এবং মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ধীরগতির যানবাহনের চাপে যানজট ধারণ করছে তীব্র আকার। এ ছাড়া বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রায়ই সড়ক অবরোধের ঘটনা নগরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে।

প্রগতি সরণির যানজট ও পরিবহন বিশৃঙ্খলার বিষয়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রাইসুল হাকিম বলেন, ‘আমরা যানজট নিরসনে প্রতিনিয়ত কাজ করছি। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি, ট্রাক ও পিকআপসহ সব ধরনের যানবাহনকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। প্রয়োজনে যানবাহন ডাম্পিংও করা হচ্ছে।’

সমন্বয়হীনতা বন্ধের তাগিদ নগর বিশেষজ্ঞের

পরিস্থিতি উত্তরণে সংস্থাগুলোর সমন্বয় এবং কঠোর আইন প্রয়োগের তাগিদ দিয়েছেন নগর বিশেষজ্ঞ অধ্যাপক আদিল মাহমুদ খান। তিনি বলেন, ‘ঢাকায় সড়ক খননজনিত অব্যবস্থাপনা বন্ধে বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন জরুরি। সেবা সংস্থাগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে অনুমোদন নিতে এবং বার্ষিক খনন পরিকল্পনা জমা দিতে হয়। কিন্তু অনেক সংস্থা তা উপেক্ষা করে ইচ্ছামতো সড়ক খনন করছে। প্রকল্প অনুমোদনের সময় সংশ্লিষ্ট সংস্থার পরিকল্পনার সঙ্গে নগর মহাপরিকল্পনার সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা