মোশাররফ বাবলু
প্রকাশ : ১২ মিনিট আগে
প্রতীকী ছবি
রাজনৈতিক অঙ্গনের আলোচিত দুটি পক্ষ এক হয়েছে, নেপথ্যে অশুভ রাজনৈতিক মেরুকরণ ঘটছেÑ গত অক্টোবর মাস থেকেই এমন আলাপ-আলোচনা হচ্ছিল রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি নতুন এই মেরুকরণের আলোচনাকে একটি পরিণত পর্যায়ে নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন মিছিলে উচ্চারিত এক স্লোগানেই রাজনৈতিক অবস্থার পরিষ্কার চালচিত্র উঠে এসেছে। একদিকে বিএনপি ও এনসিপিকে টার্গেট করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চকিত স্লোগান, অন্যদিকে জামায়াতে ইসলামীর বিষয়ে পূর্ণ নীরবতাÑ এ থেকেই ইঙ্গিত মিলছে, দুই পক্ষ এক হয়েছে। এক হওয়া এই দুই পক্ষের একটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অপরটি জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
এর আগে গত অক্টোবর মাসেও রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কথা বলেছিলেন। ওই সময় শ্রমিক অসন্তোষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও বিরোধী দল জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে।... কাদের সাহায্যে করছে? এই যে একটা দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে, যারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে জনগণের কাছে; এই দুই পক্ষ এক হয়েছে।’ ওই জনসভায় তিনি এই ‘গুপ্তদের’ থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছিলেন।
গত রবিবার আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সেখানে বিএনপির অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও এনসিপির বিরুদ্ধে স্লোগান-মিছিল হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোনো স্লোগানই দেয়নি মিছিলকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই খবর এসেছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন; অবশ্য বিষয়টি ওই দলের নেতাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। সামগ্রিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়েও পর্যবেক্ষকদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। তারা মনে করছেন, আগামী দিনের রাজনীতি যে কোন দিকে যাবে, তা গোপালগঞ্জের স্লোগান থেকেই পরিষ্কার হয়ে গেছে।
রাজনীতির নতুন এই মেরুকরণ সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে সমাবেশ-মিছিল করেছে। তারা বিএনপি সরকারের কঠোর সমালোচনা করবেÑ এটাই স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করার বিষয়, তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্লোগান-মিছিল করেনি। আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও জামায়াতকে সমঝোতার রাজনীতি করতে দেখা গেছে। আর গণঅভ্যুত্থানের পর জামায়াত নেতারা তো বলেইছেন, আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। এখন জামায়াত সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তলে তলে তাদের সঙ্গে রাজনৈতিক সন্ধি করছে কি না, তা ভাবনার বিষয়। প্রধানমন্ত্রী নিজেও যেহেতু এ ব্যাপারে আগে ইঙ্গিত দিয়েছেন, সেহেতু অবশ্যই গোয়েন্দার মাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।’
এ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আওয়ামী লীগ এর আগে যে আন্দোলন করেছে, তাতে রাজনীতির অঙ্কের হিসাবে যুদ্ধাপরাধী জামায়াতের ইসলামী ও নতুন রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথা। কিন্তু গোপালগঞ্জের ঘটনা পত্রপত্রিকায় যেরকম দেখলাম, তা রহস্যজনক। সেখানে তারা জামায়াতের বিরুদ্ধে কোনো স্লোগানই দেয়নি। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার আন্দোলন করেছিল আওয়ামী লীগ। এবার গোপালগঞ্জ থেকেও তা শুরু করেছে। কিন্তু এ আন্দোলনে জামায়াতের বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না। অতীতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করেছিল। এখনও মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে, তারা হয়তো জামায়াতের সঙ্গে সন্ধি করেই সামনের দিকে এগোচ্ছে।’
এ ব্যাপারে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘লগি-বৈঠার আন্দোলন আবার শুরু হয়েছে। গোপালগঞ্জের ঘটনাকে হালকাভাবে দেখলে হবে না। বিএনপি সরকারকে সঠিক পদক্ষেপ নিয়ে সামনে এগোতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্যে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।’
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচিতে জামায়াতকে এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচিতে প্রতিপক্ষ নির্ধারণের ক্ষেত্রে স্লোগান ও বক্তব্যের বিশেষ গুরুত্ব থাকে। সে বিবেচনায় বিএনপি ও এনসিপিকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরবতা ও প্রকাশ্য অবস্থান, অন্যদিকে জামায়াতের বিরুদ্ধে নীরবতার বিষয়টি নতুন রাজনৈতিক সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, ধর্মীয় রাজনীতি ও যুদ্ধাপরাধ ইস্যুতে মৌলিক দূরত্ব থাকলেও অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ইস্যুভিত্তিক ঐক্য করে রাজপথে দীর্ঘ আন্দোলন করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের এই নিষিদ্ধাবস্থায় পায়ের তলায় মাটি পাওয়ার জন্যে জামায়াতে ইসলামীর দ্বারস্থ হওয়া আওয়ামী লীগের পক্ষে অস্বাভাবিক নয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষেও ভোট ব্যাংক বাড়াতে এবং আওয়ামী লীগের সঙ্গে নৈকট্য বাড়াতে এই গোপন ঐক্যের দিকে পা বাড়ানোও অস্বাভাবিক নয়। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতে উচ্চকিত স্লোগানের ধরন এই সত্যকে সামনে নিয়ে এসেছে। এক স্লোগানেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনীতি পরিষ্কার হয়ে উঠেছে রাজনীতি সচেতন নাগরিকদের কাছে। আগামী দিনের রাজনীতি এই মেরুকরণকে কেন্দ্র করেই আবর্তিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।