মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ : ১০ মিনিট আগে
টেকনাফে শুরু হয়েছে নতুন লবণ মৌসুমের প্রস্তুতি। লবণ উৎপাদনকে সামনে রেখে মাঠে নেমেছেন চাষিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে নতুন লবণ মৌসুমের প্রস্তুতি। লবণ উৎপাদনকে সামনে রেখে মাঠে নেমেছেন চাষিরা। কোথাও জমির মাটি সমান করা হচ্ছে, কোথাও মেরামত করা হচ্ছে বাঁধ।
পাশাপাশি লবণাক্ত পানি প্রবেশ ও নিষ্কাশনের জন্য তৈরি করা হচ্ছে নালা। পুরোদমে উৎপাদন শুরুর আগে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা।
চাষিরা জানান, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের লবণ চাষ করা হবে। লবণের নতুন মৌসুম শুরুর আগে দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় এ পরিমাণ লবণ আমদানির সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তারা।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন লবণচাষিরা। তাদের দাবি, দেশে লবণের কোনো ঘাটতি নেই। লোকসানের পর চাষিরা যখন কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেন, তখনই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিও নষ্ট হতে পারে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের পাঁচ মাসে কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে খাওয়ার লবণ সাড়ে ৭ লাখ টন, শিল্পে ব্যবহারের লবণ সাড়ে ৯ লাখ টন, মাছ চাষের ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতের ৩ লাখ ৬ হাজার টন। দেশে সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম।
মাঠ প্রস্তুত, চাষিরা অপেক্ষায়
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন। যেসব চিংড়িঘেরে এতদিন পানি ছিল, সেগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।
লবণচাষি মোহাম্মদ হাসানসহ কয়েকজন জানান, নভেম্বরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথমদিকে লবণ খুব বেশি হয় না। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে। ডিসেম্বরে মাঠে লবণের পরিমাণ বাড়তে থাকে।
সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া বলেন, গত মৌসুমে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০ টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় এখন প্রতি মণ প্রায় ৪০০-৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই। কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় লবণ আমদানি করা মানে আমাদের চাষিদের ওপর জুলুম করা। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।
বিসিক টেকনাফের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ২০২৫-২৬ লবণ মৌসুমে টেকনাফে লবণ উৎপাদন হয় ৪ হাজার ৫৫০ একর জমিতে। লবণ মৌসুম এখনও শুরু হয়নি। লবণ চাষিরা মাঠে নেমেছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যে লবণ উৎপাদন হবে।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, সংগঠন পরিচালনা করতে গেলে বৈষম্য করা যায় না। সংকটের ঝুঁকি এড়াতেই সরকার আমদানির অনুমতি দিয়েছে। তবে এখনও কোনো লবণ আমদানি করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বৃষ্টি সহনীয় মাত্রায় ছিল। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। লবণাক্ত জমিতে চাষাবাদ করা হচ্ছে। চলতি মৌসুমে লবণাক্ত জমিতে ধানের ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।